২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পীর বিদায়: শোকের নতুন মাত্রা

তুষার দাশ

Published : 16 Aug 2020, 05:22 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


বশীর ভাইয়ের সংগে নানামুখী যোগাযোগ আমার। তাঁর সবচেয়ে বড়ো ভাতিজী আমার অন্নদাত্রী ছিলেন ৬ বছর– এ্যাডকমে। রাহমান ভাইদের বন্ধু আর কবি-ঔপন্যাসিক-শিল্পী হিশেবে অন্য এক যোগাযোগ। তাঁর বড়ো মেয়ে আমার সহকর্মী ছিলো বলে আরেক যোগাযোগ। চট্টগ্রামে বশীর ভাইয়ের বাসায় গেছি মেয়ের সুবাদে। ভাবীর সংগে আলাপ হয়েছিলো। বশীর ভাই ছিলেন না। তাঁর বহু স্কেচে ঋদ্ধ হয়ে চট্টগ্রাম থেকে বেরিয়েছিলো এক কবিতার সংকলন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুবাদে আর ওখানে থাকার কারণে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেরই সংগে ছিলো তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ।
তাঁদের মারফৎ পেতাম বশীর ভাই সম্পর্কে নানান মজার মজার সব গল্পের অবিরত ইশারা।

পরে বশীর ভাইকে দেখেছি দূর থেকে অনেকবার। আল্ট্রামেরিন লিখে তিনি যখন হৈচৈ ফেলে দিলেন, সে সময় দুয়েকবার বিচিত্রায় তাঁকে দেখেছি মনে হয়। এরকম অজস্র খুচরো স্মৃতি আছে তাঁকে নিয়ে। কিন্তু, আমাকে, এই বেঁটেখাটো সিংহটির মুখে, একেবারে খাঁচার ভিতরে ফেলে দেয়ার নির্মমতাটি করেছিলো আমার একসময়কার ঊর্ধতন কর্মকর্তা, পরে বন্ধু ও একদার ব্যবসায়িক অংশীদার, "আমার ছবি" অনুষ্ঠান খ্যাত উপস্থাপক শফিউজ্জামান খান লোদী। বশীর ভাইয়ের দীর্ঘ ভিডিও সাক্ষাৎকার নিতে হবে। লোদীর আবদার, অনুরোধ, হুকুম, সব একসংগে। আমি প্রমাদ গুনি। তাঁর বাবাকে ইন্টারভিউ করার কথা বললেও এতটা অস্বস্তি হতো না। কারণ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে দু-চার বাক্য জানি। কিন্তু তাঁর ছোট ছেলে, জন্মবিপ্লবী (তাঁর জন্মের ভয়ংকর কাহিনী শুনিয়েছিলেন আমাদের, বিশেষ করে তাঁর মায়ের কষ্টের কথা), বাবা রুমাল ছিঁড়ে কালো কাপড় হাতে বেঁধে ভাষা আন্দোলনের মিছিলে পাঠিয়েছিলেন (এসব সবাই জানে), শিল্পী-সহপাঠী আমিনুল ইলাম আর তিনি একসংগে প্রথম হওয়া সত্বেও শিল্পাচার্য জয়নুল আবেদীন তাঁকে শিক্ষক হিশেবে সেই সময়ের আর্ট কলেজে নেননি, আমিনুল ইসলামকে নিয়েছিলেন (এই তথ্যও অনেকেই জানেন)। এসব দিয়ে তো ৩০ মিনিটের ইন্টারভিউ হবে না। লোদীর ওপর আমার মেজাজ খারাপ হতে থাকে। আর আমার কাঁধে হাত রেখে অভয়বাণী শোনান বশীর ভাই। আমরা আলোচনায় বসি। তিনি আমাকে জিজ্ঞেস করেন, কি কি বিষয়ে আমি তাঁকে প্রশ্ন করবো। আমি, সচরাচর যেসব বিষয় সাক্ষাৎকারে দেখেছি ও পড়েছি, সেই আলোকে বলি। তিনি আমাকে ফেরান ইতিহাসের দিকে। তাঁর সময়ের দিকে। তাঁর প্রিয় শিল্পীদের মুখের দিকে। তাঁর টানা কথাবার্তা চলতে থাকে আমার ছোট ছোট প্রশ্নের উন্মুখতায়।

মদিগ্লিয়ানি কেন তাঁর প্রিয় শিল্পী— এই প্রশ্নের উত্তরে আলোকিত উজ্জ্বল হয়ে ওঠেন তিনি। কিন্তু একজন শিল্পী যে, নির্দিষ্ট কোনো কাঠামো বা প্রিয়তার ভেতর বেশিদিন থাকেন না, নতুনতর যাত্রাপথে ছুটে চলেন অন্যতর এক দিগন্তের সন্ধানে, সে সত্যেরও তো ব্যত্যয় খুব কম।

আমাদের দেশের পঞ্চাশের দশকের উজ্জ্বল একেকটি ইতিহাসমুদ্রিত নক্ষত্রের এধরনের ক্রমাগত নিভে চলা আমাদের কতটা শূন্য ও অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছে, এ মুহূর্তে টের পাওয়া না গেলেও সামনের সম্মিলিত প্রতিরোধ ক্ষেত্রে দিশা দেখানোর সোনালি দ্রষ্টাদের অভাব আমরা ঠিকই বোধ করবো।