১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএসসিতে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে মেয়েরা

গত ছয় বছর ধরেই মাধ্যমিকে পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 02:07 PM

Updated : 28 Jul 2023, 02:49 PM

পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে এবছরও এগিয়ে রয়েছে ছাত্রীরা। 

চলতি বছর ৮১ দশমিক ৮৮ শতাংশ ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করেছে, যেখানে ছাত্রদের পাসের হার ৭৮ দশমিক ৮৭ শতাংশ। 

পূর্ণাঙ্গ জিপিএ, অর্থাৎ পাঁচে পাঁচ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরা এগিয়ে রয়েছে বড় ব্যবধানে। 

জিপিএ-৫ পাওয়া ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থীর মধ্যে ৮৪ হাজার ৯৬৪ জন ছাত্র; আর ৯৮ হাজার ৬১৪ জন ছাত্রী। 

সেই হিসেবে ১৩ হাজার ৬৫০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। 

গতবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।

গত ছয় বছর ধরেই মাধ্যমিকে পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ২০২২ সালে ৮৭ দশমিক ৭১ শতাংশ ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করে, যেখানে ছাত্রদের পাসের হার ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ। 

গতবার জিপিএ-৫ পাওয়া ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ২১ জন ১৫৬ জন ছিল ছাত্র; আর ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন ছিল ছাত্রী। 

শিক্ষামন্ত্রী দীপু মনি শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন, পাস করেছে ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন। অন্যদিকে ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন ছাত্রীর মধ্যে ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন উত্তীর্ণ হয়েছে। 

চলতি বছর ৯টি সাধারণ বোর্ডে বিজ্ঞান বিভাগে ৯৩ দশমিক ৪৪ শতাংশ ছাত্র ও ৯৪ দশমিক ৭২ শতাংশ ছাত্রী পাস করেছে। 

মানবিকে ৬৭ দশমিক ৫৮ শতাংশ ছাত্র ও ৭৪ দশমিক ৭২ শতাংশ ছাত্রী এবং ব্যবসায় শিক্ষায় ৭৯ দশমিক ৭৯ শতাংশ ছাত্র ও ৮৫ দশমিক ৩২ শতাংশ ছাত্রী উত্তীর্ণ হয়েছে।