২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুল হাসানের পৃথক পালঙ্ক

omor_sams

Published : 13 Sep 2013, 03:49 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

১. ভূমিকাঃ
অবাক হয়ে পড়ি, আবুল হাসান – আবুল হাসান-এর কবিতা। অক্টোবর, ১৯৭২ পর্যন্ত যখন দেশে ছিলাম তখন কয়েকটি মাত্র পড়েছিলাম। বিদেশে, ৮০-র দশকে, পৃথক পালঙ্ক পড়েছিলাম। পরে যে তুমি হরণ করো হাতে এসেছিল। সেটা অতো মন দিয়ে পড়া হয় নি। আবুল হাসান-এর রচনা সমগ্র বন্ধুদের কাছে দেখেছি। অগ্রন্থিত কবিতাগুলো ভালো করে পড়া হয় নি। ৯০ দশকের শেষ দিকে হাঁস ও মোরগঃ অগ্রজ এবং অনুজের নামে একটি প্রবন্ধ লিখেছিলাম দুই কবির – হাসান ও জীবনানন্দ-র – তুলনামূলক মৃত্যু-চিন্তা নিয়ে। হাসান যেহেতু অসুস্থ ছিলেন, হাসপাতালে থাকতে হতো তাঁকে, তাই এই বোধ-অভিজ্ঞতা তাঁর নিজস্ব, কণ্ঠস্বরও নিজস্ব। ঐ কবিতাগুলো ইউনিক – পরিস্থিতিতে, বোধে, বর্ণনায়, এবং মমতায় – মৃত্যুকে ভেবেও। লেখাটি সংবাদে প্রকাশিত হয়েছিলো। আবদুল মান্নান সৈয়দ বিস্ফারিত নেত্রে বলেছিলেন, "আপনি আবুল হাসান-কে নিয়ে লিখেছেন?" আমি আর কি বলতে পারি! কারণ এই একটা প্রশ্নের পিছনে অনেকগুলো জিজ্ঞাসা লুকিয়ে থাকে।

হাসান-এর সঙ্গে আমার পরিচয় এবং সংযোগ ১৯৭১-৭২ সনে, অক্টোবর পর্যন্ত। সেই স্বল্প অধ্যায়টুকু টিকা-পাদদেশে দেয়া হলো নিবন্ধের প্রধান গতিকে অব্যাহত রেখে।

২. কবিতা-শক্তির কেন্দ্রঃ

আবুল হাসান-এর কবিতায় কি আছে? বলিব। তবে তার আগে, কবি-মানুষটিকে চেনা দরকার। ওঁর একটি ছোট কবিতার পুরো উদ্ধৃতি থেকেই আবুল হাসান-এর মূলটিকে ধরা যাবে –
ভিতর বাহির
আমার শরীর তোমরা খুঁজে দ্যাখো আছে কিনা!
ভিতরে কোথাও সেই কুমারী মাটির গন্ধ, মানুষের মায়া ও মমতা আজো
আছে কিনা একাকার আর কি কি সেই সব, তোমরা বলো ঐ যে কি সব!
খুড়ে দ্যাখো আছে কিনা মস্তিষ্কে ও হাত ও পা জোড়ায় সেই
ঐ যে কি
মানুষের মনুষ্যত্ব , মর্ম ছেঁড়া জীবনের এপাশ ওপাশ এটা ওটা!
আমার শরীর খোঁড়ো, দুঃখময় আত্মার গাঁথুনি, দ্যাখো আমি ঠিকই
খণ্ডিত ইটের মতো খুলে যাবো সহজেই, কিছুই থাকবে না!
মায়া ও মমতা ছাড়া, মানুষের দুঃখবোধ, ব্যথাবোধ ছাড়া আমি
কিছুই থাকবো না !

জাজ্বল্যমান ভাবে চোখ–মন এই কবিতা পড়ে জেনে যায় যে হাসান-এর কবিতা-শক্তির কেন্দ্র হচ্ছে মমতা ও ভালোবাসা – মানুষ-দেশ-নারী-শিশু- প্রকৃতি-পৃথিবীর জন্য ভালোবাসা। তাঁর সকল অভিজ্ঞতা ও স্মৃতি মৌলিক এক সূত্র-সমীকরণে, এক রাসায়ানিক ঊর্ধ্বপাতনে হাসানীয় ভালোবাসার আলো বিকীরণে রূপান্তরিত হয়ে যায়। একে অন্য নামে বলা যেতে পারে মনুষ্যত্ব, কবির মনুষ্যত্ব । হাসান-এর মায়া-মমতার কথা অনেকেই অনেক আগে বলেছেন। এই শব্দগুলোর মধ্যে একটু মেয়েলিপনার শীতল জল আছে। আমি ধরিয়ে দিতে চাই, হাসান-এর কাব্যিক শব্দ-সঞ্চারিত ভালোবাসার মধ্যে কিন্তু কোন নেতিয়ে পড়া ন্যাকামি ছিলো না। তাঁর বোধ মানবিক যা সঙ্গে-সঙ্গে সততা, কাব্যসততা, অভিজ্ঞতা এবং সর্বোপরি সাহসে সমৃদ্ধ।

