২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবে র‌্যাব।

মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার
২০২৩ সালে পুলিশের হাতে গ্রেপ্তার জনি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 08:43 AM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ঢাকার মোহাম্মদপুরের ‘কুখ্যাত সন্ত্রাসী’ হিসেবে পরিচিত মনির হোসেন ওরফে ‘রক্তচোষা জনিকে’ দেশি অস্ত্রসহ গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে জনি ও তার গ্রুপ মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, মারধর, এলাকাভিত্তিক সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্রের মহড়া চালিয়ে আসছিল। জনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

শুক্রবার দুপুরে র‌্যাব-২ এর বসিলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

২০২৩ সালের সেপ্টেম্বরে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ ‘রক্তচোষা জনিকে’ গ্রেপ্তার করে পুলিশ।

তখন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে জনির বিরুদ্ধে ১৪টি মামলার তথ্য দিয়েছিলেন।

ক্ষমতার পালা বদলের পর মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি খুন-ছিনতাই ও চাঁদাবাজির ঘটনার পর আবারও জনির নাম আসে। দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়িয়ে অনুসারীদের দিয়ে এসব অপকর্ম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।