০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মোহাম্মদপুরে ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার

“বিল্লালের নেতৃত্বে কিশোর গ্যাং গ্রুপটি ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও দখল বাণিজ্য করে আসছিল।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 04:11 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

ঢাকার মোহাম্মদপুর এলাকার ‘কিশোর গ্যাং নেতা’ বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লালকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

রোববার রাত ২টার দিকে শ্যামলী হাউজিংয়ের ৩ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানিয়েছেন।

তিনি বলেন, “বিল্লালের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এরমধ্যে মোহাম্মদপুর ও আদাবরে ৫টি মামলার পরোয়ানাভুক্ত আসামি।”

তার নেতৃত্বে আদাবরে ৮ থেকে ১০ জনের একটা কিশোর গ্যাং গ্রুপ ‘ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও দখল বাণিজ্য’ করে আসছিল বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিল্লালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ বলছে, সম্প্রতি মোহাম্মদপুরে একজনকে অস্ত্রের মুখে ৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওই ছিনতাইটি বিল্লালসহ ৬-৭ জন করেছে বলে স্বীকার করেছে।

ছিনতাইয়ের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামের বাড়ি মানিকগঞ্জে আত্মগোপনে যায় বিল্লাল। রোববার ঢাকায় ফিরলে পুলিশের হাতে গ্রেপ্তার হয়।

এখন পর্যন্ত মোট ৬ বার গ্রেপ্তার হয়ে জেলে যাওয়া বিল্লাল মাস তিনেক আগে সবশেষ জামিনে ছাড়া পায়।

বিল্লাল এখন পর্যন্ত ছিনতাইয়ের সময় ৬ থেকে ৭ জনকে কোপানোর কথা স্বীকার করেছে বলে পুলিশের ভাষ্য।