৩. কবিতার আধারঃ
আবুল হাসান-এর কবিতার বিষয় : স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ক্ষুধা-দুর্ভিক্ষ, সামাজিক-অর্থনৈতিক – রাজনৈতিক –মানবিক অবক্ষয়, গৃহ-শৈশব-স্মৃতি, প্রেম, মৃত্যুচিন্তা, আকাল-অবক্ষয়কে উত্তীর্ণ করবার জ্বলন্ত আশা। যা বলা হলো, তা শুধু জমির আয়তন ও আল মাত্র ; শস্য, তার ঘ্রাণ-রং-দোলানি, অন্তর্বর্তী ক্ষুদ্র প্রাণী-কীট, পাখি-রোদ-বৃষ্টি–আকাশ-কৃষক এগুলি কিছুই বলা হলো না। অতএব সীমাবদ্ধতার সংকট নিয়েও বলি, হাসানের কবিতায় এইসব আছে : বৃক্ষ, মা, পন্ডিতের মত প্রাণে মোরগ , লক্ষ্মী বউ , পাতা কুড়োনী মেয়ে, ফ্রি স্কুল মিস্ট্রেস, দুপুর ঘুরে ক্লান্ত কিশোর, কালো কৃষকের গান, কাঠমিস্ত্রি, কুমারী, সতী, কামুক, নপুংসক, হাতি, হরিণ, বিড়াল, গণিকা, সাইকেল, তরমুজ, শস্য, পদ্মফুল, বেশ্যালয়, মারী ও বন্যা, বন্দুকের নল, বিপ্লব, গোলাপ , কুরুক্ষেত্র, কবির ভাসমান মৃতদেহ, লোভের ঘৃণার বলি, রক্তদাগ, শস্যগুচ্ছ মানুষের আকাংক্ষা তন্তু, গলিত শুয়োর, শহর-কৃতি–সভ্যতা, শুশ্রূষা , মানুষের মনুষ্যত্ব, মৌমাছি, নেবুফুল, গাভীর দুধের শাদা, রাখাল, উদিত দুঃখের দেশ, অগ্নি আমার, বেদনার বংশধর…….
কি? এই সব শব্দপুঞ্জে, পুঞ্জিত শব্দে কি ষাটের শেষ থেকে উনিশশো পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশের ধবনি–ঘ্রাণ-ঘাম–বর্ণ-কষ্ট-ক্ষুধা-নষ্টামি-সাহস-ঘৃণা–উদ্যোগ-বিপ্লব-পতন-ভালোবাসা পাওয়া যায়? মানে, সে সময়টাকে কি স্পর্শ করা যায় না? যায়। কেননা হাসান-এর সমস্ত কবিতা আপাদমাথা অভিজ্ঞতা প্রসূত – কোন বহিরাগত তত্ত্ব কচ্‌লানো নয়। এবং এই অভিজ্ঞতাগুলোকে কবিতা-শিল্পর যে চোলাই হাসান করেছে তাতে তার নিজস্ব ঘাম-রক্ত-ব্যথা-ভালবাসার পরমাণু মিশ্রিত হয়ে রয়েছে। এবং তাঁর কাব্যিক প্রকাশ নিরঙ্কুশ সততা-সিদ্ধ।

এখানে আর দু-জন কবি, শামসুর রাহমান এবং আল মাহমুদ, যাঁরাও ঐ কালটিকে চিহ্ণিত করেছেন নিজ-নিজ স্বাতন্ত্র্যে, তাঁদের সঙ্গে হাসান-এর প্রতিতুলনার প্রয়োজন। অবক্ষয়ের একধরণের চিত্রণ শামসুর রাহমান ষাটের প্রথম থেকেই করেছিলেনঃ দুঃখ, পার্কের নিঃসঙ্গ খঞ্জ, হরতাল – এই ধরণের কবিতায়। কিন্তু সে আমলে এই ছবিগুলো রাহমান-এর জন্য বেশ কিছুটা এলিয়ট, য়েটস্‌, ডিলান টমাস থেকে ধার-করা। সেইজন্য এসব কবিতায় ওঁর নিজের রক্ত-ঘাম-অনিদ্রা আমি বেশি পাই না, পড়তে ভালো কিন্তু আমি অন্যের অনুরণন পাই – যেন বই পড়ে লেখা নিজস্ব আঁধার থেকে উত্থিত নয়। রাহমান-এর পরবর্তী পর্যায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। এখানে তিনি স্বকীয়, শক্তিমান। বাংলাদেশের এর পরের রাজনৈতিক দুর্যোগ, হতাশা এবং অবক্ষয়ের ছবি তিনি উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ কবিতায় দিয়েছেন। আল মাহমুদ-এর মুক্তিযুদ্ধ ও তার পরের অবস্থার বিষয়ের অল্প কয়েকটি কবিতা আছে। কিন্তু হাসান-এর কবিতার সবচেয়ে বড়ো থিম-ই হচ্ছে স্বদেশের মানুষের-সমাজের অবক্ষয়, সঙ্গে–সঙ্গে আশা ও উত্তরণের কন্য আকূতি। তাঁর বিষয় গুলো হচ্ছে –
• মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
• ক্ষুধা-দুর্ভিক্ষ
• অবক্ষয়
• গৃহ-শৈশব-স্মৃতি
• প্রেম
• মৃত্যুচিন্তা
• অমর আশা
• প্রকৃতি ও সারল্য ধ্বংসের প্রতিবাদ
আমরা সবাই জানি যে সে আমলের প্রায় সকল বাংলাদেশী কবির প্রতিপাদ্য বিষয় এগুলোই। কিন্তু ফারাক হচ্ছে, হাসান কি ভাবে নির্মাণ করেন, কি ভাবে বলেন এবং তিনি কি বলেন।

