২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘চেতন কবিতা’ শীর্ষক ব্যতিক্রমী কবিতা-আড্ডা

monir_yusuf

Published : 29 Jul 2013, 02:19 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

নান্দনিক কবিতা আন্দোলন 'কবিতাবাংলা'র উদ্যোগে ২৭ জুলাই শনিবার বিকেল ৩টায় শাহবাগস্থ আজিজ সুপার মার্কেটের গ্যালারি 'নিত্যউপহার'-এর চতুর্থ তলায় 'চেতন কবিতা' শীর্ষক এক কবিতা-আড্ডার আয়োজন করা হয়। এটি 'কবিতাবাংলা'-র নিয়মিত আয়োজন পাক্ষিক কবিতা-আড্ডার সম্প্রসারিত রূপ।

নগরের বৃষ্টি ও যানজটকে উপেক্ষা করে প্রায় পঞ্চাশজন কবি সমবেত হন এই আড্ডায়। বিকেল সাড়ে তিনটা নাগাদ গ্যালারি নিত্যউপহার ভরে যায় আমন্ত্রিত কবিদের পদচারণায়। প্রথমপর্বে ছিল কবিতাবিষয়ক প্রবন্ধপাঠ ও আলোচনা। আড্ডায় 'বাংলাদেশের কবিতা : পঞ্চাশ ও ষাটের দশক' 'বাংলাদেশের স্বাধীনতা-উত্তর কবিতায় বির্বতনের ধারা' ও 'বাংলাদেশের কবিতায় পাশ্চাত্যের প্রভাব' শীর্ষক তিনটি প্রবন্ধ পাঠ করা হয়। প্রবন্ধ তিনটি পাঠ করেন যথাক্রমে মতিন বৈরাগী, ফরিদ আহমদ দুলাল ও বিনয় বর্মন। এই তিন প্রবন্ধে বাংলাদেশের কবিতার নানান বৈচিত্র্য, উৎকর্ষ, প্রভাব এবং কবিদের বিভিন্ন প্রবণতার কথা উঠে আসে। পঠিত প্রবন্ধের উপর সারগর্ভ আলোচনা করেন মাহবুব সাদিক, হাবীবুল্লাহ সিরাজী, মাসুদুজ্জামান, রাজু আলাউদ্দিন প্রমূখ।


'কবিতাবাংলা'-র সভাপতি ও এই আড্ডার সঞ্চালক মুহম্মদ নূরুল হুদা আলোচনার ফাঁকে ফাঁকে কবিতার জন্ম-মুহূর্ত, কাব্য-প্রক্রিয়া, কাব্য-প্রকরণ, ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা, চেতন কবিতা, স্ব-সম্পাদনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সংক্ষেপে তার বক্তব্য রাখেন। অচেতন, অবচেতন, সচেতন ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে সচেতনভাবেই তিনি 'চেতন' শব্দটি ব্যবহার করছেন বলে মন্তব্য করেন।

মাহবুুব সাদিক বলেন, তিনটি প্রবন্ধই বিষয়গতভাবে পরিপূরক। আমাদের কবিতায় অব্যাহত আধুনিকতাকে ব্যাখ্যা করার প্রয়াস আছে এই রচনাগুলোতে। হাবীবুল্লাহ সিরাজী বলেন, আধুনিক কবিতা হচ্ছে একধরনের গার্হস্থ্য কবিতা; মানে এমন কবিতা যা শুরু হয়েছে নিজের ঘর থেকে। তিনি ভবিষ্যতে এই বিষয়ে একটি আড্ডার আয়োজন করার জন্য কবিতাবাংলা-কে অনুরোধ করেন। মাসুদুজ্জামান তার আলোচনায় পঠিত প্রবন্ধগুলোর সঙ্গতি ও অসঙ্গতি নিয়ে নির্মোহভাবে কথা বলেন। কবিতাবাংলা-র মাধ্যমে বাংলাদেশের কবিতা অনুবাদ করে বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ারও প্রস্তাব করেন তিনি। এ নিয়ে সুনির্দিষ্ট প্রকল্পভিত্তিক কাজ করার জন্য কবিতাবাংলা-র সভাপতি ও উপস্থিত সকল কবির দৃষ্টি আর্কষণ করেন। রাজু আলাউদ্দিন প্রবন্ধকারদের ধন্যবাদ দিয়ে পঠিত প্রবন্ধের কিছু ঊনতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরও বলেন, বিনয় বর্মনের প্রবন্ধে প্রতীচ্যের উপর প্রাচ্যের প্রভাব আলোচনা করা হলে আরও ভালো হত। এ প্রসঙ্গে মনির ইউসুফ বলেন, উইলিয়াম জোনস অনূদিত কালিদাসের 'অভিজ্ঞানশকুন্তলম' মহাকবি গ্যাটেসহ ইউরোপের সাহিত্য ও সাহিত্যিকসমাজকে বিপুলভাবে প্রভাবিত করেছে।


