১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ রিমান্ডে

ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 10:20 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার মধ্যে যুবদল নেতা শামীম মোল্লাকে হত্যার অভিযোগ করা মামলায় ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার মো. শহিদুল্লাহকে পাঁচদিন রিমান্ডে পেয়েছে পুলিশ।

রাজধানীর পল্টন মডেল থানায় করা এ মামলায় শহিদুল্লাহকে রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এ তথ্য দিয়ে আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনোজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদিন সন্ধ্যা ৬টার পর শহিদুল্লাহকে আদালতে হাজির করা হয়। 

তিনি বলেন, ঢাকা মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে কাকরাইলে সংঘর্ষ, ভাঙচুর ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

সংঘর্ষের মধ্যে নিহত হয়েছেন পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ ও যুবদলের মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ডের নেতা শামীম মোল্লা।

ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় শামীমকে হত্যার অভিযোগে মামলা করা হয়।

রোববার ভোররাতে রাজধানী রমনা থেকে শহিদুল্লাহকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নেওয়া হয়।

রিমান্ড শুনানিতে সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, বিএনপির মহাসমাবেশ বানচালে তখন শহিদুল্লাহ কাজ করেছেন। অন্য আসামিদের সঙ্গে পরিকল্পিতভাবে তিনি সমাবেশ পণ্ড করতে সহযোগিতা করেন। শামীম হত্যায় তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। 

এসময় আসামি ডিএমপির সাবেক কর্মকর্তা শহিদুল্লাহ কথা বলতে চান।

আদালত অনুমতি দিলে তিনি বলেন, “বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে অনেক ঝামেলা হয়েছে, এটা সঠিক। আমি ওইদিন গুলশান এলাকায় দায়িত্বে ছিলাম। রমনায় বিশৃঙ্খলা হয়েছে। সেখানে আমি ছিলাম না। তদন্তের সঠিক রহস্য উদঘাটন হবে৷ এটার মাধ্যমেই মামলাটি নিষ্পত্তি হোক।”