৪. ঐতিহ্য ও প্রকরণঃ
হাসান তার স্ব-কাল ও স্ব-স্থান থেকে বাংলা কবিতার কালাক্ষে, কি করে নিজের পূর্বসূরী বেছেছেন এবং কি করে নিজের ভিত্তি-পাথর গেঁথেছেন? জবাব দেব। ওঁর শিক্ষার মৌলিক ভিত্তিভূমি তিরিশের কবিরাই; সমসাময়িক উভয় বঙ্গের কবিতা রচনার সঙ্গে তো তিনি স্বাভাবিকভাবে পরিচিত ছিলেন। তাছাড়া ইংরেজ কবিরা, রিলকে, লোরকা, নেরুদা এঁদের কবিতা-বোধও তাঁকে স্পর্শ করেছিলো । হাসান-এর কবিতার ডি এন এ-র মধ্যে আমি ১) জীবনানন্দর সামান্য পরমাণু পাই এবং ২) পরমাণু না হোক জসীমুদ্দীন-আল মাহমুদ ধারার গ্রাম-বাংলাকে দেখে-বুঝে-ধরতে যাওয়ার ইচ্ছার তাপ পাই। এ দুটো তাঁর কবিতার বিশাল ক্যানভাসের রং-রেখা-ফর্মের অবতলে বহু পিছনের পাতলা-ক্ষীণ প্রলেপ হয়ে মিশে গিয়েছে। তাঁর জীবদ্দশার কালের গ্রাম-নগর-মানুষ-সমাজ-আশা-হতাশাকে নিজস্ব রসায়নে পাতন করবার ক্ষমতা তাঁর ছিলো, ফলে হাসান-এর বোধ এবং কণ্ঠস্বর দুটোই তাঁর নিজেরই। এসব কথার বিশ্লেষণ এবং এর জন্য উদাহরণ পরে দেব, এখন শুধু কথা পেড়ে রাখলাম।

বোদলেয়ার-এর Correspondence (প্রতিষঙ্গ) বর্ণিত থিওরি, যে কবিতাকে চিত্রকল্পের ইংগিতে বলতে হবে – হাসান তার দক্ষ ও কুশলী শ্রমিক। এবং তাঁর কবিতায় এক নিজস্ব সূক্ষ্ম শ্রুতিও বিদ্যমান। এই দুই বিচারে তিনি তাঁর সমকালীন রাহমান, মাহমুদ, হক, কাদরী, সৈয়দ, আজাদ (দুইজন) সবার থেকে আলাদা এবং ইউনিক। বেশির ভাগ তিনি গদ্য কবিতা লিখেছেন, অক্ষরবৃত্ত – মাত্রাবৃত্তে বেশ কম, সামান্য স্বরবৃত্তও লিখেছেন। আমি, এখানে এই স্তবকে, তাঁর শুধুমাত্র রাজা আসে রাজা যায় বইটির কবিতাগুলোর ধ্বনি, শ্রুতি, ছন্দ নিয়ে ব্যাখ্যা দেব, যা তাঁর অন্য সকল কবিতার জন্যও একই ভাবে প্রয়োগ করা যায় । এই বইয়ে ৪৭ টি, যার মধ্যে অক্ষরবৃত্ত ৫ টি (আবুল হাসান, মানুষ, বদলে যাও কিছুটা বদলাও, ক্লান্ত কিশোর তোমাকে ভীষণ ক্লান্ত দেখায়, শান্তিকল্যাণ)। মাত্রাবৃত্ত ৩টি (স্বীকৃতি চাই , একলা বাতাস, অগ্নি দহন বুনো দহন), স্বরবৃত্ত ১টি (ঘৃণা)। আবুল হাসান কবিতাটির লয় এতো ঢিমে যে বেশির ভাগ পাঠক এটিকে গদ্য কবিতা ধরে পড়বেন। একলা বাতাস কবিতায় "কোন আগুনের স্পর্শ নেবে রক্তে কি প্রব্লেম", এই ধাক্কায় একটু স্বরবৃত্তের মেজাজ মিশে যায়। তেমনি ক্লান্ত কিশোর তোমাকে ভীষণ ক্লান্ত দেখায় কবিতাটি স্বর বৃত্তেও পড়া যায়, যদিও দ্রুত শোনায়। অগ্নি দহন বুনো দহন কবিতাটির প্রতিটি লাইন (৩x৬ + ২) হিশেবে লেখা ৬টি ৪ লাইনের স্তবকে। এই জন্য কবিতাটির বুনোন স্বরক্ষেপে জমাট। প্রতি নির্জনের আলাপ, কবিতাটি – মিশ্র ছন্দে লেখা।

