১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

রিয়াদ বিমানবন্দরে হামলা: বাংলাদেশের ধর্মমন্ত্রীর ক্ষোভ

সৌদি আরবের ওপর যে কোনো ধরনের হামলা ‘মুসলিম বিশ্ব কখনোই মেনে নেবে না’ বলে মন্তব্য করেন তিনি।

রিয়াদ বিমানবন্দরে হামলা: বাংলাদেশের ধর্মমন্ত্রীর ক্ষোভ

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 08:13 PM

Updated : 11 Oct 2026, 08:13 PM

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত ওমরাহ কাফেলার দায়িত্বে থাকা মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলেছেন ধর্মমন্ত্রী।

সে সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তাদের চিকিৎসা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

শনিবারের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন।

শনিবারের ওই হামলায় এখন পর্যন্ত দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা তিন শতাধিক।

ধর্মমন্ত্রী বলেন, “সৌদি আরব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও আবেগের স্থান। এদেশেই অবস্থিত পবিত্র কাবা শরিফ আল্লাহর ঘর এবং মদিনা মুনাওয়ারায় রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক। সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা সমগ্র মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সৌদি আরবের ওপর যে কোনো ধরনের হামলা ‘মুসলিম বিশ্ব কখনোই মেনে নেবে না’ বলে মন্তব্য করেন তিনি।

এ ধরনের হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর পাশাপাশি সহিংসতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, “পবিত্র ভূমিতে আগত আল্লাহর মেহমানদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরীহ মানুষ ও ওমরাহযাত্রীদের জীবন বিপন্ন করে এমন কোনো সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী।

তিনি বলেন, “সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও ওমরাহযাত্রীদের নিরাপত্তা, চিকিৎসা, আবাসন এবং নির্বিঘ্নে পবিত্র মক্কা ও মদিনায় যাতায়াত নিশ্চিত করার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।

“যাতে কোনো বাংলাদেশি নাগরিক অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার না হন এবং সবাই নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।”

উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে ওমরাহযাত্রীদের চিকিৎসা, নিরাপদ আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ‘যে কোনো প্রয়োজনে’ সৌদি আরব সরকার ও জনগণের পাশে থাকবে।

এদিকে, সৌদি আরবে হামলার ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদিগামী অন্তত সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।