১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি ২৮টি শিল্প প্রতিষ্ঠান লোকসানে: মন্ত্রী

চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশেনের ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫টিই লোকসানে।

সরকারি ২৮টি শিল্প প্রতিষ্ঠান লোকসানে: মন্ত্রী
সংসদ অধিবেশন। পিআইডির ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 05:45 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

বিভিন্ন ধরনের ২৮টি সরকারি শিল্প প্রতিষ্ঠান লোকসানে রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। 

মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) অধীনে চালু ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪টি লোকসানি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো হল এটলাস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড, ইস্টার্ন টিউসব লিমিটেড ও ন্যাশনাল টিউসব লিমিটেড। 

আর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশেনের (বিএসএফআইসি) ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫টিই লোকসানে পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ২০১৮ সালের পর থেকে সরকার এ খাতে কোনো ভর্তুকি দিচ্ছে না।

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি আবদুল কাদের আজাদের প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরের হিসাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ৯টি লোকসানি প্রতিষ্ঠান রয়েছে। 

“ইউরিয়া সার কারখানা সমূহের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাসের অপ্রতুলতায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় কারখানাগুলো লোকসানে আছে। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান টিএসপিসিএল ও ডিএপিএফসিএল ভর্তুকির আওতায় পরিচালিত। অন্যান্য প্রতিষ্ঠানের জন্য ভর্তুকি পাওয়া যায় না। ২০২২-২৩ অর্থবছরে প্রতিষ্ঠান দুটো ১ হাজার ৭৭৭ কোটি ৩৩ লাখ টাকা ভর্তুকি পেয়েছে।”