Image
border=0

হাসান-এর কবিতার ভাষা এবং শ্রুতির কথা বলবো । তিনি সুধীন্দ্রনাথ, বিষ্ণু দে, বুদ্ধদেব ( যে আঁধার আলোর অধিক ), এঁদের ফর্মের কর্সেটে আঁটসাঁট টাইপের কবিতা প্রায় লেখেন নি। তাঁর ভাষা কথ্য কথার দোসর। গদ্য কবিতা বেশি লিখেছেন, অক্ষরবৃত্ত বেশির ভাগ ঢিমে : যেমন আবুল হাসান, যা গদ্য কবিতার মতোও পড়া যায়। আবার স্বল্প ছন্দের কবিতা স্বরবৃত্তের কাছাকাছি মাত্রাবৃত্তে যে সবে হাসান হাল্কা ধ্বনিতে গুরু উচ্চারণ করেন। তাঁর কবিতার সুর তিনটে মাত্রা ধারণ করে থাকে : ১. অনুপ্রাস, ২. প্রশ্ন-র ধাক্কা, ৩. ছোট-ছোট পুনরাবৃত্তির চলন। হাসান অনুপ্রাস অহরহ ব্যবহার করেন কিন্তু সূক্ষ্মতার সঙ্গে, উদাহরণ পাঠক অনায়াসেই পাবেন তাঁর বইয়ের পাতা খুললে। তিনি প্রচুর প্রশ্নের প্রক্ষেপ করেছেন – বোধ এবং সংবেদন কে আরো তলার থেকে উথ্‌লে দেবার জন্য, পাঠককে অনুভূতির আরেকটু গভীরে টেনে নেবার জন্য। তাঁর প্রথম বইয়ের প্রথম কবিতাই, আবুল হাসান, প্রশ্ন জর্জরিতঃ
এটা সেই পাথরের নাম নাকি? এটা তাই?
এটা কি পাথর নাকি কোন নদী? উপগ্রহ? কোন রাজা?
পৃথিবীর তিনভাগ জলের সমান কারো কান্না ভেজা চোখ ?
মহাকাশে ছড়ানো ছয়টি তারা ? তীব্র তীক্ষ্ণ তমোহর
কী অর্থ বহন করে এই সব মিলিত অক্ষর?
(আবুল হাসান/ রাজা যায় রাজা আসে )
১৯৭৩ সনে বিচিত্রায় প্রকাশিত একটি কবিতা, আদিজ্ঞান (অগ্রন্থিত কবিতার মধ্যে সঞ্চয়িত), পড়লে নেরুদা-র El Libro de Preguntas (জিজ্ঞাসার কেতাব) বইটি মনে পড়ে যায়। সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাস উভয়েই প্রশ্নকে নিজ-নিজ উচ্চারণে ব্যবহার করেছিলেন এক কালে। নেরুদা-র নজীর মনে ছিলো কি না , তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যবহার এবং তার মধ্যে হাসানের স্বগত স্বনন । আমি আরো একটি উদাহরণ দিচ্ছি :
আমি কি তবে চলে এলাম? সত্যি সত্যি রক্ত ক্ষুরে
অনেক দূরে চলে এলাম?
……………
ঝরা পাতায় যেমন আসে হেমন্ত কাল, শিল্পঘন সকাল ফেলে চলে এলাম?
……………..
চলে এলাম?
দুপুর থেকে অভিমানের পাতলা ছায়া সম্বলিত একলা বিকাল
যেমন আসে, চলে এলাম?
তাই কি এখন হুলুস্থূল হত্যকেও বলছি কলুষ ক্লান্তি আকাল?
তাই কি মাতাল অন্ধ একাল কাটে তমাল শূন্য ছায়ায়, শূন্য ছায়ায়?
এই আমি এই কোথায় এলাম? কোথায় এলাম?
(অগ্নি আমার! অগ্নি আমার!/ অগ্রন্থিত কবিতা)

আধুনিক কবিতায় পুনরাবৃত্তির নকশা এখন পুরনো চলন – ওয়াল্ট হুইটম্যান থেকে শুরু করে দেশি-বিদেশী বহু কবি ব্যবহার করেছেন। শামসুর রাহমান এবং সুনীল গঙ্গোপাধ্যায়–এ এর প্রচুর নজীর। রাহমান-এর ক্রিয়া-পৌনঃপুনিকতা ( আমার বয়স ……… চুমো খায় ……… আমার বয়স পড়ে ……… আমার বয়স গোনে ……… আমার বয়স কাশে ……… আমার বয়স ছুটে যায় ……… // বাংলাদেশ স্বপ্ন দ্যাখে ) কিম্বা গঙ্গোপাধ্যায়–এর (হে জীবন, সুস্থির জীবন, তুমি যেও নাক ……… হে জীবন, সুস্থির জীবন, তুমি ঝুলে ……… হে জীবন, সুস্থির জীবন, তুমি … মাছ খেতে ……… হে জীবন, সুস্থির জীবন, তুমি …… হও ……… // একটি ঐতিহাসিক চিত্র ), এই জাতীয় ব্যবহার হাসান করেন নি। তাঁর একটা নিজস্ব চলন আছে যা দিয়ে তিনি ধ্বনি এবং সংবেদন উভয়কেই তীব্রতর করতে সক্ষম। উদাহরণ :
অগ্নি আমার! অগ্নি আমার!, (অগ্রন্থিত কবিতা), এই কবিতাটিতেই (উপরে আংশিক উদ্ধৃত), "চলে এলাম", "কোথায় এলাম" পুর কবিতাটিতেই রণিত হয়ে চলেছে। কবিতাটি গদ্য কবিতা, কিন্তু "কড়া নাড়ে না"-র পুনরাবৃত্তি , "ফুলে টুলে …… সম্বোধির মূলে", "ফিরে আসে …… যেমন ভাসে" " শরীর …… গভীর", " ধর্ম ছিলো …… মর্ম ছিলো …… স্পষ্ট ছিলো" — সব মিলে হাসানীয় ধ্বনি মর্মরিত করে।
আর একটি কবিতা, এক ধরণের প্রতিবাদ , (অগ্রন্থিত কবিতা)। প্রথম কিছু পঙক্তির পাঠে অনুভব করুন হাসানীয় শ্রুতি সূক্ষ্মতা :
যেখানেই যাই শুধু ক্ষুধার চিৎকার শুধু ক্ষুধার চিৎকার শুধু
তোমাদের অনশন! তোমাদের অনশন! তোমাদের অনশন!
আর আমার ভাল্লাগে না! আর আমার ভাল্লাগে না! ভাল্লাগে না!
তোমাদের পিছনে প্লাবন! তোমাদের পিছনে প্লাবন!
তোমাদের সামনে শত সহস্র প্রজ্বলন, শত সহস্র শত সহস্র
শত সহস্র লেলিহান শত সহস্র শত সহস্র শত সহস্র

