Published : 02 Oct 2025, 12:12 PM
বছর ঘুরে অন্নপূর্ণার আগমনে দেশের মন্দির-মণ্ডপে আনন্দের লহর বইছিল; দশমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা তাকে বিদায় জানাচ্ছেন অশ্রুজলে।
দশমীতে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকের বাদ্য, শঙ্খনাদ আর উলুধ্বনিতে পূজা মণ্ডপে চলছে দেবীর কাছে মঙ্গলকামনা।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯টার পর থেকে বিহিত পূজার মধ্য দিয়ে দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জন হয়। দুপুরে হয় সিঁদুর খেলা ও অন্যান্য আনুষ্ঠানিকতা।
আনন্দ উৎসবের এই লগ্ন বিকালে শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। ফের দেবীকে মর্ত্যের পৃথিবীতে আমন্ত্রণ জানাতে অপেক্ষা করতে হবে এক বছর।
বিজয়া দশমীর দিনটি ভক্তদের কাছে একদিকে যেমন উৎসবের, অন্যদিকে বেদনার।

ঢাকেশ্বরী মন্দিরে রাজরূপা চক্রবর্তী নামের এক ভক্ত বললেন, "এবার পূজা ভালো কেটেছে। আজকে তো একদিকে আনন্দ হচ্ছে, আবার মাকে বিদায় দেওয়ার বেদনাও আছে। সবার জন্য মঙ্গল কামনা করেছি।"
পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছে গজে, অর্থাৎ হাতির পিঠে চড়ে। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়। আর দশমীতে দেবী মর্ত্যলোক ছাড়বেন দোলায় চড়ে। দোলায় দেবীর গমন মহামারী বা মড়কের ইঙ্গিত দেয়।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাশ চট্টোপাধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “নবমীতে 'পূর্ণপূজা'র পর দশমীতে দেবী 'অপরাজিতা' হন।
"মায়ের সঙ্গে যুদ্ধে মহিষাসুর নিপাতিত হয়েছেন, তার মৃত্যু হয়েছে এবং মায়ের বিজয় হয়েছে বলে আজ শুভ বিজয়া।”
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে ‘পিতৃগৃহ’ থেকে পুত্র-কন্যা নিয়ে দুর্গা ফিরে যাবেন কৈলাসে তার ‘স্বামীর’ ঘরে। এক বছর পর নতুন শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে।
বিজয়া দশমীতে দেশের মন্দির, মণ্ডপে দশ উপচারে পূজা করা হয় এবং দর্পণে বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। এটাকে ‘মায়ের’ প্রতিবম্ব বিসর্জনও বলা যায়।
বিজয়ার সকালে স্বামীর মঙ্গল কামনা করে নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। সিঁদুর পরিহিত নারীরা কেবল এই খেলায় অংশ নিয়ে থাকেন। তারা আনন্দ করেন এবং মায়ের কাছ থেকে স্বামীর জন্য দীর্ঘায়ু কামনা করেন। সংসারের জন্য মঙ্গল কামনা করে থাকেন।
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন ‘কন্যারূপে’ ধরায় আসেন দশভূজা দেবী দুর্গা; বিসর্জনের মধ্য দিয়ে তাকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।
ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়া দশমীতে বিকেল ৩টায় শোভাযাত্রা বের হবে। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে এবারের শারদীয় দুর্গোৎসবের।
এবার ঢাকায় ২৫৯টি মণ্ডপে এবং সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গা পূজা হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত ২৮ সেপ্টেম্বর রোববার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। টানা পাঁচদিনের আনন্দ উৎসবের পর বৃহষ্পতিবার বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।