২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডেমরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেমরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; এখানেই মৃত্যু হয়েছে আহত ওই ব্যক্তির। ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 06:35 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

ঢাকার ডেমরায় সড়ক দুর্ঘটনায় এক নারী মারা গেছে।

রোববার ভোরে কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৫২ বছর বয়সী পারুল বেগম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লতরদি গ্রামের সাহেব আলীর স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকার ভাড়া বাসায় থাকতেন।

ডেমরা থানার এসআই আতিকুর রহমান বলেন, “রোববার ভোরে কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পারুল রাস্তায় পড়েছিলেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পারুলের ভাতিজা মেহেদী হাসান রিজভী বলেন, “তার মানসিক সমস্যা ছিল। মাঝেমধ্যে বাসা থেকে বের হয়ে যেতেন। গতকাল শনিবার দুপুরে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি।

“অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে না পেয়ে আজ সকালে ডেমরা থানা পুলিশের মাধ্যমে জানতে পারি অজ্ঞাত এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরে ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।”