তোমাদের ডানে এক ফালতু এক সোহম শুধু ডানে ডানে
ডানে আর
তোমাদের বামে বাস্তুহারা বেকার নিকেতন শুধু বামে বামে
বামে আর
এর ভিতরে আমি কে? আমি একজন নিঃসঙ্গ কবি, নিঃসঙ্গ
নিঃসঙ্গ নিঃসঙ্গ
আরো একটি কবিতা, ভুবন ডাঙ্গায় যাবো, (যে তুমি হরণ করো ) । "কী কী নেবো ? কী কী আমরা নেবো ? …… ভিক্ষুক শ্রমণ …… ঘরের অঙ্গন …… কী কী দেখবো ? কী কী দেখতে পাবো ? … আগুন! আগুন! …… পদ্মফুল, বেশ্যালয়, ঘোলা মদ্যশালা! …… বাড়ি ফিরছে, বাড়ি ফিরছে, বাড়ি …" – এও একই আবুল হাসানীয় ঘরানার ধ্বনি ।
এখানে আমি যেটুকু ধরাতে চেয়েছি, তা হলো : আধুনিক কবিতাকে কথ্য ভাষায় অথচ ইংগিতবহ করে বলার যে ধারা, আবুল হাসান সেই পথের পথিক। কিন্তু সমসাময়িকদের থেকে তাঁর স্বর ও শ্রুতি আলাদা, সঙ্গে–সঙ্গে তাঁর বিষয়বোধকে প্রকাশ করার জন্য সেটা শ্রেষ্ঠত সংগতিশীল। সেই জন্য, তাঁর কবিতায় আমি যতোটা সংবেদন পাই, ততোটা অন্যত্র পাই না। টেকনিক, ক্রাফট্ পাওয়া যায় – বিশেষ করে আত্ম–বিচরণকারী বিবৃতির ধরণে অথবা রাজনীতি বিষয়ক শ্লোগানে। কিন্তু কবিতা?

এবার আমি তাঁর চিত্রকল্পের কিছু নমুনা দেব। হাসান অবশ্যই "মতো" ব্যবাহার করে অনেক উপমা তৈরী করেছেন। কিন্তু যেগুলো আরো রহস্যগ্রন্থিল এবং ওঁর নিজের মুদ্রাঙ্কিত, সেখানে "মতো" নেই কিন্তু চিত্রকল্প আছে। এই প্রথম কয়েকটি লাইন থেকে : "আমি আমার পকেটে দুর্ভিক্ষ নিয়ে একা একা অভাবের রক্তের রাস্তায় …"/ (অসভ্য দর্শন / রাজা যায় রাজা আসে); "কৃতিত্বে ধরেছে কীট, পরিস্থিতি পিঠ বাঁকা করে আজ নতমুখ/ (অপেক্ষা/ পৃথক পালঙ্ক ) ; "শিশিরের মত নম্র কষ্টগুলি ঝেড়ে ফেলেছি কালো এ্যশট্রেতে" / তোমার মৃত্যুর জন্য / অগ্রন্থিত ) গুচ্ছ পঙক্তিগুলোই বিস্তৃত ইমেজারি, আর শুধু ছবিই নয় যেন সুর মর্মরিত চিত্রকল্প :
শুকনো পাতার মতো আমার চীৎকার থেকে মা'র সেই হাত
(অনুতাপ, রাজা যায় রাজা আসে)

তোমাকে দেখেছিলাম যখন পায়রা আর পুষ্পঋতু
শহরে আরো শহর গড়েছিলো,
তোমাকে দেখেছিলাম আমি
বন থেকে যে এসেছিলো নতুন একটি টিয়ের মত সবুজ!
তোমাকে দেখেছিলাম যখন মানুষ শুধুই মানুষ ছিল
ভিতরে এতো উল্টোরথের মেলা বসেনি,
চড়কপূজা ত্রিশূলবিদ্ধ শুয়োর এবং
মোরগ লড়াই শুরু হয়নি!
(বিশ্বাস / অগ্রন্থিত)

হে তমসা, তরুণী কুসুম
তোমারও আতর আমি শিশি দিয়ে স্পর্শ করেছি তার ই সাথে
আঘাতে আঘাতে স্পর্শের এমন সময়ে
করাত ঠোঁটের কালো নারী তুমি চিরে ফেলো আমার চুম্বন!
আততায়ী হও!

