কবিতা সমাজের অবিচার, অনাচারের বিরুদ্ধে দাঁড়াবে
বাংলাদেশের কবিতার এখন এক দুঃসময় চলছে। কবিতার বইয়ের পাঠক কম। কবিতার আড্ডাও আর আগের মতো নেই। এমন সময় কবিতার বই নিয়ে আলোচনা ও কবিকণ্ঠে কবিতা পাঠের আয়োজন করে আসছে কবিতা বাংলা নামের সংগঠনটি। পাক্ষিক এই বই আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানের ৭ম পর্ব অনুষ্ঠিত হলো গত শনিবার শাহবাগের 'পাঠক সমাবেশ সেন্টারে'। কবিতা বাংলা কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে এবারের তিনটি কবিতার বইয়ের আলোচনায় ছিল কবি আসাদ মান্নানের একুশের বইমেলায় প্রকাশিত নতুন কবিতার বই হে অন্ধ জলের রাজা, কবি মোশাররফ হোসেন ভূঞার ভালোবাসার পদাবলী এবং জয়নুল আবেদীন মুকুলের মেলানকোলিয়া।
ঢাকায় কবিদের অনুষ্ঠানে যেভাবে আনুষ্ঠানিকতা থাকে, প্রচলিত সেই ঢঙের বাইরে কবিতা বাংলার এই বই আলোচনা ও কবিতা পাঠের অনুষ্ঠান অনেকটা আড্ডার মতো। অনুষ্ঠান চলছে এমন সময় পাঠক সমাবেশ সেন্টারে উপস্থিত হন বাংলা একাডেমীর মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান ও বাংলা একাডেমির আর এক প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক হারুন-উর-রশিদ। তারাও অংশ নেন কবিদের এই আড্ডায়। কবিতা নিয়ে আড্ডার ছলে অনেক গল্প বলেন, অধ্যাপক হারুন-উর-রশিদ স্যার। অনির্ধারিত এই আলোচকরা কবিদের সাথে মিলেমিশে এক নতুন মাত্রা আনেন কবিতা বাংলার অনুষ্ঠানে।
অনুষ্ঠানে অনেক কবিতাবান্ধব পাঠকও অংশ নিচ্ছে এই অনুষ্ঠানে। কবিতা বাংলার এই উদ্যোগ এতো মন্দের মধ্যে একটি ভালো সংবাদ।
পাঠক সমাবেশ কেন্দ্র বলে নতুন পরিচিত হয়ে ওঠা স্থানটি আদতে একটি বড়সড়ো জায়গা নিয়ে গড়া ওঠা বই বিক্রয় কেন্দ্র । যার মধ্যে ছোট পরিসরে বই আলোচনা, প্রকাশনা উৎসব, বই আড্ডা এখন প্রায় নিয়মিত ঘটনা। বই কিনতে আসা পাঠকের সঙ্গে অনুষ্ঠানের সময় পরিচয় হচ্ছে লেখকের সঙ্গে এবং নতুন বইয়ের সঙ্গেও। কবিতা বাংলার ৭ম পর্বের অনুষ্ঠানে কবি আসাদ মান্নানের হে অন্ধ জলের রাজা বই নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক অনুবাদক কবি মাসুদুজ্জামান। কবি মোশাররফ হোসেন ভূঞার ভালোবাসার পদাবলী বই নিয়ে আলোচনা করেন কবি ফরিদ আহমদ দুলাল এবং জয়নুল আবেদীন মুকুলের কবিতা গ্রন্থ মেলানকোলিয়া নিয়ে আলোচনা করেন কবি আসাদুল্লাহ।
নিজেদের বই নিয়ে মতামত ব্যক্ত করেন কবি আসাদ মান্নান, কবি মোশাররফ হোসেন ভূঞা এবং কবি জয়নাল আবেদীন।
স্বকণ্ঠে কবিতা পাঠ করেন কবি আসলাম সানি, নাসের মাহমুদ, সৈয়দা আইরিন পারভীন, রহিমা আফরোজ মুন্নি, মানিক মোহাম্মদ রাজ্জাক, বিনয় বর্মন, বিলু কবির, গোলাম মোর্শেদ চন্দনসহ আরো অনেকে । কবিতা বাংলার এই অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা দিচ্ছেন দৈনিক আমাদের সময়, bdnews24.com ও শুধু বইয়ের সংবাদবিষয়ক অনলাইন boinews24.com.
কবিতা বাংলার সভাপতি কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, শুধু প্রবীণ কবি নয়, শুধু পরিচিত মুখ নয়, আমরা বাংলা কবিতায় নতুন মুখের সন্ধানে নতুন কবিতা আন্দোলনে কাজ করছি। কবিতা আবার সমাজের অবিচার, অনাচারের বিরুদ্ধে দাঁড়াবে। প্রেমিক মনেও কবিতা স্থান করে নেবে।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কবি মতিন বৈরাগী।
