২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

৬৫ জনকে ইউনিয়ন ভূমি অফিসে নিয়োগের নির্দেশ

ভূমি মন্ত্রণালয় নিয়োগের অনুরোধ করার পরও পিএসসি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

৬৫ জনকে ইউনিয়ন ভূমি অফিসে নিয়োগের নির্দেশ
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 12:33 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

আট বছর আগের ৩৮তম বিসিএসে নন-ক্যাডার পদে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে ৬৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেতে‌ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছে হাই কোর্ট।‌ 

একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রোববার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ এ রায় দেয়।‌ 

রায়ের কপি হাতে পাওয়ার ৬০ দিনের মধ্যে এ রায় বাস্তবায়ন করতে বলা হয়। 

রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন বায়েজীদ হোসাইন, নাঈম সরদার (অয়ন) ও সোলায়মান তুষার।

রিট আবেদনের বরাতে সোলায়মান তুষার বলেন, ভূমি মন্ত্রণালয় থেকে সর্বশেষ ২০২২ সালের ২ নভেম্বর নন ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে ওই পদগুলোতে (১২তম গ্রেড) নিয়োগের অনুরোধ করার পরও পিএসসি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, ৩৮তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০১৭ সালের ২০ জুন প্রকাশিত হয়। ওই বিসিএসে মোট ৮ হাজার ৩৭৭ পরীক্ষার্থী প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। 

বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদে ক্যাডার সার্ভিসে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু পদ স্বল্পতার কারণে ৬ হাজার ১৩৭ জন প্রার্থীকে ক্যাডার পদের সুপারিশ করা সম্ভব হয়নি।

রিট আবেদনে বলা হয়, প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু পদ স্বল্পতার কারণে বঞ্চিত এসব নন ক্যাডার প্রার্থীদের পিএসসি সরকারি বিভিন্ন দপ্তরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে চাহিদার ভিত্তিতে সুপারিশ করে থাকে। 

“ভূমি মন্ত্রণালয় ২০২১ সালের ২৩ অগাস্ট ৩৮তম বিসিএস নন ক্যাডার থেকে ‘ভূমি উপসহকারী কর্মকর্তা (১২তম গ্রেড)’এর ১ হাজার ৩৭৫টি পদে সুপারিশের জন্য কর্ম কমিশনকে অনুরোধ জানায়। কিন্তু অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে ওই নিয়োগ বিলম্বিত হয়।”

তুষার বলেন, এরপর রিট আবেদনের শুনানি নিয়ে ২০২৩ সালের ১৬ অক্টোবর রুল জারি করে হাই কোর্ট। রুলে ৩৮তম বিসিএস নন-ক্যাডার পদে আবেদনকারীদের কেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে নিয়োগের সুপারিশের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চায়। চূড়ান্ত শুনানি শেষে রুল নিষ্পত্তি করে এই নির্দেশনা দেওয়া হল। 

আবেদনে বলা হয়, ‘নন ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০২৩, সংশোধিত ‘বিধিমালা ২০১৪’ এবং ‘বিধিমালা ২০১০’ অনুযায়ী ৩৮তম বিসিএস নন ক্যাডার সুপারিশের জন্য অপেক্ষমান প্রার্থীরা ওসব পদে নিয়োগ পেতে আইনগতভাবে উপযুক্ত।

রিটকারীর আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে পিএসসি আবেদনকারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে। আবেদনকারীরা আদালত থেকে ন্যায়বিচার পেয়েছেন।