অসহযোগ: মিরপুরে ত্রিমুখী সংঘর্ষ, সড়কে সেনা ও আন্দোলনকারীরা
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়তে দেখা গেছে।
সরকার পতনের দাবিতে ঢাকার মিরপুর-১০ নম্বরে আন্দোলনে নামা লোকজনের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘষ হয়েছে।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ওবায়দুর মাসুম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়তে দেখা গেছে।
রোববার বেলা সাড়ে ১২টার পর আন্দোলনকারীরা মিরপুর-১৪ নম্বর থেকে মিরপুর-১০ এর দিকে এগোলে মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এরপর বেলা ১টার দিকে মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। বেলা আড়াইটার দিকে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বেলা সাড়ে ৩টায় সেনা সদস্যদের দেখে শিক্ষার্থীরা মিরপুর-১০ নম্বরের দিকে এগোতে থাকে। ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধলে তারা সেনা সদস্যদের পেছনে অবস্থান নেয়।
এক পর্যায়ে আন্দোলনকারীরা সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। সেনাবাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।
১০ নম্বর গোলচত্বরে সেনা সদস্যদের পাশাপাশি তাদের বেশ কিছু গাড়ি দেখা গেছে।
মিরপুর-১০ নম্বর গোলচত্বর ঘিরে মিরপুর-১২, মিরপুর-১৩ নম্বর ও কাজিপাড়ার দিকের সড়কে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে।
তারা ‘ভুয়া ভুয়া’, খুনি সরকারের পতন চাই’ স্লোগান দিতে থাকেন।
এক পর্যায়ে পুলিশ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এলাকাটি ছেড়ে যায়।
মিরপুরের হোপের গলিতে গিয়ে দেখা যায়, পায়ে রাবার বুলেটে আহত একজন শিক্ষার্থী ফুটপাতে বসে আছেন। তাকে শুশ্রুষা করছেন তার সহপাঠীরা।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক হামিমুর রহমান ওয়ালিউল্লাহ বলেছেন, মিরপুরের অরিজিনাল-১০ নম্বর থেকে আন্দোলনকারীরা ১০ নম্বর গোলচত্বরের দিকে এগোনোর চেষ্টা করলে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে মিরপুরের ইসিবি চত্বরে সড়ক অবরোধ করে দিয়েছে আন্দোলনকারীরা।
বেলা সাড়ে ১১টার দিকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইসিবি চত্বরে অবস্থান নেন।
গাছের ডাল, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মিরপুর থেকে ইসিবি চত্বর হয়ে বনানী, বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
কারও জরুরি প্রয়োজন হলে তাকে ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও অংশ নিয়েছেন আন্দোলনে। সেখানে ছাত্র হত্যার বিচার এবং সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান দেওয়া হচ্ছে।
সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঠেকাতে রোববার সকাল ১০টা থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিতে দেখা যায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের।
