সাবেক সচিব আবু আলম শহীদ কারাগারে
‘মঞ্চ ৭১‘এর আলোচনা সভায় ‘মব’ হামলার শিকার আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, সেই একই মামলায় আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে।
টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানের পরিচিত মুখ, সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানকে ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসানের আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান এ আদেশ দেন।
আবু আলম শহীদ খানের আইনজীবী ওবায়দুল ইসলাম বলেন, “আবু আলম শহীদ খান ওকালকতনামায় স্বাক্ষর করেছেন। তবে তাকে কারাগারে পাঠানোর আদেশ হয়ে যাওয়ায় আমরা জামিন শুনানি করতে পারিনি। পরবর্তীতে জামিন আবেদন করে আমরা শুনানি করব।”
গত ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১‘এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আলোচনা সভায় ‘মব’ হামলার শিকার আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, সেই একই মামলায় রোববার রাতে আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, “আবু আলম শহীদ খান সেখানে (মঞ্চ ৭১ এর অনুষ্ঠানে) উপস্থিত ছিলেন। তখন তাকে গ্রেপ্তার করা যায়নি। সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তারের পর আজ তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”
মামলার অন্য আসামিরা হলেন- লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো.আব্দুল্লাহীল কাইয়ুম।
মামলার বিবরণীতে বলা হয়েছে, “মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত ৫ অগাস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। প্রস্তুতির অংশ হিসেবে গত ২৮ অগাস্ট সকাল ১০টায় একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়।
“সেগুনবাগিচায় বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠান শুরু হয়। এর মধ্যেই এক দল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়েন। একপর্যায়ে তারা অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে দেন। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজনকে লাঞ্ছিত করেন। হট্টগোলকারীরা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে অতিথিদের অনেককেই বের করে দেওয়া হলেও আব্দুল লতিফ সিদ্দিকী এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন এসআই আমিরুল ইসলাম। পরবর্তীতে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।”
ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন গিয়ে উপস্থিত লোকজনদের ঘেরাও করেন।
তারা আলোচনা অনুষ্ঠান থেকে অনেকেকে জোর করে তুলে দেয় এবং অনুষ্ঠানে যোগ দিতে আসা বয়স্ক মুক্তিযোদ্ধাদেরও মারধর করে।
২০-৩০ বছর বয়সী ওই হামলাকারীদের জামায়াত ও শিবিরপন্থি বলে সোশাল মিডিয়ায় চিহ্নিত করছেন অনেকে।
পুলিশ বলছে, আবু আলম শহীদ খানও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ‘সরকাবিরোধী ষড়যন্ত্রের’ সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৯৬ সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকার বিরোধী ‘জনতার মঞ্চের’ অন্যতম সংগঠক ছিলেন সাবেক আমলা আবু আলম শহীদ খান। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি শেখ হাসিনা উপ প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরলে শহীদ খানকে ওএসডি হয়ে থাকতে হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে পরপর চারটি পদোন্নতি দিয়ে তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়।
সে সময় তিনি অত্যন্ত প্রভাবশালী সচিব হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে তিনি ২০১৫ সালে অবসরে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র আবু আলম শহীদ খান সরকারি চাকরি থেকে অবসরের পর কিছুদিন যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও কাজ করেছেন।
অবসরের পরের বছরগুলোতে তাকে টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে নিয়মিত দেখা যেত রাজনৈতিক ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিশ্লেষকের ভূমিকায়। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক এই আমলা।
আরও পড়ুন
