লেখক সংবাদ
……
ছবি. নাসিরুল ইসলাম
…….
মীর্জা গালিবের আত্মকথা দস্তানভু বাংলায় অনুবাদ করছেন জাফর আলম। বললেন, সিপাহি বিদ্রোহের অন্যতম নেতৃত্বদানকারী ছিলেন মীর্জা গালিব। তিনি তাঁর আত্মজীবনী দস্তানভু লিখে গেছেন ফারসিতে। এক সময় দিল্লীর 'উর্দু ব্যুরো' এই সাহিত্যকর্মটি উর্দুতে অনুবাদের ভার নিয়েছিল। সেখান থেকে তিনি বইটি সংগ্রহ করেছেন। জাফর আলম বললেন, তাঁর জানামতে এখনও কেউ বইটি অনুবাদ করেন নি বা করার উদ্যোগ নেন নি।
সিপাহি বিদ্রোহের সময়কার অভিজ্ঞতা ছাড়াও বইটিতে উঠে এসেছে মীর্জা গালিবের ব্যক্তিজীবনের অনেক অব্যক্ত কথা। ১৮৫৭-'৫৮ সাল পর্যন্ত সিপাহী বিদ্রোহ চলাকালে রাজধানী দিল্লীতে যে আন্দোলন হয় সে সময় ইংরেজ বাহিনীর হাতে বন্দি হন মীর্জা গালিব। গালিবের আত্মজীবনীতে উঠে এসেছে সেই সময়ের কথা। ইংরেজরা বন্দিদের নিষ্ঠুরভাবে নির্যাতন করত। তাঁর চোখের সামনে ধরে নিয়ে মেরে ফেলেছে অসংখ্য মানুষ। ইংরেজরা যখন বিজয়ী হয় তখন তারা নির্বিচারে হত্যা করে স্থানীয় লোকজনদের। লুটপাট করে নিয়ে যায় ঘরবাড়ি, ধনসম্পদ। সে সময় তারা দিল্লিতে প্রায় ৫ লক্ষ লোককে মেরে ফেলেছিল। দিল্লীর লোকজন সব বাড়িঘর ফেলে পালিয়ে গিয়েছিল। দিল্লী শহর বিরানভূমিতে পরিণত হয়েছিল। মীর্জা গালিব নিজেও বন্দি হন ইংরেজদের হাতে। তাঁকে বন্দিশালায় অকথ্য অত্যাচার করা হয়। দিনের পর দিন তাঁকে খেতে দেয়া হয়নি। প্রাণের ঝুঁকি নিয়ে কীভাবে তিনি খাবার চুরি করেছিলেন, মদ চুরি করেছিলেন সে সব কাহিনীই উঠে এসেছে বইটিতে।
'দস্তানভু' শব্দের মানে পুষ্পস্তবক, জানালেন জাফর আলম। সেই সময় বিদ্রোহে হতাহত ও নিহত ভারতবাসীর লাশের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক বইটির নাম 'দস্তানভু'। সিপাহী বিদ্রোহীদের স্মরণে ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে গালিব এই নামটি রাখেন।
'দস্তানভু' ছাড়াও মীর্জা গালিবের জীবনের উপর একটি লেখা লিখেছেন তিনি। সাহিত্য পত্রিকা 'নতুন ধারা'র সামনের সংখ্যায় প্রকাশিত হবে প্রবন্ধটি। এ ছাড়াও কিছু উর্দু কবিতা অনুবাদ করছেন বলে জানালেন তিনি।