(যা কিছু জন্মায় আমি ঘৃণা করি, তোমাকেও / অগ্রন্থিত)

মাঝে মাঝে এত পরিচ্ছন্ন আর পরিষ্কার এর পক্ষীমিথুন আর
এর মেয়েরা এমন সুন্দরী, এমন বিনীত –
যে স্তন স্পর্শ করলে মনে হয় লজ্জাহীনা।
(অন্য রকম বার্লিন / পৃথক পালঙ্ক )

একটু ছুঁলে সমুদ্রের শেষ থেকে শুরু হয়ে যেতে পারো তুমি।
একটু স্পর্শ করলে স্তন সূর্য সুন্দরের মতো
লাফিয়ে লাফিয়ে নীল কটিদেশে
আমার আদিম শ্যাওলা যৌনকাতর করে দিতে পারে মেঘে।
(সমুদ্র স্নান/ পৃথক পালঙ্ক )
বোধ, অন্তশ্চক্ষু তো বটেই, এই হাসানীয় চিত্র-শ্রুতি গুমরে প্রাণ প্রাণ-অনুভবতায়, কিন্তু নিজে টলে না।
অনুচ্ছেদ ২-এ আবুল হাসান-এর কবিতা শক্তির কেন্দ্রকে চিহ্নিত করেছি। কিন্তু তাঁর প্রকরণ কৌশলের শেষে তাঁর সময়ের বাংলা কবিতা কি হওয়া উচিত সে সম্বন্ধেও হাসান খুব অনুভূতির সঙ্গে বলেছেন একটি কবিতায়, যার নাম কবিতা (অগ্রন্থিত)। "মার্কিনী কবির মতো নয় …… স্পেনী কবির মতো নয় …… হার্লেমের নিগ্রো নারী তুমি নও" – কিন্তু তুমি কি, সে বর্ণনা হাসান অপরূপ ভাবে বলেছেন। কবিতাটি পাদটিকার সব শেষে পুরোই উদ্ধৃত করলাম।

৫. মৃত্যুর অধিক আশাঃ
আবুল হাসান যেখানে ইউনিক তা হচ্ছে : অবক্ষয়, পতন ও মৃত্যুর মুখেও আশা এবং উজ্জ্বল তার উচ্চারণ। তাঁর সমসাময়িকদের মধ্যে এ আমি পাই না। জীবনানন্দের মধ্যে পাওয়া যায় তবে তার অনুষঙ্গ ইতিহাস-যুদ্ধ-মানুষের টিকে থাকার প্রেক্ষাপটে এবং জীবনানন্দ তো অনেক প্রশমিত জলের টানে কথা বলেন। হাসান বাংলাদেশের ১৯৬৮-৭৫-এর প্রেক্ষাপটে স্বদেশ–সমাজ-মানুষ নিয়ে ও দেখে বলেন এবং তা ঘনতীব্র।
উদ্ধৃতিবাহুল্য-র শঙ্কা নিয়েও উদাহরণ দিতে হচ্ছে –
এ বাংলায় বার বার হাঁসের নরম পায়ে খঞ্জনার লোহার খরায়
বন্যার ক্ষুরের ধারে কেটে ফেলা মৃত্তিকার মলিন কাগজ
মাঝে মাঝে গলিত শুয়োর গন্ধ, ইঁদুরের বালখিল্য ভাড়াটে উৎপাত
ধান বুনলে ধান হয় না, বীজ থেকে পুনরায় পল্লবিত হয় না পারুল
তবুও রয়েছি আজো আমি আছি,
শেষ অঙ্কে প্রবাহিত শোনো তবে আমার বিনাশ নেই
……………
আমি মরি না, মরি না কু কোনদিন কোন অস্ত্রে
আমার আত্মাকে দীর্ণ করতে পারবে না।
(নচিকেতা / পৃথক পালঙ্ক )

আর যই সে কিছু নয়, শুধু মারী, শুধু মহামারী!
ভালোবাসা দিতে গিয়ে দেয় শুধু ভুরুর অনল।
তোমরা কেউই আঘাত করো না তাকে, আহত করো না।
যদি সে কেবলি বিষ – ক্ষতি নেই – আমি তাকে বানাবো অমৃত !
(কল্যাণ মাধুরী / পৃথক পালঙ্ক )
ধরিত্রী কবিতাটি পাতাকুড়োনী মেয়ের, যে ঝরা পাতা তো বটেই, মেঘের ছায়া, আহত-নিহত সব মানুষ, মন্বন্তরের মৃত্যু বীজ কুড়িয়ে বেড়ায় । কিন্তু সে ব্যথা এবং শস্য ভিন্ন কুলোয় ঝাড়ে –
এবার আমার ঝরাপাতার শস্য হবার দিন এসেছে,
শস্য কুড়োই শস্য মাতা!
(ধরিত্রী/ পৃথক পালঙ্ক )
বোরোক্ষেতে ঝরাজল, আদিজল, জিউলীজল, শস্যজল বলো শান্তি হোক
আঙ্গুলে দুঃখের ক্ষতে কুষ্ঠমাখা ভিখারিনী – তবু গাড়ী টানে,
জীবিকা এমন জয়ী, রোগ শোক দুঃখ জরা কুষ্ঠকেও কান ধরে আনে
বসায় কর্মের কুবলয়ে।
…………
বেঁচে থাক তবু বরাভয়
আমার ছায়ার চক্ষু চষাক্ষেতে চেতন চিরায়ু চাষী বলে অঠে "হয়"
(বলো তারে শান্তি শান্তি/ পৃথক পালঙ্ক )
এই দেশে জন্মেছি বলেই ফুল ফোটানোর প্রজ্ঞা আমি
পেয়েছিলাম, অনাবরণ ; আজ যদিবা হত্যাপ্রবণ
খরায় আমি।
পুড়তে পুড়তে এই ভাবে যাই, এই ভাবে যাই
এই দেশে জন্মেছি বলেই ব্যর্থ বাউল, আমি তবুও বলেছিলাম
চরৈবেতি ……… চরৈবেতি
(আমার চোখে বলেছিলাম/ অগ্রন্থিত)
এমন কি মৃত্যুচিন্তা নিয়ে হাসানের যে সব কবিতা সেখানেও তাঁর মমত্ব এবং মৃত্যুকে অতিক্রম করেও সুআশা। জীবনানন্দের পরে তাঁর মতো গভীর মৃত্যু-বিষয়ক কবিতা অন্য কেউ লেখেন নি। হাসান কৈশোর থেকেই জানতেন তিনি অসুস্থ, অসুখকে বুকে ধরে-ধরে বেড়ে উঠে, শেষ দিকে অনবরত হাসপাতালে শুয়ে মর্মস্পর্শী কবিতা রচনা করেছেন : মোরগ, শাদা পোষাকের সেবিকা, অসুখ, মৃত্যু হাসপাতালে হীরক জয়ন্তী,সঙ্গমকালীন একটি বৃশ্চিকের মৃত্যু দেখে – এগুলো প্রকাশিত তিনটি কবিতাগ্রন্থের অন্তর্গত। অগ্রন্থিত কবিতার মধ্যে থেকে বন্ধুকে মনে রাখার মতো ; যা কিছু জন্মায় আমি ঘৃণা করি, তোমাকেও ; গ্রীষ্মকালঃ তোমার মৃত্যুর অনুভূতি; বনভূমিকে বলো ।

Image
border=0

মোরগ ও বৃশ্চিক নিয়ে প্রাণী বিষয়ক দুটো কবিতায় হাসান ফুটিয়েছেন মৃত্যুর ভিতর দিয়েও শিল্প।মৃত্যু হাসপাতালে হীরক জয়ন্তী, এই কবিতাটিএ হাসান একটু অবসন্ন হয়ে আসেন মৃত্যুর পদধ্বনির কাছে : "তারও ছিল সবল সুঠাম দেহ। গ্রাম ইক্ষুক্ষেত, ধান ……… টের পাই : এক লক্ষ জিরাফ, হলুদ সাপ, সিংহের সবুজ দল সমস্ত জীবন ভেঙ্গে ঢুকে যাচ্ছে আমার ভিতরে! সমস্ত শান্তি ভেঙ্গে ঢুকে যাচ্ছে মানুষের মনীষার শেষ বৈনাশিকে"। আবার অসুখ কবিতায় প্রথম পঙক্তিতেই ঘোষণা দ্যান, "অসুখ আমার অমৃতের একগুচ্ছ অহঙ্কার"। এই কবিতার ব্যাখ্যা হয় না, শুধু নিজেই একবার পড়ুন। যা কিছু জন্মায় আমি ঘৃণা করি, এখানেও একই সাহস – "এই মৃত্যু, দেবতার অমল ঝঙ্কার"। জীবনানন্দর বিষাদী মৃত্যুর বিপরীতে হাসান-এর সাহসী মৃত্যু বাংলা কবিতায় এক অভিনব সংযোজন। কবির কাছে মাথা কি নুয়ে পরে না যখন হাসান বলেন –
বেঁচে থাকতে হলে তবু মাঝে মাঝে জ্বরের, জ্বরের প্রদাহ চাইঃ
চাই আবার জোয়ারের মতো সাতিশয় কুলু কুলু শুশ্রুষা!
আমার অসুখ যেন হঠাত আবার তন্দুরের রাশি রাশি রুটির
ক্ষুধার্ত উত্থান!
তখন সমস্ত শরীর হয়ে যায় একটি বিশাল রূটি-অগ্নি ঝলোমলো
আর তাকে ছিঁড়ে খাব্লে খেতে আসে হাজার হাজার বন্যাপ্লাবিত
দুর্দৈবের দেশের মানুষ!
(অসুখ/ পৃথক পালঙ্ক )

৬. কয়েকটি কবিতার আলোচনাঃ

তাঁর ৩টি প্রকাশিত বই অনেকে পড়েছেন, এগুলোর থেকে বেশ কিছু কবিতাও আলোচিত হয়েছে, কিছু-কিছু পংক্তি তরুণতর কবিদের কন্ঠস্থ । এখানে তাই আমি অগ্রন্থিত কবিতার থেকে শুধু, কয়েকটি কবিতা বেছে নিলাম।

