২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ উপদেষ্টার

ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শন করেছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2025, 04:09 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর চারটি থানা (মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর) পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, “জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে।”

জাহাঙ্গীর আলম জানান, গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় বুধবার একজন এসআই ও একজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 তথ্যবিবরণী অনুযায়ী, উপদেষ্টা বারিধারা ডিওএইচএসের বাসা থেকে বের হয়ে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর-১০ হয়ে মিরপুর থানায় পৌঁছান।

 পরিদর্শন শেষে সেখান থেকে মিরপুর-১ হয়ে দারুসসালাম থানায় যান। দারুসসালাম থানা থেকে টেকনিক্যাল মোড়, শ্যামলী হয়ে আদাবর থানা, মোহাম্মদপুর থানা পরির্দশ করেন।

পথে জিল্লুর রহমান ফ্লাইওভার চেকপোস্ট ও কালশী মোড় চেকপোস্ট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া মিরপুর থানা মোড় ও টেকনিক্যাল মোড়ে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তাদের কাছে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান উপদেষ্টা।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।”

তিনি বলেন, “রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলোও ফাংশন করছে। যৌথবাহিনীর অপারেশনও ভালোভাবে চলছে।”

চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে। তবে অন্যান্য অভিযান চলমান থাকবে।”