২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হালের কাছে মাঝি আছে, করবে তরী পার

আবদুস সেলিম আবদুস সেলিম

Published : 22 May 2020, 09:32 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


১.
তিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন না। ১৯৬৩ সালে উনাকে দেখেছিলাম স্বচক্ষে—লম্বা পাতলা মানুষ, ঢিলেঢালা পাজামা ও প্রায় আজানুলম্বিত পান্জাবী পরা, সামান্য লম্বাটে মুখমন্ডল, নাকের নিচে কালো গোফ। সেময় শুনেছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে ছিলেন-অর্থাৎ বাংলা বিভাগ, এবং যে বিভাগের ছাত্র আমি ছিলাম না, সে বিভাগের তরুণতম পিএইচডি-ধারী অধ্যাপক। অন্য বিভাগের ছাত্র হয়েও যেসব শিক্ষকের নাম আমরা শ্রদ্ধাভরে উচ্চারিত হতে শুনতাম তিনি তাদের অন্যতম একজন ছিলেন।

পাকিস্তান-ভারত যুদ্ধের অব্যবহিত পরেই ১৯৬৫ সালের কোনো এক সময় পুরো কলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়রে বর্তমান কলা ভবনে স্থানান্তরিত হয়। প্রায় ঐ সময়কালের একটি মজার ঘটনা বেশ মনে পড়ে। খাজা সার্জিল হাসান (প্রয়াত) আমার সহপাঠী ছিলো—পুরোনো ঢাকা থেকে প্রতিদিন সাইকেল চালিয়ে ক্লাস করতো কলা ভবনে। কলা ভবনের দোতলার একদিকে ছিল বাংলা এবং অপরদিকে ইংরেজি বিভাগ, ফলে দু'বিভাগের ভেতর একটা নিকট যোগসূত্র ছিল। সার্জিল তার সাইকেলটি তালা দিয়ে রাখতো নিচতলার সিঁড়ির নিচে। একদিন ওকে রাজি করিয়ে সাইকেলটা দোতলায় এনে করিডোরে দিব্যি চালাচ্ছিলাম! হঠাৎ পেছন থেকে একটি হাতের স্পর্শ আমার পিঠে, আর সে সাথে কানে শুনলাম ভরাট গম্ভীর কন্ঠস্বর, 'এটা করিডোর, সাইকেল চালাবার রাস্তা নয়।' দ্রুত সাইকেল থেকে নেমে দেখি ড. আনিসুজ্জামান স্বয়ং। এভাবেই তার সাথে আমার প্রথম মুখোমুখি হওয়া এবং তার বক্তব্যের নীতিশিক্ষা: সঠিক স্থানে সঠিক কাজটি করা। না, এ শিক্ষা আমার তাৎক্ষণিক হৃদয়ঙ্গম হয়নি, হতে সময় লেগেছে!

আমার সাথে যে তার ঘনিষ্ঠ মেলামেশা ছিল তা আমি দাবি করতে পারব না কোনক্রমেই। তবে তিনি যে দীর্ঘদিন তার পরিচিতদের মতোই আমার খোঁজ রাখতেন তা প্রথম বুঝলাম যখন গত নব্বুয়ের দশকে আমার তদানিন্তন কর্মস্থল বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের অফিসে এলেন তার একটি ছোট্ট প্রয়োজনে। এরপর অনেকবার বিভিন্ন আলোচনামঞ্চে দেখা হয়েছে, কুশল বিনিময় হয়েছে—উনার বাংলা-ইংরেজি উভয় ভাষার বক্তৃতা, আলোচনা-পর্যালোচনা, সভাপতির বক্তব্য শুনেছি এবং বুঝেছি ঐ দুটি ভাষাতেই তার পারদর্শিতা অসামান্য। আমার অনুবাদ ও অনুবাদ বিষয় নিয়ে আলোচনা, বক্তব্য, যুক্তিতর্ক ইত্যাদিতেও তার মতামত ও প্রশংসা পেয়েছি এবং এক দিনের তার সবচাইতে স্মরণযোগ্য মন্তব্য 'succinct' শব্দটি এখনও আমি আমার কানে স্পষ্ট শুনতে পাই! নীতিশিক্ষাটি হলো: ছোটবড় বিচার্য্য নয়, অমায়িক স্বাচ্ছ্যন্দে সকলের প্রাপ্য স্বীকৃতি প্রদান!

সেই স্বীকৃতির আর এক প্রকাশ ২০১৪ সালে। শিল্পকলা একাডেমিতে নাটক দেখতে গিয়েছিলাম। উনিও সেখানে উপস্থিত ছিলেন। আমি উনার কাছ থেকে দূরেই বসেছিলাম। হঠাৎ দেখি উনি আমার সামনে। আমি উঠে দাঁড়ালে অনুরোধ করলেন সুরমা জাহিদ-এর বিরাঙ্গনাদের সত্য ঘটনা নিয়ে লিখিত একটি বাংলা বই ইংরেজিতে অনুবাদ করবার। অনুবাদে উনি আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এবং অনূদিত বইটির নাম Violated in 1971— উনিই ঠিক করে দেন। শুধু তাই নয়, বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইটির জন্য একটি নাতিদীর্ঘ ভূমিকাও স্বতঃপ্রণোদিত হয়ে লিখে দেন তিনি।

২.
শুরুতেই বলেছি আমি তার সরাসরি ছাত্র ছিলাম না এবং ঘণিষ্ঠতমদের মধ্যেও কেউ না। কিন্তু আমি একান্তই আমার নিজস্ব প্রান্ত থেকে, দূরত্ব থেকে, নিরপেক্ষভাবে যে নিরীক্ষণ করেছি সে বিষয়টি তুলে ধরতে চাই।
তার বিষয়ে আমার প্রথম রূপক চিন্তা হলো রবীন্দ্রনাথ ঠাকুর-এর 'ওরে ভীরু . . . হালের কাছে মাঝি আছে, করবে তরী পার'। তার মৃত্যুর পর একাধিক মানুষ তাদের আলোচনায়, লেখায় একাধিকবার উচ্চারণ করেছেন, আমরা যখন অভাবনীয় জাতীয় সংকটে নিমজ্জিত হয়েছি, ভীত-সন্ত্রস্ত দিশেহারার মত ঘুরেছি, পথ খুঁজেছি পরিত্রাণের তখন তিনিই ছিলেন আমাদের 'মাঝি'। তিনিই ধরেছেন হাল, তরী করেছেন পার। আমাদের অনুভবে অনুভূতি দিয়েছেন নির্বিকার চিত্তে: 'তুফান যদি এসে থাকে তোমার কিসের দায়— . . ./আসুক নাকি গহন রাতি, হোক না অন্ধকার—/. . . হালের কাছে মাঝি আছে, করবে তরী পার।' সেই 'মাঝি', সেই আনিসুজ্জামান তুফানের সাথে লড়াই করে 'ভীরু' আমাদের বারংবার পার করেছেন সংকট সময় থেকে!
আমার দ্বিতীয় রূপক হলো অতুল প্রসাদ-এর সেই গান: 'হও করমেতে বীর হও ধরমেতে ধীর/হও উন্নত শির, নাহি ভয়।. . ./ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান,/. . .নানা ভাষা নানা মত, নানা পরিধান,/বিবিধের মাঝে দেখ মিলন মহান;'।
হ্যাঁ, তিনি কর্মে বীর ছিলেন—-তার ছত্রছায়ায় আমরা স্বৈরশাসনের প্রতিবাদ করেছি এবং তার ব্যাক্তিত্বের অপ্রতিরোধ্য শক্তি শত্রুদের নিষ্ক্রিয় করেছে কার্যকরভাবে। অনেকেই বলে থাকেন বিশেষ একটি রাজনৈতিক দল ও সরকারের প্রতি উনার পক্ষপাত ছিল, কিন্তু আমি অনেকবার শুনেছি তারই প্রশ্রয়ে, ছায়ায় ঐ সরকারের সমালোচনা হতে। এমন কিছু করা এবং তা ধারণ করা শুধুমাত্র তার ব্যাক্তিত্বেই সম্ভব ছিল!
তার গৃহিত ও অনুমোদিত ধর্ম একটি ছিল হয়তো, কিন্তু তিনি যে মানবধর্মে বিশ্বাস করতেন তার পরিচয় পেয়েছি বারবার যার মূলমন্ত্র ছিল: 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'। তিনি ভেদাভেদে বিশ্বাসী ছিলেন না, নানা ভাষায়, নানা মতে তার অটল বিশ্বাস ছিল। সে বিশ্বাসেই বলেছেন শুধু প্রমিত নয় আঞ্চলিক ভাষারও স্বীকৃতি অনিবার্য। আধুনিক বিশ্ব-স্লোগান unity in diversity বা 'বিবিধের মাঝে দেখ মিলন মহান' বিষয়ে তার জ্ঞানগর্ভ আলোচনা আমি বিভিন্ন মঞ্চে শুনেছি।
'আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে!/সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে।।'—এ হলো তার আর এক রূপ ও রূপক! যে মানুষই তাকে কাছে ডেকেছে তিনি দ্বিধাহীন তার কাছে গেছেন। মানুষের জন্যে তার ছিল অগাধ ভালবাসা, ফলে কাউকেই বিমুখ করেন নি। নিন্দুকেরা তার এই প্রকৃতিকে ভাল চোখে দেখেনি। কিন্তু যার জন্মই 'দুই হাতে প্রেম' বিলানোর জন্য তাকে তো বিরত করা সম্ভব নয়!
কিন্তু এত ভালবাসা, এত সহিষ্ণুতা কেন? '. . . আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি—প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম . . .'। একথা প্রেমিক নজরুল-এর কিন্তু আমার অনুভবে মনে হয় আনিসুজ্জামান বোধহয় গভীরে এই উচ্চারণ করেছিলেন নিজের অবস্থান, নিজের বিশ্বাসকে সুসংহত করার জন্য।
আমি বলেছি উনাকে আমি দেখেছি ১৯৬৩-তে ঢাকা বিশববিদ্যালয়ে ভর্তি হয়ে যখন তার বয়স ছিল ২৬। আমার মনে হয়েছে 'অপরাজিত'-এর অপু স্বয়ং। মনে উঠে এসেছে 'তৃষ্ণার শান্তি, সুন্দর কান্তি'-র রূপক। আমি জানি উনাকে ঐ বয়সকাল থেকে, কিংবা আরো আগে থেকে, মৃত্যু পর্যন্ত অনেকেই দেখেছেন। কিন্তু কোন এক অমোঘ কাকতালে 'চিত্রাঙ্গদা,-র ঐ উক্তিটি আমার স্মৃতিতে এসেছে। হতে পারে তার তারুণ্য থেকে বার্ধক্য পর্যন্ত প্রতিটি পর্যায়ে তিনি তার অবয়বে, শরীরে এক 'শান্তি'-র ছটা ছডিয়েছেন এবং তাই তার 'কান্তি' সৌন্দর্যে উদ্ভাসিত হয়েছে! এ শুধু সম্ভব হয়েছে তার ভেতরে যে অলৌকিক নান্দনিক বোধ, মেধা ও প্রেমময়তা বাস করতো তারই কারণে।
১৮৬৫ সালে আব্রাহাম লিংকন-এর হত্যার পর মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যান আক্ষেপ কর একাধিক কবিতা রচনা করেছিলেন যার একটি কবিতার স্তবক এমন: 'হে রাতের আলোছায়া, হে টালটামাল অশ্রুসজল নিশি!/সেই মহান অন্তর্হিত নক্ষত্রকে আজ তুমি ঢেকে রেখেছ/তমসাচ্ছন্ন আঁধারে!/ . . .চারপাশের উত্তাল মেঘমালা আনবে না তো আমার প্রাণের মুক্তি!' আজ ২০২০ সালে সেই কথাগুলোর পুনরাবৃত্তি করতে ইচ্ছে করছে। জানি তিনি লিংকন-এর মতো বিশ্বনেতা ছিলেন না কিন্তু আমাদের এই ছোট্ট আকাশে এক আলো ঝলসানো নক্ষত্রই ছিলেন যিনি অন্তর্হিত হলেন চারধারের উত্তাল মেঘমালায় আমাদের ফেলে রেখে।

সতেরো শতাব্দীর গ্যালিলিওর ছাত্র অ্যান্দ্রিয়া বলেছিল: 'অভাগা সে দেশ যার বীরপুত্র নেই!' গ্যালিলিও তার কথা সংশোধন করে বলেছিল: 'অভাগা সে দেশ যার বীরপুত্রের প্রয়োজন'। ড. আনিসুজ্জামান-এর দেহাবসানে ভয় হয় ঐ দু'টি সংলাপ যেন আমাদের জন্য সত্য না হয়ে উঠে!!