১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধনের সেই নির্দেশনা বাতিল

প্রোটোকল পর্যালোচনায় দুই উপদেষ্টাকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 08:44 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়কালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধনের যে নির্দেশনা ছিল তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ।

একই সঙ্গে প্রোটোকল সংক্রান্ত নির্দেশনা ও সম্মানসূচক সম্বোধনের নীতিমালা পর্যালোচনার জন্য দুই উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুই বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, “প্রায় ১৬ বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ বলে সম্বোধনের যে নির্দেশনা চালু রেখেছিলেন তা উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই ‘স্যার’ সম্বোধনের প্রথা শুধু শেখ হাসিনার ক্ষেত্রেই নয়, অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তার ক্ষেত্রে এখনও বিদ্যমান; যা দৃষ্টিকটু।”

একই বৈঠকে মন্ত্রিপরিষদের আগের জারি করা অন্যান্য জটিল ও অপ্রাসঙ্গিক প্রোটোকল নির্দেশনাগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার পর পর্যালোচনায় কমিটি করার সিদ্ধান্ত হয়। 

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

তাদের এক মাসের মধ্যে প্রটোকল নির্দেশনা ও সম্মানসূচক উপাধি পর্যালোচনা করে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য উপযুক্ত সংশোধনী প্রস্তাব দেওয়ার জন্য বলা হয়েছে।