Published : 11 Nov 2025, 08:27 PM
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নাশকতা প্রতিহত করতে’ ঢাকাবাসীর সহযোগিতা চেয়েছেন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ডিএমপির মিডিয়া সেন্টারে মঙ্গলবার বিকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এ দেশের জনগণ, ঢাকাবাসী অতীতে স্বৈরাচার পতনের জন্য যথেষ্ট ভূমিকা রাখে। জনগণই প্রতিরোধ সৃষ্টি করে। আজকে এ ধরনের নাশকতা যারা করছে, তাদের প্রতিহত করবে এই ঢাকাবাসী।
“ঢাকাবাসীর কাছে অনুরোধ, আপনারা আমাদের সাহায্য করুন, প্রতিরোধ সৃষ্টি করুন, আমরা সঙ্গে আছি।”
আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঘোষিত কর্মসূচি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই মন্তব্য করে পুলিশ কমিশনার বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ায় একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে। তবে যেকোনো ধরনের নাশকতা সামাল দেওয়ার সক্ষমতা আমাদের আছে, কারণ ঢাকাবাসী আমাদের সঙ্গে আছে।
“বিগত দিনে এই ঢাকাবাসীই স্বৈরশাসকের পতন ঘটিয়েছে। সব বাহিনীর সদস্যদের সমন্বয়ে যেকোনো নাশকতা প্রতিহত করা হবে।”
সোমবার উত্তরায় জসিমউদদীন রোডে এবং মৌচাকে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয় এবং এতে একজন পুলিশ সদস্য আহত হন বলে সংবাদ সম্মেলনে তথ্য দেন পুলিশ কমিশনার।
দুইদিনে ১৭টি ককটেল, নয়টি যানবাহনে আগুন দেওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, এসব ঘটনায় ১৭টি মামলা হয়েছে। ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরিচিত কাউকে আশ্রয় না দেওয়া এবং মেস, হোটেল, গেস্ট হাউজে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কাউকে ওঠানোর অনুরোধ করে বলেন, “কোনো আগন্তুককে সন্দেহজনকভাবে দেখলে থানায় অথবা ৯৯৯ ফোন করার অনুরোধ করছি।”
ঢাকা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে আছে দাবি করে তিনি বলেন, “তবে গত এক বছরে রাস্তার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সবচেয়ে বেশি ব্যস্ত ছিল ঢাকা মহানগর পুলিশ।”
হাই কোর্টে নিরাপত্তা জোরদার করা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, “হাই কোর্ট হচ্ছে বিচার পাওয়ার জায়গা, সেখানে মানুষ যাবেই। তবে আজকের যে অবস্থা ওই অবস্থা সেদিন (১৩ নভেম্বর) থাকবে না। আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব।”