‘এই তোমরা কেমন আছো, লেখাপড়া করছো তো’, সেই কথা সংসদে ফের বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের নকল, প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির বিষয়ে সতর্ক করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার যে কথা কথা ছড়িয়ে পড়েছে, সেটি জাতীয় সংসদে আবার বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হাস্যরসের সুরে তিনি বলেন, “এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো?”
সম্প্রতি শিক্ষামন্ত্রীর এ ধরনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি শিক্ষার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
বক্তব্যের শেষ দিকে তিনি শিক্ষার্থীদের নকল, প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির বিষয়ে সতর্ক করেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, “আমি অতি আদরের সোনামনিদের জন্য বলব, তাদের উদ্দেশে বলব, ‘এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো?’ লেখাপড়া করতেই হবে। নকল, প্রশ্নফাঁস, জালিয়াতি কোন কিছুই আর চলবে না।”
শিক্ষামন্ত্রীর এ কথায় অধিবেশন কক্ষে উপস্থিত কয়েকজন সংসদ সদস্যকে হাসতে দেখা যায়।
