আধুনিক বাংলাদেশ গড়ার কাজে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও: স্বরাষ্ট্রমন্ত্রী
“যারা অগ্নিকাণ্ড ঘটাচ্ছে এবং দেশকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে, তাদের এটা নতুন কিছু নয়,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আধুনিক বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা শেখ হাসিনার নতুন সরকার নিয়েছে, তা বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাবে বলে জানিয়েছেন টানা তৃতীয়বারের মত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া আসাদুজ্জামান খান কামাল।
ভোটে জিতে আওয়ামী লীগ টানা চতুর্থবার সরকার গঠনের পর রোববার প্রথমবারের মত দপ্তরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয়ের ফটকে একদল পুলিশ সদস্য তাকে হাউজ গার্ড দেয়। আসাদুজ্জামান খান কামাল পরে সাংবাদিকদের মুখোমুখি হন।
নতুন কোনো পরিকল্পনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর একটি পথ নির্দেশনা দিয়েছেন আধুনিক এবং স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য। সেগুলোর জন্যই আমরা পরিকল্পনা নেব এবং সে অনুযায়ী কাজ করব।"
প্রধানমন্ত্রী সব দপ্তরের মন্ত্রীদেরই নির্দেশনা দিয়েছেন জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, "আইশৃঙ্খলার জন্যই আমাদের মন্ত্রণালয়কে কাজ করতে হয়। আমাদের কিছু কিছু চ্যালেঞ্জ চলে আসে। স্ট্রাইক, অনিয়ম, ডিজাস্টার সব কিছু নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে থাকে। নতুন চ্যালেঞ্জ সব সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেইস করে থাকে।"
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সব বাহিনীকে আরো যুগোপযোগী এবং দক্ষ করে তোলার পরিকল্পনার কথাও বলেন মন্ত্রী।
নির্বাচনের আগে বিএনপির হরতাল-অবরোধের মধ্যে নাশকতা ও সহিংসতা নিয়েও প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
তিনি বলেন, “যারা অগ্নিকাণ্ড ঘটাচ্ছে এবং দেশকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে, তাদের এটা নতুন কিছু নয়। তারা ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে করেছে, প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা চালিয়েছে।
“সেই গোষ্ঠী আবারও এরকম করার পাঁয়তারা করছে। এরইমধ্যে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে আমাদের জনগণ কোনো দিন জঙ্গিবাদ বা টেরোরিজম পছন্দ করে না। আমাদের নিরাপত্তা বাহিনী অনেক দক্ষ, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।"
নতুন মেয়াদের প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের সম্মলন কক্ষে বিভিন্ন বাহিনীর প্রধান এবং কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী। গত পাঁচ বছরে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সেখানে বিস্তারিত তুলে ধরা হয়।
