২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশি স্টার্টআপের বিদেশে বিনিয়োগের পথ খুলল

”ব্যাংকে আবেদন করে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার জন্য ওই পরিমাণ অর্থ পাঠাতে পারবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2025, 12:13 AM

Updated : 10 Sep 2026, 12:37 PM

দেশের স্টার্টআপ কোম্পানিগুলো এখন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিদেশেও বিনিয়োগ করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তে দেশি স্টার্টআপ কোম্পানির অন্য দেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হল।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলারে বলেছে, যেকোনো স্টার্টআপ কোম্পানি বিদেশে কোম্পানি গঠনের জন্য ১০ হাজার মার্কিন ডলার পাঠাতে পারবে।

এতে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭ এর অধীনে এ সুযোগ দেওয়া হয়েছে। একটি কোম্পানি ব্যাংকে আবেদন করে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার জন্য ওই পরিমাণ অর্থ পাঠাতে পারবে।

সাকুর্লার অনুযায়ী, ব্যক্তি পর্যায়ে বাংলাদেশি নাগরিকদেরকে একই পদ্ধতিতে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে আবেদনকারীদের উদ্ভাবনী ধারণা থাকতে হবে, যা বিদেশে ব্যবসা সম্প্রসারণসহ পরে বাংলাদেশে বিনিয়োগ ও আয় নিয়ে আসার সুযোগ সৃষ্টি করবে।

এতে বলা হয়, ছোট আকারের বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক স্থানীয় কোম্পানিগুলোকে তাদের নিজস্ব শেয়ার বা সিকিউরিটিজের সঙ্গে বিদেশি কোম্পানির শেয়ার ‘সোয়াপের’ মাধ্যমে বিদেশে বিনিয়োগ সুযোগ দিয়েছে।

”এ পদ্ধতিতে বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন হবে না। এ পদ্ধতিতে বিদেশে বিনিয়োগ প্রস্তাব বিবেচনার ক্ষেত্রে শেয়ার বা সিকিউরিটিজের সোয়াপ অনুপাত বিশ্বব্যাপী উত্তম চর্চার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে।”

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, নতুন এ বিধান দেশে বিনিয়োগের প্রবাহ বাড়াতে সহায়তা করবে, যা বিদেশে বিনিয়োগ হিসেবে পাঠানো অর্থের তুলনায় বেশি হবে।