২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চা শিল্পের সংকট নিরসনে কমিটি গঠনের নির্দেশনা প্রধানমন্ত্রীর

বৈঠকে বাগান মালিকরা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও অর্থায়নের সংকটসহ নানা বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

চা শিল্পের সংকট নিরসনে কমিটি গঠনের নির্দেশনা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 05:41 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

দেশের চা শিল্পের সংকট নিরসনে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সচিবালয়ে এক সভায় তিনি এ নির্দেশনা দেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন। 

দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা হয়। 

বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে হাসান শিপলু বলেন, “চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও শিল্পের দীর্ঘদিনের সমস্যাগুলো কীভাবে কী করা যায়, সেজন্য প্রধানমন্ত্রী এ বৈঠক করেছেন। তিনি সমস্যাগুলো শুনেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

“বৈঠকে চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প-সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”

বৈঠকে দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে কিছু দাবি ও প্রস্তাবও সামনে আনেন তারা।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে হাসান শিপলু বলেন, “বাংলাদেশের চা শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে।”

চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ দেওয়া, চা বাগানে চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়া এবং এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জানান উপ প্রেস সচিব।

বৈঠকে অন্যদের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।