বইমেলা ২০১০-এ প্রকাশিত হয়েছে তাঁর অনুবাদ গ্রন্থ কৃষণ চন্দরের পেশোয়ার এক্সপ্রেস। বললেন, পেশোয়ার এক্সপ্রেস বইটি কৃষণ চন্দরের। সাম্প্রদায়িক দাঙ্গার গল্প। ১৯৪৭-এর দেশবিভাগের সময়ের কিছু গল্প নিয়ে বইটি। বইটিতে সাতটি গল্প আছে। সব গল্পের বিষয় সাম্প্রদায়িক দাঙ্গা। সে সময় ভারতে ও পাকিস্তানে বিশেষ করে পাঞ্জাব প্রদেশে যে সহিংস ঘটনা ঘটেছিল তা নিয়ে গল্প। 'পেশোয়ার এক্সপ্রেস' গল্পটির কাহিনীও এরকম। একটি ট্রেনের ঘটনা নিয়ে গল্পটি। ট্রেনটি রাওলপিণ্ডি থেকে যাত্রা শুরু করে অমৃতসর পর্যন্ত যায়। পথে অসংখ্য ঘটনা ঘটে। হিন্দুরা মুসলমানদের ধরে নিয়ে মেরে ফেলে, আবার মুসলমানরা চড়াও হয় হিন্দুদের উপর। স্টেশনে পড়ে থাকে অসংখ্য লাশ। সাম্প্রদায়িক দাঙ্গার যে ভয়াল রূপ তা ফুঠে উঠেছে প্রত্যকটি গল্পেই।
এ বইটি ছাড়া সামনের বইমেলায় তাঁর আরেকটি বই বেরুবে। এটিও অনুবাদ বই–মান্টোর গল্প সমগ্র-২। অনুবাদ নিয়ে বললেন, "আমি তো অনুবাদ কাজগুলোই বেশি করে থাকি। বিশেষত উর্দু সাহিত্য অনুবাদ। প্রতি বছর দেখা যায় বইমেলাতে কিংবা অন্য কোনো সময়ে আমার কোনো না কোনো বই বের হচ্ছে। মীর্জা গালিবের বইটার কলেবর হয়ত একটু ছোট হয়ে যেতে পারে, সেজন্য আমার কিছু অনুদিত উর্দু কবিতা এবং মীর্জা গালিবকে নিয়ে লেখা প্রবন্ধটাসহ বইটা প্রকাশ করতে পারি। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রকাশক বইটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।"
২০০৯ সালে মাওলা ব্রাদার্স থেকে বের হয়েছিল তাঁর অনুবাদে মান্টোর গল্পসমগ্র-১। বলেলন, মান্টোর গল্পের পটভূমিও অনেকটা কৃষণ চন্দরের পেশোয়ার এক্সপ্রেস-এরই মতো। দেশবিভাগ সময়ের সাম্প্রতিক দাঙ্গার ঘটনা কেন্দ্র করে গড়ে উঠেছে গল্পের কাহিনী। মান্টোর গল্পসমগ্র-১-এ ছিল ৪২টার মত গল্প। আর দ্বিতীয় খণ্ডটিতে থাকবে ৫০টির মত গল্প। সবই ১৯৪৭-এর সাম্প্রদায়িক দাঙ্গার গল্প।
লেখালেখির বাইরে আর কী কী করছেন জানতে চাইলে তিনি বললেন, "শারীরিকভাবে আমি আসলে ভালো নেই। হাইপ্রেসারের সমস্যা আছে, তাই হঠাৎ করেই বেশ শরীর খারাপ লাগে। আর ব্যাক পেইনের সমস্যাটাও বেশ কষ্ট দিচ্ছে। এই ব্যাক পেইনের কারণে ঠিকমত বসে লিখতেও পারছি না। একটানা বসে থাকলেও পিঠে ব্যাথা করে। তাই এ মুহূর্তে আসলে লেখালেখির বাইরে আর তেমন কিছু করা হয়ে উঠছে না। তবে গত মাসের ১৫ তারিখ অর্থাৎ ১৫ই মে তারিখে আমার লেখালেখির চার দশক পূর্তিতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পাবলিক লাইব্রেরিতে। সেখানে আবদুল্লাহ আবু সায়ীদ, আনিসুজ্জামানসহ আরও অনেকেই এসেছিলেন। এরকম কিছু কিছু অনুষ্ঠানে মাঝে মাঝে যাওয়া হয়, এই আর কি।"
এখন কী কী বই পড়ছেন জানতে চাইলে তিনি বলেন, "কালকে রাতে একটা বই পড়ছিলাম মুক্তিযুদ্ধের উপরে। বইটির নাম ১৯৭১ ও অনেক অজানা কথা। লিখেছেন আবু মোহাম্মদ খান বাবলু। উনি নিজেও একজন মুক্তিযোদ্ধা। বইটি বেশ ভালো। অনেক তথ্যসমৃদ্ধ। বইয়ে লেখক অনেক বিষয় তুলে এনেছেন। অনেক প্রশ্ন উত্থাপন করেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও হতাহতের সংখ্যা ইত্যাদি বিষয়ে। প্রায় ৬০০ পৃষ্ঠার মোটা একটি বই। বেশ ভালো লাগছে পড়তে। আরও পড়ছি বিখ্যাত পাকিস্তানি কবি আহমাদ ফরাজের উপর লেখা একটি বই নাম বধ্যভূমির উৎসব। এটিও একটি অনুবাদ বই। বইটি অনুবাদ করেছেন জাভেদ হোসেন নামের একজন উর্দুভাষী লেখক। উনি বাংলাও খুব ভাল বলেন। বইটার এক পৃষ্ঠা রয়েছে মূল উর্দুতে লেখা আর পাশের পৃষ্ঠায় তার বাংলা অনুবাদ। তাই পড়ে মজা পাচ্ছি। মাঝখানে সুহিতা সুলতানার একটা কবিতার বইও পড়ছিলাম।"
অনুবাদ সাহিত্যের পাশাপাশি তাঁর অন্যান্য লেখা সম্পর্কে বললেন, "আমি তো আসলে অনুবাদ সাহিত্যই বেশি করে থাকি। বিশেষ করে উর্দু সাহিত্য অনুবাদ। তবে মাঝে মাঝে কিছু মৌলিক লেখাও লিখি। যেমন ২০০৮ সালে প্রকাশিত হয়েছিল আমার বই বাহাদুর শাহ জাফর। বইটি প্রকাশ করেছিল অ্যাডর্ন পাবলিকেশন। এটি ছিল শেষ মুঘল সম্রাট ও সিপাহী বীর বাহাদুর শাহ জাফরের জীবনীগ্রন্থ। এছাড়া মাঝে মাঝে কিছু প্রবন্ধ লিখি পত্র-পত্রিকায়। তবে অনুবাদ কাজগুলো করতেই বেশি আনন্দ পাই।"
উর্দু ছাড়া অন্য যে ভাষার অনুবাদ তিনি করেছেন তার মধ্যে আছে জার্মান লেখক হেরম্যান হেসের সিদ্ধার্থ বইটি, প্রেমচাঁদের শতরঞ্জ কি খিলাড়ি, আর হিন্দি ছোটগল্প সংকলন হীরামন।
উর্দু সাহিত্যের প্রতি তাঁর আলাদা আকর্ষণ। তিনি জানালেন, "আসলে আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়াশোনা করতাম। সেই সুবাদে উর্দুটা ভালো আয়ত্ত ছিল। পরে ইন্টারমিডিয়েটে এসে উর্দু ছিল বাধ্যতামূলক বিষয়। সে কারণে উর্দু ভাষার প্রতি আমার বরাবরই ভালো দখল ছিল। তখনকার বিখ্যাত উর্দু সাহিত্যিক মান্টো, কৃষণচন্দর এঁদের অনেক লেখা পড়তাম। তাঁদের লেখার মাঝে একটা অসাম্প্রদায়িক চেতনা ছিল। তাঁদের লেখার একটা বড় অংশ ছিল পার্টিশনকে ঘিরে। তাঁরা ছিলেন পার্টিশনের বিপক্ষে, সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে। তাঁদের লেখা পড়ে সে সময়ে প্রেরণা পেয়েছিলাম। সে কারণে পরবর্তীতে তাঁদের বইগুলো অনুবাদ করতে আগ্রহী হই। এভাবে উর্দু সাহিত্য অনুবাদ করতে শুরু করি।"
…….
ছবি. রাজা হাসান
……..
নিজের লেখা একটি উপন্যাসকেই কিছুটা নতুন করে সাজাচ্ছেন মামুন হুসাইন। গত বছর একটি ঈদসংখ্যায় প্রকাশিত হয়েছিল তাঁর উপন্যাস নিক্রপলিস। সেটিকেই আবার কিছুটা কাঁট-ছাট করে ক্ষেত্রবিশেষে নতুন বিষয় সংযোজন করে সাজাচ্ছেন তিনি। এ সম্পর্কে বললেন, "আমি মূলত উপন্যাসটিকে রি-রাইট করছি। উপন্যাসটি লিখেছিলাম বেশ কয়েক বছর আগে। সে সময়ের পারিপার্শ্বিক কিছু ঘটনা আমাকে বেশ আলোড়িত করেছিল। যার ফলে উপন্যাসটি লিখেছিলাম। তবে এটি প্রথম প্রকাশিত হয়েছে গত বছর আজকের কাগজের ঈদসংখ্যাতে।" জানালেন, তাঁর উপন্যাসের পাত্র-পাত্রী কিংবা স্থান-কাল কোনোটাই অলীক কিছু নয়। দেশ, দেশের সার্বিক অবস্থা, দেশের সার্বিক সন্ত্রাসের জায়গা, হত্যা, ভাঙচুর সেই সাথে মানুষের অসহায়ত্ব, বেঁচে থাকা সমসাময়িক এ বিষয়গুলোই উঠে এসেছে তাঁর লেখায়। রাষ্ট্রব্যবস্থায় একজন মানুষ কীভাবে ধ্বংসযজ্ঞে চলে যায়, রাষ্ট্র কীভাবে একজন মানুষকে সন্ত্রাসী বানিয়ে তোলে তারই ছায়াচিত্র তিনি আঁকতে চেয়েছেন। তিনি বললেন, "আমার সালটা ঠিক মনে নেই। তবে একটা সময় গেছে যখন একের পর এক বোমা হামলা, হত্যা, জঙ্গিবাদের উত্থান এ বিষয়গুলো সবাইকে স্তম্ভিত করে দিয়েছিল। দলীয় সমাবেশে গ্রেনেড হামলা, ৬৩টি জেলায় বোমা হামলা, একের পর এক সাংবাদিক হত্যা–এ ঘটনাগুলো আমার লেখাকে প্রভাবিত করেছে। মূলত দেশের এই সংকটময় পরিস্থিতিতে একজন সংবেদনশীল মানুষের প্রতিক্রিয়া বা প্রতিবাদের বিষয়টিই আমার লেখায় মূখ্য হয়ে উঠেছে। তবে আমি আমার লেখাকে একটা সীমাবদ্ধ গণ্ডিতে আটকে রাখতে চাই নি। আমি সেই টাইম ট্রেন্ডটাকে ভেঙে দিয়েছি"
উপন্যাসের বিষয় বা পটভূমির মত নামের ক্ষেত্রেও কিছুটা ভিন্নতা রয়েছে। মেট্রোপলিসের সাথে মিলিয়ে তিনি নামকরণ করেছেন 'নিক্রপলিস'। নিক্র অর্থ মৃত বা মৃতের দেহ অর্থাৎ শবদেহ। একটি জনবহুল প্রাণচঞ্চল মেট্রোপলিট্রন নগরী যখন পরিণত হয় মৃত্যুপুরীতে কিংবা করবস্থানে, সময়ের সেই নির্মম অবস্থাকেই তিনি ব্যাখ্যা করেছেন নিক্রপলিস হিসেবে।
এ উপন্যাসটি ছাড়াও সাহিত্য পত্রিকা উলুখাগড়ার আগামী সংখ্যার জন্য একটি গল্প লিখছেন তিনি। গল্পের সম্ভাব্য নাম 'ভূমি অধিগ্রহণের কল্পছায়া'। জানালেন, "গল্পের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয় নি। বসে বসে প্রুফ দেখছি। ভালো না লাগলে নামটা বদলেও দিতে পারি। গল্পের বিষয়বস্তু একটু জটিল। এটা না পড়লে বোঝানো কঠিন।"
উপন্যাস আর গল্প লেখা ছাড়া নিজের লেখা আরও কিছু গদ্য ও ছোটগল্প নিয়ে সংকলন বের করার কথা ভাবছেন তিনি। অনেক দিন ধরে তাঁর লেখা বেশ কিছু ছোটগল্প ও গদ্য জমে আছে। সামনের বইমেলাতে কিংবা এর আগে পরে কোনো এক সময় গদ্য ও গল্প সংকলন বের করবেন তিনি। জানালেন, এখনো কোনো প্রকাশকের সাথে চূড়ান্ত কথা হয় নি।
গদ্য ও ছোটগল্প সংকলন ছাড়া আর কী কী বই বের হতে পারে জানতে চাইলে তিনি বলেন, "আমার উপন্যাস নিক্রপলিস'টা হয়ত বই আকারে বের হবে। তবে সব সিন্ধান্তই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনো প্রকাশকের সাথে চূড়ান্ত কথা হয় নি। আরও সময় গেলে ব্যাপারটা নিশ্চিত হবে। তবে লেখা যেহেতু তৈরিই আছে, সুতরাং বই বেরোনোর সম্ভাবনাই বেশি।"
লেখালেখির পাশাপাশি এ মুহূর্তে অনেকগুলো বই পড়ছেন তিনি। বললেন, "বই পড়তে আমার সব সময়ই খুব ভালো লাগে। নানারকম বইই পড়া হয়। এ মুহূর্তে পড়ছি শিল্পী আব্বাস উদ্দীনের আত্মজীবনী 'আমার শিল্পী জীবন' বইটি আগে একবার পড়েছিলাম। এখন আবার পড়ছি। বেশ ভালো লাগছে। এ ছাড়া পড়ছি জোসেফ ক্যাম্পবেলের মিথ টু লিভ বাই ও নোবেল বিজয়ী হার্টা মুলারের একটি ছোট্ট উপন্যাস ল্যান্ড অব গ্রীন পামস। এ ছাড়াও সাইকোলজির উপর লেখা একটি বই পড়ছি। বইটির নাম সেক্স অ্যান্ড দ্যা সাইকি। আমি আসলে একসাথে অনেকগুলো বই পড়ি। সব সময় হয়ত সব বইয়ের নামও মনে করতে পারি না।"
লেখালেখির বাইরে আর কী করছেন জানতে চাইলে তিনি বলেন, "বর্তমানে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে অধ্যাপনা করছি। ওইখানে ক্লাস নিই আর সন্ধ্যার পর পেশেন্ট দেখি।"
লেখালেখি নিয়ে সামনে নতুন কোনো ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "লেখালেখি করা মানেই তো আসলে খ্যাতিমান হওয়া বা বিখ্যাত হওয়া না। আমার মতে লেখালেখির পিছনে থাকে লেখকের ব্যক্তিজীবনের কিছু কষ্ট কিংবা গভীর দুঃখবোধ। এটি একটি জটিল প্রক্রিয়া। এটি মানুষকে যতদিন তাড়িত করে মানুষ ততদিনই লেখে। মানুষ তার অপমানের জায়গাটা তার আত্মগ্লানির ব্যাপারটা তার লেখার মাধ্যমেই প্রকাশ করে। তবে অনেকেই লেখেন, অনেকেই লিখছেন আবার কেউ হয়ত লেখা গুটিয়ে নিয়েছেন। সময়ই বলে দেবে, কার লেখা থাকবে আর কার লেখা থাকবে না। কাজেই লেখালেখি নিয়ে আমি কখনোই সেরকম চিন্তাভাবনা করি না। লেখালেখি আসলে ভাবনাচিন্তা করে হয়ও না।"
গত মাস দু'য়েক ধরে একটি ছোটখাটো গবেষণার কাজে ব্যস্ত আছেন কবি আফরোজা সোমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'গণযোগাযোগ ও সাংবাদিকতা' বিভাগে মাস্টার্স-এর একটি কোর্সে গবেষণার জন্য থিসিস হিসেবে তিনি বেছে নিয়েছেন "শূন্যদশকের কবিতায় একাকীত্ব ও বিষণ্নতা বোধ" বিষয়টিকে। এ সম্পর্কে তিনি বললেন, "ডিপার্টমেন্ট থেকে আমাদের বলা হয়েছিল গণমাধ্যম কিংবা সংস্কৃতির যে কোনো একটি বিষয় নিয়ে গবেষণা করতে। মূলত এ গবেষণাটি করা হয় যে কোনো সাংস্কৃতিক বিষয়কে কেন্দ্র করে। আমার ব্যক্তিগত পছন্দের কারণে আমি শূন্যদশকের কবিতাকেই আমার গবেষণার বিষয় হিসেবে বেছে নিয়েছি।"
থিসিস লেখার পাশাপাশি সাহিত্য সাময়িকী 'শিলালিপি'র জন্য একটি প্রবন্ধ লিখছেন তিনি এই মুহূর্তে। 'বাংলা সাহিত্যের নায়ক' শিরোনামের এই লেখায় বিভূতিভূষণের পথের পাঁচালীর অপু চরিত্রটি নিয়ে লিখছেন তিনি।
২০১০-এ কথা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাঁর কবিতার বই অন্ধঘড়ি। বইটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "যেহেতু প্রথম বই তাই স্বাভাবিকভাবেই এটি নিয়ে আমার অনুভূতিটা একটু আলাদা। আমার প্রথম বই উৎসর্গ করেছি বাবা-মাকে। সবার কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। প্রকাশকেরাও ভালো সাড়া দিয়েছেন। এ জন্য আমি আসলে বেশ সন্তুষ্ট। বইটিতে প্রায় ৫২টির মত কবিতা আছে। শেষ কবিতাটির শিরোনাম 'অন্ধঘড়ি'। সেটার নামেই বইটির নাম দিয়েছি। 'অন্ধঘড়ি' শব্দবন্ধ দিয়ে আমি আসলে একটি দর্শনকে বোঝাতে চেয়েছি। দর্শনটা হচ্ছে এরকম যে, আমরা এখন খুবই অস্থির একটা সময় পার করছি। যে সময়ে মানুষের প্রতি মানুষের বিশ্বাসের জায়গাটা খুব ঠুনকো, ভালবাসার জায়গাটা খুবই নড়বড়ে। সম্পর্কগুলো খুবই লালসাময়, প্রেমহীন। এই সময়টিকেই আমি 'অন্ধ সময়' বলতে চেয়েছি। অন্ধ সময়ের প্রতীকী রূপ হিসেবে 'অন্ধঘড়ি' নামটি দিয়েছি।"
সামনে আর কী কী বই আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, "কবিতার বই না, অন্য কিছু একটা বের করার ইচ্ছে আছে। সেটা হতে পারে সংকলনগ্রন্থ কিংবা অন্য কিছু। তবে এ মুহূর্তে আমি যে থিসিস পেপারটা তৈরি করছি সেটাই বই আকারে বের হবার একটা সম্ভাবনা আছে। বেশ কয়েকজন প্রকাশকের সাথে এ ব্যাপারে কথা হয়েছে। তাদের অনেকেই এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ছোট কাগজ বা লিটল ম্যাগাজিনেও প্রকাশ করার ব্যাপারেও প্রস্তাব এসেছে। তবে পরিচিত জনেরা অনেকেই আমাকে এটি বই আকারে বের করার জন্য পরামর্শ দিয়েছেন। তাই ভাবছি, এটাকে বই আকারেই বের করব। সেক্ষেত্রে হয়ত লেখাটি রি-রাইটও করতে হতে পারে।"
লেখালেখির বাইরে এ মুহূর্তে সাংবাদিকতা নিয়ে ব্যস্ত আছেন তিনি। বিবিসি রেডিওতে বাংলা বিভাগে কাজ করছেন আর পাশাপাশি চালিয়ে যাচ্ছেন পড়াশোনা। পড়াশোনা শেষ করে লেখালেখিতে পুরোদমে মনোনিবেশ করতে চান তিনি। প্রবন্ধের লেখার জন্য বিভূতিভূষণের পথের পাঁচালী ও অপরাজিত বই দু'টি মনোযোগ দিয়ে পড়ছেন তিনি। এর বাইরে পড়ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু প্রিয় কবিতা আর শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন।
শূন্য দশকের কবি ও কবিতা সম্পর্কে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, "এই দশকের কথা যদি বলি তাহলে একটা ব্যাপার খুবই লক্ষণীয় যে, বিগত দশকের কবিরা কিন্তু এখনও লিখছেন। নতুন কবিরা যেমন লিখছেন তেমনি সত্তর, আশি কিংবা নব্বই দশকের কবিরাও সমানতালেই লিখে চলেছেন। তবে আমার মতে, অনেক সিনিয়র যাঁরা লিখেছেন তাঁরা তাঁদের যৌবনে যেভাবে অনেক নতুন নতুন কবিতা, অনেক নতুন কিছু চিন্তা আমাদের উপহার দিতে পেরেছিলেন এখন কিন্তু সেটা আর তেমন ভাবে পারছেন না। তাঁদের কোনো কোনো কবিতা হয়ত হঠাৎ করে বেশ ঝিলিক দিয়ে উঠছে, কিন্তু সেই ধারাবাহিকতা হয়ত সেভাবে বজায় থাকছে না। সেদিক দিয়ে শূন্য দশকের অনেক লেখক হয়ত অনেক ভালো করছেন। এ সময়ে যারা লিখছেন তাদের মাঝে অনেকেই আছেন বেশ প্রতিভাবান ও সম্ভাবনাময়। আমি বলব, শূন্য দশকের কবিরা সঠিক পথ ধরেই এগুচ্ছেন। তবে কোনো এক দশকের কবিতা সম্পর্কে কখনোই সেই দশকে বসে বিচার করা সম্ভব নয়। এর আগে পরে আরও কিছু দশক থাকা দরকার। যেমন, নব্বই দশককে হয়ত আমরা এখন বিচার করতে পারব, কিন্তু শূন্য দশককে বিচার করতে হলে আরও অন্তত দশটা বছর তো প্রয়োজন!"
লেখালেখি নিয়ে ভবিষ্যৎ চিন্তা-ভাবনার কথা জানতে চাইলে তিনি বলেন,"লেখালেখি তো মাত্র শুরু করলাম। সামনে এখনও অনেক পথ বাকি। এখনই বলতে পারব না কী হবে। তবে সামনে নিজেকে লেখালের্খির সাথে আরও বেশি করে যুক্ত রাখতে চাই।" কবিতা ও প্রবন্ধের পাশাপাশি এক সময় বেশ কিছু ছোট গল্প লিখেছেন আফরোজা সোমা, কিন্তু ছোটগল্পটা আর সেভাবে লেখা হয়ে ওঠেনি বলে জানালেন তিনি।
৩/৬/২০১০
—–
আরো লেখক সংবাদ
