১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের উদ্যোগে নতুন ওয়েবসাইট

এতে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকরা তাদের প্রত্যাশিত ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে মতামত প্রকাশ করতে পারবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 09:40 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

তরুণ, নারী ও প্রান্তিক ভোটারসহ নাগরিকদের জাতীয় নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে উৎসাহিত করতে জাতিসংয়ের উদ্যোগে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকরা তাদের প্রত্যাশিত ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে মতামত প্রকাশ করতে পারবেন বলে সোমবার ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, ওয়েবসাইটটির মূল উদ্দেশ্য বিশেষত তরুণ প্রজন্মসহ সকল বাংলাদেশি নাগরিককে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সচেতন ও সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। 

ওয়েবসাইটটির ঠিকানা www.futurebangladeshyouwant.org

একই সঙ্গে গণতন্ত্র, সুশাসন ও দায়িত্বশীল নাগরিকত্বের বিষয়ে জানার সুযোগ পাবেন এবং নির্বাচনি অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন হবেন নাগরিকরা, বলা হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, ওয়েবসাইটটিতে নাগরিক দায়িত্ব, ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ ও দায়িত্বশীল অংশগ্রহণের বার্তা সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি, এটি নিরপেক্ষ ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা সব নাগরিকের জন্য উন্মুক্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ওয়েবসাইটটি গণতান্ত্রিক চর্চা জোরদার করা এবং নাগরিক অংশগ্রহণকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করে তুলতে ভূমিকা রাখবে। 

“জাতিসংঘ ও বাংলাদেশ নির্বাচন কমিশন বিশ্বাস করে একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে সচেতন নাগরিক অংশগ্রহণ অপরিহার্য। সেই লক্ষ্যকে সামনে রেখে এই ওয়েবসাইটটি নাগরিকদের মধ্যে ইতিবাচক সংলাপ, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎমূখী চিন্তাভাবনা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে “