নওগাঁ বারের সভাপতি-সম্পাদককে হাই কোর্টে তলব
তাদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে জেলা জজ ও জেলা প্রশাসককে।
চুরির এক মামলায় আসামিপক্ষে আইনজীবী সহায়তা না দেওয়ার ঘটনায় নওগাঁ আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে তলব করেছে হাই কোর্ট।
আগামী ৩০ অগাস্ট সকাল ১০টায় হাই কোর্টে হাজির হয়ে তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ এ আদেশ দেয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, নওগাঁর আদালত থেকে এই মামলাটি পাশের জেলার আদালতে বদলির আবেদনের শুনানির পর আদালত এ আদেশ দেন।
“নওগাঁ বারের এক আইনজীবীর বাসায় চুরির মামলায় দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী না দাঁড়ানোয় বিচারিক হাকিম আদেশ দিয়ে (প্রসিকিউশন ওয়ারেন্ট) এক আসামিকে আদালতে হাজির করিয়ে তার মুখ থেকে শুনে জামিন দেন।”
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানিক জানান, আসামিকে জামিন দেওয়ায় নওগাঁ আইনজীবী সমিতি ‘রেজ্যুলেশন’ করে সেই বিচারিক হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা জজকে বারের সিদ্ধান্তের কথা জানায়। এ কারণে আসামি মামলা বদলির আবেদন করেন।
মানিক জানান, ৩০ অগাস্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে নওগাঁ জেলা জজ ও জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে হাই কোর্ট। ওই দিন শুনানির সময় অ্যাটর্নি জেনারেলকেও থাকতে বলেছে আদালত।
