২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী তাজুল ইসলামের ব্যাংক হিসাব অবরুদ্ধ

এরইমধ্যে তার বিরুদ্ধে কুমিল্লা বিএনপির এক নেতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

সাবেক মন্ত্রী তাজুল ইসলামের ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2024, 08:15 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলামের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের গোয়েন্দা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বেসরকারি একটি ব্যাংকের একজন কর্মকর্তা বলেছেন, ৩০ দিনের জন্য তাজুল ইসলামের সব হিসাব স্থগিত রাখার নির্দেশনার চিঠি তারা পেয়েছেন।

এ সংক্রান্ত বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, “উল্লিখিত ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত থাকবে।

“এছাড়া তাদের নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহারও ৩০ দিনের জন্য বন্ধ থাকবে।”

ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নানা অভিযোগে মামলা দায়েরের পাশাপাশি গ্রেপ্তারের খবর আসছে।

সরকার পতনের পর থেকে গত কয়েকদিনে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যসহ প্রভাবশালীদের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

এবার ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হল সাবেক মন্ত্রী তাজুলের, যাকে সরকার পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি।

এরইমধ্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য তাজুলকে হুকুমের আসামি করে গত ২৭ অগাস্ট লাকসাম উপজেলা বিএনপির এক নেতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

কুমিল্লায় সাবেক মন্ত্রী তাজুলসহ ১০৫ জনের বিরুদ্ধে মামলা