দ্বিতীয় পর্ব ছিল আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ। এই পর্বে সভাপতিত্ব করেন 'কবিতাবাংলা ঢাকা'-র আহবায়ক কবি বিমল গুহ। কবিতা পাঠে অংশগ্রহণ করেন মাহবুব সাদিক, হাবীবুল্লাহ সিরাজী, মতিন বৈরাগী, বিমল গুহ, মাসুদুজ্জামান, শহীদুল্লাহ ফরায়েজী, ফরিদ আহমদ দুলাল, জাহাঙ্গীর ফিরোজ, তপন বাগচী, বিলু কবীর, নাসের মাহমুদ, সুজাউদ্দিন কায়সার, কামরুল হাসান, শামীম রেজা, রাজু আলাউদ্দিন, আলফ্রেড খোকন, সরসিজ আলীম, পুলক হাসান, মানিক মোহাম্মদ রাজ্জাক, আমিনুল ইসলাম, বদরুল হায়দার, এমদাদুল আনোয়ার, গোলাম মোর্শেদ চন্দন, বিনয় বর্মন, মোস্তফা তোফায়েল, শামস হক, আরিফ মঈনুদ্দীন, পারভিন আক্তার, সেলিম আহমেদ, মিঠু এহতেশাম হায়দার, তাহমিনা কোরাইশী, এম এস সোহাগ, ফরিদুজ্জামান, রেজুয়ান তানিম, সীমান্ত সাগর, কুহক মাহমুদ, পারু পারভীন, মালেক মাহমুদ, শফিক ইমতিয়াজ, কোয়েল আহমেদ, দীলতাজ রহমান, পাবলো শাহি, রোকেয়া ইসলাম, নাহার ফরিদ খান, মামুন অর রশীদ, জাকি সুমন প্রমূখ।

উল্লেখ্য, এই আড্ডা উপলক্ষে কবিতাবাংলা-র সপ্তম সংখ্যাটি বিশেষ সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে। এতে আড্ডায় পঠিত তিনটি প্রবন্ধই মুদ্রিত হয়েছে। 'চেতন কবিতা' প্রসঙ্গে সম্পাদকীয়তে বলা হয়, "জীবনের যে কোনো আবেগ যে কোনো মুহূর্তে কবিতার বিষয় হয়ে ওঠে বটে, কিন্তু তার সঙ্গে যুক্ত হয় নিজের পরিকল্পনাও।… প্রচলিত প্রকরণ ভাঙার অধিকার কবির নিশ্চয়ই থাকে, তবে তাকে অধিকার করে নিতে হয় অনুশীলন, পাঠ ও চর্চায়। প্রকরণ সম্পর্কে যার ধারণা স্বচ্ছ নয়, তিনি প্রকরণ ভেঙে নতুন ধারণা উপস্থাপনের অধিকার সংরক্ষণ করেন না। কবি কিছুতেই এই দায়িত্ব এড়াতে পারেন না। …সব বিবেচনায় স্বতঃস্ফূর্ত নির্মিতিতে কবির সচেতন প্রয়াস অনিবার্য।"

চার ঘণ্টারও অধিক এই প্রাণবন্ত আড্ডা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন গ্যালারি 'নিত্যউপহার'-এর স্বত্বাধিকারী বাহার রহমান। আয়োজকদের পক্ষ থেকে তিনি নিয়মিত বিরতিতে এই ধরনের আড্ডা অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন।