বাংলা গানের ধারাবাহিক ইতিহাস: গানের পথে নজরুল
আলো জ্বালানোর সঙ্গতি ছিলো না। তাই চুলোর আগুনে বই পড়তেন তিনি। এতো দরিদ্র অবস্থা থেকে শেষ পর্যন্ত তিনি হয়েছিলেন দেশের প্রেসিডেন্ট। কল্পনা করা যায়! সত্যি অবিশ্বাস্য। আব্রাহাম লিংকনের কথা বলছি। চায়ের দোকানে রুটি-বানানোর শিশু-শ্রমিক দুখু মিয়ার তেমনি নজরুল ইসলাম হওয়াও কল্পনার অতীত। মনে হতে পারে, ভাগ্য। না, ভাগ্য মোটেই নয়। তিনি নিজেকে তৈরি করে নিয়েছিলেন। তাঁর ছিলো অসামান্য প্রতিভা। শত বাধার মুখে সেই প্রতিভারই বিকাশ ঘটিয়েছিলেন তিনি। পরিণতিতে তিনি এক নয়, দুই পরিচয়ে আত্মপ্রকাশ করেন—একজন কবি হিসেবে, অন্যজন সংগীতকার। তিনি হাজার তিনেক গান লিখেছিলেন। এসব গানের বেশির ভাগে সুরও দিয়েছিলেন তিনি। পৃথিবীতে অন্য কেউ এতো গান লিখেছেন কিনা, সন্দেহ হয়। কী করে এটা সম্ভব হলো, তার কোনো ব্যাখ্যা মেলে না।
সংগীতে তাঁর হাতে-খড়ি হয়েছিলো দশ-বারো বছর বয়সে, লেটোর দলে। লেটো হলো এক রকমের নাচ-গান-অভিনয়ের দল। বর্ধমান অঞ্চলের গ্রামে গ্রামে এরা ঘুরে বেড়ায়। সাধারণ মানুষকে আনন্দ দেয়। নিজেরাও যৎকিঞ্চিৎ উপার্জন করে। নজরুল এ রকম একটা দলে দোহার হিসেবে যোগ দেন। অচিরেই তিনি নিজের যোগ্যতার প্রমাণ দেন—গান গেয়ে, গান বেঁধে আর ছড়া কেটে। ফলে তিনি এই দলে থাকতে থাকতেই খানিকটা সুর-তাল শিখে ফেলেন। কিন্তু যাকে সারেগামা শিখে সত্যিকার গান করা বলে, লেটোর দলে থাকার সময়ে তা শেখেননি।
সে সুযোগ খানিকটা আসে কয়েক বছর পরে স্কুলে পড়ার সময়ে। স্কুলে একজন শিক্ষক ছিলেন যিনি গান জানতেন। তিনি কিশোর নজরুলকে সারেগামা শেখান, খানিকটা গানও শেখান। মনে হয় এই সময়ে কিশোর নজরুল স্বরলিপি দেখে গান তুলতে শেখেন। স্বরলিপি তখন অবশ্য বেশি পাওয়া যেতো না। কিন্তু রবীন্দ্রনাথের গানের স্বরলিপি পাওয়া যেতো বেশ কয়েকটা।
এই স্কুলে থাকতে থাকতেই—১৯১৭ সালের শেষ দিকে—তিনি লেখাপড়া ছেড়ে দিয়ে সৈন্যবাহিনীতে যোগ দেন। চলে যান করাচিতে। সেখানে গান-বাজনা করার সুযোগ নাও থাকতে পারতো। কিন্তু সৌভাগ্যক্রমে ছিলো। প্রায় রোজ রাতে গানের আসর বসতো সৈন্যদের ব্যারাকে। যারা গান-বাজনা জানতো, তারা সেখানে নিজের নিজের বিদ্যা দেখাতো। নজরুলও সেখানে গান গাইতেন, অন্যদের কাছ থেকে গান শিখতেন, বাজনাও শিখতেন। তা ছাড়া, কলকাতা থেকে যাবার সময়ে রবীন্দ্রসংগীতের যে-স্বরলিপি নিয়ে গিয়েছিলেন, তা থেকে গান তুলে অন্য সৈন্যদের রবীন্দ্রসংগীত শোনাতেন। ১৯২০ সালের মার্চ মাসে যখন বাহিনী ছেড়ে কলকাতায় ফিরে আসেন, তখনও স্বরলিপির বইগুলো ছিলো তাঁর বাক্সে।
নজরুল ছিলেন ফুর্তিবাজ যুবক। সবাইকে নিয়ে হৈচৈ করে থাকতে ভালোবাসতেন। কলকাতায় ফিরে তিনি প্রথমে ওঠেন এক ব্ন্ধু—শৈলজানন্দের হস্টেলে। সেখানে কদিন থেকেই চলে যান কলেজ স্ট্রীটের একটা মেসে। এই মেসে বিভিন্ন সময়ে থাকতেন মুহম্মদ শহীদুল্লাহ, মুজফ্ফর আহমদ, মোজাম্মেল হক, আফজালুল হক প্রমুখ। প্রথম দিনই তাঁকে ঘিরে সেখানে গানের আড্ডা বসে। তারপর এই আড্ডা চলতে থাকে রোজ। নিমন্ত্রিত হয়ে অন্য মেসেও তিনি যেতেন গান শোনাতে। তখন তিনি গাইতেন রবীন্দ্রসংগীত আর হিন্দী-উর্দু গান। তিনি এতো রবীন্দ্রসংগীত জানতেন যে, তাঁকে বলা হতো রবীন্দ্রসংগীতের হাফিজ। তিনি কেবল গান গাইতেন না, অন্যদের গানও শুনতেন নানা রকমের। শুনতেন, মানে সঙ্গে সঙ্গে শিখেও ফেলতেন।
করাচি থেকে ফেরার মাসখানেক পর 'উদ্বোধন' নামে একটা গান লিখেও ফেলেন। সেটা প্রকাশিত হয় 'মোসলেম ভারত' নামে একটা মাসিক পত্রিকায়। পত্রিকার প্রকাশক ছিলেন তাঁর সহ-মেসবাসিন্দা আফজালুল হক। পত্রিকা সম্পাদনার কাজও করতেন তিনি (আফজালুল হক)। সে যাই হোক, যে-গানটা তিনি লিখেছিলেন, সেটা ঠিক গান হয়নি, কোনোদিন গাওয়াও হয়নি। পঁচিশ লাইনের লম্বা গান, তার ওপর কঠিন কঠিন শব্দ দিয়ে লেখা। তাকে গানের ভাষা বলা যায় না। সুর দেওয়াও তিনি তখন পর্যন্ত শেখেননি। কিন্তু এ রকম গান নাম দিয়ে—আসলে কবিতা—তিনি এর পরেও লেখেন। এমন কি, এ রকম তথাকথিত গানের ওপরে সুর-তালের নামও লিখে দেন। কিন্তু এগুলো সত্যিকার গান নয়। তাঁর লেখা প্রথম যে-কবিতাটি গানের কাঠামোয় লেখা এবং গান হিসেবে পরে গাওয়া হয়েছে, সেটি হলো 'কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট।' প্রথম গানটাই বিদ্রোহের গান! এ গানটা রচনা করার দু-তিন সপ্তাহ আগেই তিনি লিখেছিলেন তাঁর বিখ্যাত 'বিদ্রোহী' কবিতাটি, যে-কবিতার নাম অনুসারে তাঁর নিজের নামই হয়ে গিয়েছিলো 'বিদ্রোহী কবি'।
'কারার ঐ লৌহ কপাট' কবিতাটি তাঁর প্রথম সত্যিকার গান। এর কাঠামো ছিলো গানের। তিনি রবীন্দ্রনাথের রচিত যেসব গান গাইতেন, অনেকটা তারই মতো। যদিও একটু বেশি লম্বা। গানটা তিনি লিখেছিলেন ১৯২৩ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে। এর এক মাস আগে তখনকার নাম-করা নেতা 'দেশবন্ধু' চিত্তরঞ্জন দাসকে গ্রেফতার করা হয়েছিলো। নজরুল তাতে নিশ্চয় দারুণ ক্ষুব্ধ হয়েছিলেন। এমন সময়ে চিত্তরঞ্জনের স্ত্রী বাসন্তী দেবী নজরুলের কাছে একজন লোক পাঠিয়েছিলেন একটা কবিতার জন্যে—তাঁর পত্রিকায় ছাপাবেন বলে। তা নজরুল সেই ভদ্রলোককে বসিয়ে রেখে তক্ষুণি এই গানটি লিখে দেন। নিশ্চয় গানটা তাঁর মাথায় আগে থেকেই ঘুরপাক খাচ্ছিলো। চিত্তরঞ্জন যে-কারাগারে বন্দী ছিলেন, সেখানে এ গানটি গাওয়া হয়নি; গাওয়া হয়েছিলো সম্ভবত স্বয়ং নজরুল যখন কারাগারে, তখন। আর বিদ্রোহের কথা ছিলো বলে গানটি রেকর্ডে গাওয়া হয়েছিলো ১৯৪৯ সালে। ভারত স্বাধীন হওয়ার পরে।
এর পরের মাসে নজরুল গিয়েছিলেন কুমিল্লায়। সেখানে এক বিক্ষোভ-মিছিলে গাইবার জন্যে তিনি আর-একটি গান লিখেছিলেন। গানটিতে তিনি সুরও দিয়েছিলেন। তারপর গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গান গাইতে গাইতে মিছিলের সঙ্গে যোগ দিয়েছিলেন। এটিও তাঁর গান লেখার একটি ধাপ। কাঠামোর দিক দিয়ে গানটি অবশ্য দুর্বল—অতিরিক্ত লম্বা। তবে এভাবেই তিনি ধীরে ধীরে গানের জগতের দিকে এগিয়ে যান।
পাশাপাশি চলতে থাকে তাঁর জীবনের অন্যান্য কাজ। প্রেমের টানে কুমিল্লায় গমন, সেখানে সপ্তাহের পর সপ্তাহ বসবাস। বেকার জীবন। আয়ের কোনো পথ নেই। মাঝেমধ্যে টাকা চেয়ে বন্ধুদের চিঠি লেখেন। তারই মধ্যে কলকাতা থেকে চাকরির একটা প্রস্তাব আসে। তাই কলকাতায় ফিরে যান। কিন্তু মওলানা আকরম খানের পত্রিকায় মাসখানেকও কাজ করা হলো না। এর পর এলো এক অবাঙালি ভদ্রলোকের প্রস্তাব—প্রস্তাবটা হলো একটা পত্রিকা প্রকাশের। তবে মূলধন সর্বসাকুল্যে আড়াই শো টাকা। এই টাকা দিয়ে পত্রিকা প্রকাশ করা কোনোক্রমেই সম্ভব নয়। তা সত্ত্বেও নজরুল পত্রিকা প্রকাশ করলেন। বিদ্রোহী কবির পত্রিকা, চললোও গরম পিঠের মতো। কয়েক সপ্তাহের মধ্যে কলকাতার তাবৎ পত্রিকার মধ্যে সবচেয়ে বেশি বিক্রির মাইল-ফলকে পৌঁছে গেলো। সত্যি সত্যি, আতশবাজির মতো মুহূর্তে উত্থান এবং পরের মুহূর্তে পাথরের মতো সশব্দে পতন।
নজরুলের স্বভাব এমন ছিলো যে, যখন যেটা ধরতেন, সেটা নিয়েই মেতে থাকতেন। পত্রিকা নিয়েও তেমনটাই ঘটলো। কিন্তু তা থেকে চাল-চুলোর কোনো সমাধান হলো না। কেবল অগ্নিশ্রাবী কিছু কবিতা লেখা হলো। অসুরের সঙ্গে লড়তে গিয়ে সুরের চর্চা কিছু কালের জন্যে বন্ধ হলো। তবে তিনি পত্রিকার পাতায় ইংরেজ-মুক্ত স্বাধীন ভারতভূমির দুঃসাহসিক ঘোষণা দিলেন। বিচারও হলো প্রায় সঙ্গে সঙ্গে। পরের বছরের গোড়ায় এক বছরের জেল হলো। জেলে গিয়ে অনশন করলেন। প্রায় মুমূর্ষু হলেন তার ফলে। এই পরিবেশে কবিতা লেখা হয়? গান তো হয়ই না। তবে কেউ কেউ দাবি করেছেন যে, 'এই শিকল পরার ছল আমাদের এই শিকল পরার ছল' গানটা জেলে থাকার সময়ে লিখেছিলেন। এ সম্পর্কে কিছু সন্দেহ থাকলেও 'জাতের নামে বজ্জাতি' গানটা যে তিনি জেলে থাকার সময়েই লিখেছিলেন এতে সন্দেহ নেই।
প্রাণ ধারণের লড়াই শুরু হলো জেল থেকে বেরিয়ে। ১৯২৫ সালটাই গেলো সেই লড়াইতে—গর্ভবতী দুলিকে নিয়ে উদ্বেগ, এপ্রিলে রেখে-ঢেকে বিবাহ, তারপর সংসারের জোয়াল টানা। দারুণ অভাবে কাটলো সারাটা বছর। তার ওপর অগস্ট মাসে প্রথম সন্তানের জন্ম। তার পরপর তিন-চার মাস কাটলো নির্বাচনের প্রার্থী এক বন্ধুর জন্যে ক্যানভাস করে। বন্ধু নির্বাচনে হেরে গেলেন। অপর পক্ষে, নজরুল ম্যালেরিয়া আর রক্ত আমাশয় বাধিয়ে মারা যেতে যেতে বেঁচে গেলেন। নভেম্বর মাসে বামপন্থী জ্যেষ্ঠ বন্ধুদের নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং সে দলের নাম দেন 'লেবার স্বরাজ পার্টি'। দলের মুখপত্র হিসেবে তাঁরা 'লাঙল' নামে একটি পত্রিকা প্রকাশ করেন ডিসেম্বর মাসের মাঝামাঝি। সেই পত্রিকার জন্যে তিনি লিখে ফেললেন 'সাম্যবাদী' নামে একটি কবিতাগুচ্ছ। গানের কথা ভাববেন কখন?
১৯২৬ সালের প্রথম সপ্তাহে হুগলী থেকে সপরিবারে তিনি চলে যান কৃষ্ণনগরে—সেখানে বসবাস করবেন বলে। কৃষ্ণনগরের একজন বামপন্থী এমএলএ—হেমন্তকুমার সরকার নজরুল-পরিবারকে তাঁদেরই একটা পুরোনো বাড়িতে বিনে ভাড়ায় থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ভরসায় নজরুল কৃষ্ণনগরে গিয়েছিলেন। হুগলীতে যে-বাড়িতে থাকতেন, তার ভাড়া জোটাতে গিয়ে বারবারই তিনি বিব্রত বোধ করছিলেন। কৃষ্ণনগরে বাড়িওয়ালাকে এড়ানোর জন্যে পালিয়ে বেড়াতে হলো না। যদিও লেবার স্বরাজ দলের কাজ এসে পড়লো তাঁর মাথায়। এর জন্যে বেশ কয়েক মাস তাঁর ব্যস্ত থাকতে হয়েছে। তা সত্ত্বেও, বহু দিন পর অপেক্ষাকৃত এই শান্ত পরিবেশে তিনি প্রথমবারের মতো গানের কথা ভাবতে পারলেন। তবে যে-গান কটা তিনি এ সময়ে লিখলেন, সেগুলো লিখেছিলেন রাজনৈতিক প্রয়োজনে। প্রথম যে-গানটা লেখেন—'কৃষাণের গান' (ওঠ রে চাষী জগদ্বাসী), সেটি ছিলো 'নিখিল বঙ্গীয় প্রজা সম্মেলনের' উদ্বোধনী সংগীত। কৃষ্ণনগরে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসের ৬ ও ৭ তারিখে। নজরুল নিজেই গানটি গেয়ে শোনান। পরের দিনের 'বেঙ্গলি' পত্রিকার খবরে বলা হয় যে, শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো গানটি শুনেছিলেন।
নজরুল এর পরের গানটি লেখেন মার্চ মাসের শুরুতে। গানটির নাম 'ধীবরদের গান' (আমরা নীচে পড়ে রইব না আর শোনরে ও ভাই জেলে)। তিনি এ গানটি গেয়ে শোনান মাদারীপুরে অনুষ্ঠিত 'নিখিল বঙ্গীয় ও আসাম প্রদেশীয় মৎস্যজীবী সম্মেলনী'তে। শ্রোতারা গানটি শুনে মুগ্ধ হন।
এর পর মে মাসের শেষ দিকে কৃষ্ণনগরে অনুষ্ঠিত হয় প্রাদেশিক কংগ্রেসের বার্ষিক অধিবেশন। দুদিনের এই অধিবেশনের জন্যে নজরুল অন্তত দুটি দেশাত্মবোধক গান রচনা করেন। এর মধ্যে একটি হলো তাঁর বিখ্যাত গান 'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার'। এক সময়ে বিশ্বাস করা হতো যে, গানটি নজরুল গেয়েছিলেন দিলীপকুমার রায়ের সঙ্গে একত্রে। কিন্তু খবরের কাগজে যে-প্রতিবেদন প্রকাশিত হয়, তাতে নজরুলের কথাই বলা হয়েছে। দিলীপকুমার রায়ের নাম নেই। মুজফফর আহমদ এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। তিনিও দিলীপকুমার রায়ের কথা উল্লেখ করেননি। বস্তুত, তখন দিলীপকুমার রায় আদৌ কৃষ্ণনগরে ছিলেন বলেই মনে হয় না।
