১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার, লাপাত্তা গৃহকর্ত্রী

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার রেফাতুল ইসলাম জানিয়েছেন, গৃহকর্ত্রী সাথী ও তার মেয়ে শুক্রবার সকালে বাসা ছেড়ে চলে যান, এমন দৃশ্য দেখা গেছে ভবনের ক্লোস সার্কিট ক্যামেরায়।

রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার, লাপাত্তা গৃহকর্ত্রী

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 07:52 PM

Updated : 26 Aug 2023, 08:29 PM

রাজধানীর কলাবাগানের একটি ফ্ল্যাট থেকে ৮-৯ বছর বয়সী এক গৃহকর্মীর মরদেহ উদ্ধারের পর পুলিশ বলছে, হত্যার পর বাসার গৃহকর্ত্রী পালিয়ে গেছেন।

শনিবার দুপুরে কলাবাগান থানা পুলিশ ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করলেও সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হতে পারেনি।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার রেফাতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক তথ্যদাতার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেন্ট্রাল রোডের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

“বাড়ীর নম্বর দিয়ে সোর্স জানায়, ওই বাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছে। সেই সূত্রের ভিত্তিতে আমরা ভবনটির প্রতিটি ফ্লোর নক করি এবং ঘরে ঘরে ঢুকে কোনো সমস্যা আছে কিনা জানতে চাই। কিন্তু একটি ফ্ল্যাটে বারবার কলিং বেল বাজানো হলেও না খোলায় আমরা এক পর্যায়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ছোট ঘরের বিছানায় গৃহকর্মী শিশুটির মৃতদেহ পাই।”

শিশুটির মুখে ফেনা ছিল জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, “ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে।”

প্রায় তিন বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া সাথী নামের এক নারী তার ৩-৪ বছর বয়সী মেয়েকে নিয়ে এই ফ্ল্যাটে থাকতেন জানিয়ে তিনি বলেন, “ভবনের ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা গেছে, শুক্রবার সকাল ৯টায় সাথী তার মেয়েকে নিয়ে চলে গেছেন।”

শিশুটির পরিচয় জানতে এবং গৃহকর্ত্রীর খোঁজে পুলিশ মাঠে নেমেছে বলে জানান তিনি।