হাসিনার দপ্তরের প্লট পাওয়া ১৫ চালকের ‘অসামান্য অবদান’ মেলেনি: দুদক
২০২৪ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক চিঠিতে রাজউক চেয়ারম্যানকে ১৫ গাড়িচালকের নামে প্লট বরাদ্দের নির্দেশ দেওয়া হয়, বলছে দুদক।
কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে শেখ হাসিনার দপ্তরের যে ১৫ গাড়ি চালক প্লট বরাদ্দ পেয়েছেন, তাদের কারো ‘অসামান্য অবদান’ পাওয়া যায়নি বলে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে।
রাজউকের ওই প্রকল্পে ‘রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান’ থাকার কথা বলে শতাধিক প্লট বরাদ্দ দেওয়া হয়।
সরকারি চাকরিজীবী, জনসেবা ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নামে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়। এর বাইরে শেখ হাসিনার আমলে তার দপ্তরে কর্মরত ১৫ গাড়িচালকের নামেও প্লট বরাদ্দ দিতে রাজউককে নির্দেশনা দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
অথচ সংশ্লিষ্ট ১৩/এ ধারা অনুযায়ী, শুধু চার শ্রেণির ব্যক্তিকে ‘অসামান্য অবদানের’ ভিত্তিতে এ প্লট বরাদ্দ দেওয়ার বিধান রয়েছে।
বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের এক অভিযানে এ তথ্য উঠে আসে।
বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।
কী বলছে দুদকের অনুসন্ধান?
আক্তার হোসেন বলছেন, বুধবার দুদকের এনফোর্সমেন্ট টিম রাজউকের ঝিলমিল প্রকল্পে প্লট বরাদ্দে নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালায়। অভিযানে তারা দেখতে পায়, ১৯৬৯ সালের ‘ভূমি বরাদ্দ বিধিমালার’ ১৩/এ ধারায় নির্ধারিত চার শ্রেণিতে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
রাজউকের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী একান্ত সচিব-১ ও ২, বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রটোকল অফিসার, চিফ ফটোগ্রাফারসহ প্রায় ১৫ জন গাড়ি চালককে তিন ও পাঁচ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দের পেছনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঠানো চিঠির ভিত্তিতে তৎকালীন রাজউক বোর্ড সিদ্ধান্ত নেয়।
আইন কী বলে?
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রাজউকের ভূমি বরাদ্দের বিধিমালা সংশোধন করে তিন শ্রেণির ব্যক্তিকে প্লট দেওয়ার বিধান রাখা হয়েছে।
এর মধ্যে রয়েছেন— যিনি বর্তমানে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী অথবা অতীতে ছিলেন; যিনি বর্তমান বা সাবেক সংসদ সদস্য; যিনি রাষ্ট্রের সেবা বা অন্য কোনো জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।
তৃতীয় শ্রেণির মধ্যে পেশাজীবী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সরাসরি পরিবার, সমাজসেবক ইত্যাদি রয়েছে। সরকার যাদের মূল্যায়নের মাধ্যমে সময় সময় নির্ধারণ করে, তারাও পড়েছে এ শ্রেণীতে।
বিধিতে বলা হয়েছে, বরাদ্দের জন্য আবেদন অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে আসতে হবে; বরাদ্দের জন্য সরকার থেকে সুপারিশ থাকতে হবে।
কিন্তু অভিযানে নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, শেখ হাসিনার দপ্তরের চালকদের ‘অসামান্য অবদান’ সম্পর্কিত কোনো ব্যাখ্যা, যোগ্যতা বা সরকারি মূল্যায়নের দলিল নেই। মনোনয়নপত্রেও এসব বিষয় ছিল না।
এছাড়া ঝিলমিল প্রকল্পের ১৩/এ ধারার বিশেষ বরাদ্দ তালিকায় পাওয়া গেছে—প্রায় ৪৫ জন ব্যবসায়ী, দুইজন বিদেশি নাগরিক, সরকারি কর্মকর্তা, পিএসসি সদস্য, নগর গণপূর্ত বিভাগের গাড়িচালক, সাংবাদিক, শিক্ষক, সাবেক প্রধানমন্ত্রীর স্টাফ, বেসরকারি চাকরিজীবী, কপিরাইটার, আইনজীবী, বিচারপতি ও সংসদ সদস্য।
দুদক বলছে,, ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমানের সই করা একটি চিঠিতে রাজউক চেয়ারম্যানকে শেখ হাসিনার দপ্তরে কর্মরত ১৫ জন গাড়িচালকের নামে প্লট বরাদ্দের নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, “প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মরত ১৫ গাড়িচালকের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ঝিলমিল আবাসিক প্রকল্পে প্রতি দুইজন আবেদনকারীর অনুকূলে একটি করে তিন কাঠা প্লট এবং তিনজনের অনুকূলে একটি করে পাঁচ কাঠা প্লট বরাদ্দের অনুমতি দিয়েছেন।”
যাদের প্লট বরাদ্দ দেওয়া হয়
ভিভিআইপি গাড়িচালক মো. সাইফুল ইসলাম, মো. সফিকুল ইসলাম, ভিভিআইপি অ্যাম্বুলেন্স চালক মো. নূরুল ইসলাম লিটন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের গাড়িচালক মো. রাজন মাদবর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের গাড়িচালক মো. মাহবুব হোসেন, একান্ত সচিব-১-এর গাড়িচালক মো. শাহীন, একান্ত সচিব-২-এর গাড়িচালক মো. মতিউর রহমান, সহকারী একান্ত সচিব-১-এর গাড়িচালক মো. নূর হোসেন বেপারী ও সহকারী একান্ত সচিব-২-এর গাড়িচালক মো. বোরহান উদ্দিন।
প্লট বরাদ্দ পেয়েছেন বিশেষ সহকারীর (মশিউর রহমান হুমায়ুন) গাড়িচালক মো. বেলাল হোসেন, চিফ ফটোগ্রাফারের গাড়িচালক মো. মিজানুর রহমান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১-এর গাড়িচালক মো. বাচ্চু হাওলাদার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১-এর নথিপত্র পরিবহনের দায়িত্বে নিয়োজিত গাড়িচালক মো. নুরুল আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর (ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া) গাড়িচালক মো. নুরনবী (ইমন) এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২-এর গাড়িচালক মো. শাহীন।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, “এসআরও শর্ত অনুযায়ী প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিরা মন্ত্রণালয়ে আবেদন করেন অথবা সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রণালয়ের পাঠানো মনোয়নপত্রেও মনোনীত ব্যক্তিদের কোনো ক্ষেত্রে ‘অসামান্য অবদান’ পাওয়া যায়নি। প্লট বরাদ্দ দেওয়ার যে নির্দেশনা দেওয়া হয়, সেখানে তা উল্লেখ ছিল না।”