মোট কথা, দীর্ঘ বিরতির পর নজরুল নতুন করে গান লিখতে আরম্ভ করেন এ বছরের প্রথম দিকে। এ গানগুলো তাঁর সৃজনশীলতা থেকে উৎসারিত বলে মনে হয় না, বরং এ গানগুলো ছিলো তাঁর ফরমায়েসী রচনা। প্রেম অথবা প্রকৃতি নয়, দেশ এবং রাজনীতি ছিলো এ গানগুলোর বিষয়ব্স্ত। বছরটা তাঁর কাটেও রাজনৈতিক কাজে। হেমন্তকুমার সরকারের সঙ্গে তিনি কয়েকটা সম্মেলনের যোগদান করেন। তারপর তাঁরই সঙ্গে যান প্রথমে ঢাকা, তারপর চট্টগ্রামে। চট্টগ্রামে হবিবুল্লাহ বাহারের বাড়িতে থাকার সময়ে তাঁর মনে আবার কবিতা এবং গান এলো।
তবে সৃজনশীলতার এ প্রেরণা ছিলো সাময়িক কালের জন্যে। কারণ, অক্টোবর মাসে তিনি আবার রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন এবং স্বরাজবাদী কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। ঢাকা বিভাগ থেকে কেন্দ্রীয় আইন সভার মুসলিম আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারেও তাঁর হাতে সম্বল ছিলো ২৫০/৩০০ টাকা। টাকাটা দিয়েছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। নির্বাচনে তিনি এতো কম ভোট পেয়েছিলেন যে, তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছিলো। নির্বাচন শেষে চব্বিশে নভেম্বর তিনি ম্যালেরিয়া এবং রক্ত আমাশয়ে আক্রান্ত হয়ে দারুণ জ্বর নিয়ে কৃষ্ণনগরে পরিবারের কাছে ফিরে যান। শিশু পুত্র-সহ তাঁর স্ত্রী এবং শাশুড়ি তখন খুব অর্থকষ্টের মধ্যে ছিলেন। বাড়িতে গিয়ে শয্যাশায়ী হওয়ার আগে নজরুল এক-টানা একটি গজল রচনা করেন। তারপরই জ্বরে প্রায় অজ্ঞান হয়ে যান।
এ গজলটি হলো: বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিস নে আজি দোল। নজরুলের লেখা প্রথম গজল; বাংলা সাহিত্যেরও প্রথম সত্যিকার গজল। এর আগে অতুলপ্রসাদ একটি অথবা দুটি গজল লিখেছিলেন বলে কেউ কেউ বলেছেন। কিন্তু সুর থেকে তাদের গজল বলে চেনা যায় না। অপর পক্ষে, নজরুলের প্রথম গজলই বাংলা গজলের ইতিহাসে একটি খুব সফল এবং জনপ্রিয় গজল। গানটি তিনি রচনা করেন একটি উর্দু গজলের সুরে। মনে হয়, মনে মনে তিনি গজলটি আগে থেকেই রচনা করেছিলেন। এর চোদ্দো দিন পরে রচনা করেন তাঁর দ্বিতীয় গজল।
একবার এই গজল দুটি লেখার পর তিনি আর পেছনে ফিরে তাকাননি। মনে হয় গজলের নেশায় তিনি মাতাল হয়েছিলেন। বসলেই গজল লিখতে পারতেন। তা ছাড়া, তিনি দেখলেন, কবিতা রচনার চেয়ে গজল থেকে টাকাও পাওয়া যায় বেশি। প্রতিটা গজলের জন্যে দশ টাকা! এই সাফল্য থেকেই দু-তিন বছরের মধ্যে তিনি গানের জগতে প্রবেশ করেন পেশাদার হিসেবে। কবি নজরুল এর পরও ১৯৩০ সাল পর্যন্ত কোনোক্রমে বেঁচেছিলেন। কিন্তু ক্রমশ কবি নজরুলকে পেছনে ফেলে সামনে এসে দাঁড়ান গীতিকার নজরুল, সুরকার নজরুল।
