Published : 04 Aug 2026, 05:49 PM
দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন সফররত সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আবদুল করিম আল-খুরাইজি।
মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে এক ব্রিফিংয়ে বৈঠকে আলোচনার নানা দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ এবং সৌদিতে দক্ষ শ্রমিক নিয়োগসহ বিভিন্ন বিষয় উঠে আসার কথা বলে তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “এখানে মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি এ ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে, সেই দক্ষতা কাজে লাগিয়ে এখানে বিনিয়োগ করতে আগ্রহী। সেটা নিয়ে আলোচনা হয়েছে।”
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের বহু নাগরিক সেখানে থাকে। যুদ্ধের সময় আমাদের তিনজন নাগরিক নিহত হয়েছেন।
“উনারা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। তাদের মরদেহ ফেরত আনতে সহায়তার জন্য তাদেরকে ধন্যবাদ দিয়েছি। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে তারা। সেটা নিয়ে আলোচনা হয়েছে।”
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের পারস্পরিক আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে।
প্রধানমন্ত্রী কবে যাবেন, এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “অবশ্যই উনার আগ্রহ আছে। একটা উপযুক্ত সময়ে দুই দেশের আলোচনার ভিত্তিতে সেই সফর হবে ইনশাআল্লাহ।”
সৌদি আরবে থাকা অনিবন্ধিত রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, রিয়াদ ও জেদ্দার বাংলাদেশ মিশন এটা নিয়ে কাজ করছে, এ কাজ চলমান আছে। এক্ষেত্রে দুদেশর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট সংক্রান্ত কারিগরি দল কাজ করে থাকে।
“এটা একটা সেটেলড ইস্যু। এটা আমাদের সৌদি আরবের মিশন সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবে।”
শামা ওবায়েদ বলেন, খুব শিগগির বিনিয়োগ নিয়ে সৌদি আরবে দুদেশের একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের তরফে বিডার নির্বাহী চেয়ারম্যান সেখানে যাবেন।
এছাড়া ঢাকায় দুদেশের রাজনৈতিক সংলাপ এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শিগগির হওয়ার কথাও বলেছেন তিনি।