দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত সব সংস্থার সংশ্লিষ্ট সদস্য ও স্বেচ্ছাসেবীদের বিশেষায়িত প্রশিক্ষণও এ ইনস্টিটিউটের মাধ্যমে পরিচালিত হবে।
গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার দুপুর ২টায় গাজীপুরের ধরপাড়ার সাতাইশ চৌরাস্তায় এই ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। এই সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ও সচিব সাইদুর রহমান খানসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তি প্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গনে পুকুরে মাছের পোনা ছাড়েন এবং একটি বৃক্ষরোপন করেন।
সাতাই চৌরাস্তার ধরপাড়া এলাকায় প্রায় ৮ একর জমির ওপরে এই ইনস্টিটিউট নির্মিত হবে। এখানে প্রশাসনিক ভবন, প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক ভবনও থাকবে।
ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুকিঁ হ্রাসে জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন ধরণের দুর্যোগের ওপর গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিসহ জনগণের দুর্যোগ লাঘব করার আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে এ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত সব সংস্থার সংশ্লিষ্ট সদস্য ও স্বেচ্ছাসেবীদের বিশেষায়িত প্রশিক্ষণও এ ইনস্টিটিউটের মাধ্যমে পরিচালিত হবে বলেও জানিয়েছেন তিনি।
এই ইনস্টিটিউট দক্ষিণ এশিয়া ও ‘বিশ্বের অন্যতম’ দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে আশা প্রকাশ করেন ত্রাণমন্ত্রী।
