আছে স্ত্রী-সন্তান, তবুও তারা ‘হিজড়া সেজে’ করেন চাঁদাবাজি
ওসি মহসিন বলেন, জনৈক পাপ্পু হিজড়া গ্রেপ্তারদের ‘গুরুমাতা’। পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রতিজনকে প্রতিদিন ৬০০ টাকা করে দিতে হয়।
রাজধানীর মিরপুর থেকে চাঁদাবাজির অভিযোগে আটজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, তারা হিজড়া সেজে চাঁদাবাজি করছিলেন, যদিও তাদের মধ্যে কয়েকজনের স্ত্রী-সন্তানও রয়েছে।
মিরপুর মডেল থানার ওসি মো. মহসিন জানান, শনিবার দুপুরে মিরপুরের টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই পুরুষ, কিন্তু তারা হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন।
গ্রেপ্তাররা হলেন- মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজড়া (২০), মো. বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) এবং মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)।
ওসি মহসিন বলেন, “জনৈক পাপ্পু হিজড়া গ্রেপ্তারদের ‘গুরুমাতা’। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রতিজনকে প্রতিদিন ৬০০ টাকা করে দিতে হয়। গ্রেপ্তারদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পাবনা ও ময়মনসিংহে। তাদের কয়েকজন বিবাহিত এবং সন্তানও আছে।”
ওসি জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করেন তারা।
“তাওহিদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেয়। পরে তাওহিদ ৯৯৯ এ ফোন করলে মিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।”
