১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

থানার সেবার মান বাড়াতে জোর আইজিপির

“বিভিন্ন সফলতার মাধ্যমে আমরা মানুষের আকাঙ্ক্ষা বৃদ্ধি করেছি। থানা থেকেও একইভাবে সেবা দিয়ে মানুষের পুলিশ সম্পর্কে যে ধারণা, আশা-আকাঙ্ক্ষা ভরসার জায়গা; পুলিশকে সেটা ধরে রাখতে হবে।”

থানার সেবার মান বাড়াতে জোর আইজিপির

রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 04:51 PM

Updated : 05 Jan 2023, 04:51 PM

সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে তাদের কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে থানার সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্র্যাউন্ডে আইজি ব্যাজ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, থানাকে সকল 'সার্ভিস ডেলিভারির কেন্দ্র' হিসেবে বিবেচনা করে, থানার সেবার গুণগত মান দিন দিন আরো বৃদ্ধি করতে হবে।

“বিভিন্ন সফলতার মাধ্যমে আমরা মানুষের আকাঙ্ক্ষা বৃদ্ধি করেছি। থানা থেকেও একইভাবে সেবা দিয়ে মানুষের পুলিশ সম্পর্কে যে ধারণা, আশা-আকাঙ্ক্ষা ভরসার জায়গা; পুলিশকে সেটা ধরে রাখতে হবে।”

পুলিশ প্রধান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে প্রধানমন্ত্রীর উদ্যোগের সঙ্গে পুলিশ বাহিনী আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।

“বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদক ও সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না। আমাদের বাহিনীর সদস্যরা প্রযুক্তি নির্ভর জনবান্ধব, সেবাবন্ধব, নারীবান্ধব ও শিশুবান্ধব কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে।”

পুলিশের পেশাগত উৎকর্ষ দিন দিন ‘বৃদ্ধি পাওয়ার’ দাবি করে আবদুল্লাহ আল-মামুন বলেন, “বাংলাদেশ পুলিশের নিয়োগ, পদায়ন ও পদোন্নতির স্বচ্ছতা আজ সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। সমাজের সকল শ্রেণির মানুষ ও সকল সংস্থা এবং সংগঠন আমাদের কার্যক্রমের প্রশংসা করেছে। আমি সকলের প্রতি আহ্বান জানাবো সর্বক্ষেত্রে আমাদের এই স্বচ্ছতা অব্যাহত রাখতে হবে।”

মাদক ও দুর্নীতিকে দেশের জন্য ‘নীরব ঘাতক’ হিসেবে বর্ণনা করে আইজিপি বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে। আমি আশা রাখি আমাদের সকল পুলিশ সদস্যরা প্রধানমন্ত্রী নির্দেশনা মূলক বক্তব্য শ্রবণ করেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে উজ্জীবিত হয়ে তাদের দায়িত্ব পালন করবেন।

“বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ দমনে যে বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে, মাদকের ভয়াবহতা প্রতিরোধ করতে আমাদের সেই সাফল্য অর্জন করতে হবে।”

আইজিপি বলেন, “মাদক উদ্ধারের চিত্রে দেখা যায়, আমরা প্রতি মাসে আগের মাসকে ডিঙিয়ে যাচ্ছি, প্রতিবছর মাদক উদ্ধারের টার্গেটকে আগের বছরের থেকে ডিঙিয়ে যাচ্ছি। বাংলাদেশ পুলিশ যেভাবে অস্ত্র মাদক ও সন্ত্রাস নির্মূলে যে বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে একইভাবে সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দায়িত্ব পালন করার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ।”