(১) জন্ম – মাত্র ১৬ লাইনের কবিতা। নকল কাগজ দিয়ে তৈরী করা নকল মানুষ – তার সব কিছুই নকলঃ চোখ, মুখ, ভাষা, হৃৎপিণ্ড সব নকল । কিন্তু
সে মানুষ এখন সিংহাসনে বসে পা দোলায়।
……
হরিণ কমে যাচ্ছে সুন্দরবনে ক্রমশ, সুন্দরী কাঠের তৈরী
কোমল কার্পেট থেকে বেরিয়ে আসছে একটা খাদ্যবাহী জাহাজ। তাতে তার
আপত্তি দোলায় । বলে না এসব হবে না।
আমি প্রসব করবো নতুন স্বদেশ ।
নতুন বনভূমি। বাঘ হরিণ
চিতা ও চিলের সাম্রাজ্য ভরা আকাশ,
আমার হাঁটুর ভিতর থেকে আমি জন্ম দেবো
আমার নদী – আমার গঙ্গা কপোতাক্ষ বাঁধের শস্যক্ষেত –
জীবন ও স্বদেশ বাসের অভজ্ঞতা থেকেই হাসান লিখেছিলেন। এ তো ম্যাকিয়াভিলি-র শাসন শাস্ত্র-র বিরুদ্ধে কবির সাহসী প্রতিবাদ, অথচ কবিতায়, কবিতার কেবল ইমেজারিতে। "কাগজ দিয়ে তৈরী …… মানুষ", "কার্পেট থেকে বেরিয়ে আসছে …… খাদ্যবাহী মাটির জাহাজ", "চিতা ও চিলের সাম্রাজ্য ভরা আকাশ", "হাঁটুর ভিতর থেকে … জন্ম … আমার নদী … শস্যক্ষেত" – সব ইমেজগুলো চক্রদার বোলের মতো একটির মধ্যে আরেকটি ঘুরে বৃহত্তর চিত্রকল্প তৈরী করে স্বৈরাচারী শাসকের। আলেহো কার্পেন্তিয়ের (Alejo Carpentier)-এর এই পৃথিবীর সাম্রাজ্য (El Reino de Este Mundo) নামে একটি উপন্যাস আছে যার কাহিনী হাইতি-র এক ঐতিহাসিক স্বৈরাচার- এর যে তার স্বজাতির জন্য বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিলো । এই কবিতাটি পড়ে আমার মনে হয়েছে, যেন ঐ উপন্যাসটিকে চিপে তার নির্যাস একটি ১৬ লাইনের সূক্ষ্ম শিশিতে ভরেছেন আবুল হাসান আর বারবার তার আস্বাদ নিতে আমরা বাধ্য।

(২) আলেখ্য – স্বাধীনতা উত্তর কালের পরিস্থিতির এক "ধ্রুব আত্মশক্তি" সম্পন্ন এক যুবকের কাহিনী – আট বছর আগে-র মতোই , তবে তার "বিপন্ন বিস্ময়" ভিন্নতর।
গুঁড়ি গুড়ি বৃষ্টি, রাত্রে গুলঞ্চ গন্ধের তীব্র
শব্দাঘাতে একদিন তবু এই যুবকের
মনে হলো,
দেশ বনিতার এই উলঙ্গ অর্ধেক জিহবা
ঢেকে দিতে বন্দুকের খাদ্য দরকার!

যেন এও বিপ্নন বিস্ময়,
নিজে মুখোমুখি মুগ্ধ নিজের রক্তের কাছে
নতজানু হয়ে বললো দেশ!
মনে মনে বললো বোন তুই
নকশী কাঁথার মতো সুশিক্ষিতা
হে আমার লোকায়ত পারুল বকুল
এর বেশী কিছু না, কিচ্ছু না!
"নকশী কাঁথার মতো সুশিক্ষিতা" বোন – "লোকায়ত পারুল বকুল"-কে রেখে নিজে মুখোমুখি মুগ্ধ নিজের রক্তের কাছ নতজানু হয়ে বললো দেশ" । এক ঘুরন্ত হতশ্বাস ছাড়া এর আর কি ব্যাখ্যা দেয়া যেতে পারে? সিদ্ধ উস্তাদ যেমন প্রতিযোগী রাগকে বাঁচিয়ে উদ্দেশ্যর রাগকে প্রতিষ্ঠিত করেন, হাসান এখানে জীবনানন্দকে পাশ কাটিয়ে অন্য এক যুবকের মৃত্যুর কাহিনী বললেন যার পটভূমির ঐতিহাসিক সাক্ষ্য এই আম-জাম-দোয়েল-শালিখের দেশেই আছে। প্রকরণের প্রসঙ্গে, চিত্রকল্পের মধ্যে – শেষ ৩ টি স্তবকে – সঙ্গতি থেকে সঙ্গতিতে হাসান যে ভাবে বিচরণ করেন, সে তার একান্ত নিজস্ব ইঙ্গিতের মন্টাজ-কোলাজ এবং সঙ্গে-সঙ্গে বাচন-ইকোনমির পরাকাষ্ঠা – বোদলেয়ার-ভাষিত প্রতিষঙ্গের এক অনন্য ম্যাজিক। আরেকবার একটি পংক্তি পড়ুন – "দেশ বনিতার এই উলঙ্গ অর্ধেক জিহবা" – লজ্জা এবং ক্ষুধার মিশ্রণের এক দুঃসাহসী, বিস্ময়কর চিত্রকল্প। আর বড়ো কথা, এটি কোন বানানো বায়বীয় নির্মাণ নয় – এ একাবারে সময়-জীবন- অভিজ্ঞতার পেশীর থেকে বেরুনো রক্ত-ঘাম।

(৩) তোমার মৃত্যুর জন্য – এটি প্রেমের কবিতা, কিন্তু কতো পৃথক। তিরিশের কোন কবির প্রেমের কবিতায় এই দৃশ্য নেই, না পাই রাহমান বা মাহমুদ-এর কবিতায়। হয়তো রেস্টুরেন্টে আসার কথা প্রেমিকার, অথবা সে এসেছিলো – চামুচ, হাতঘড়ি, অ্যাশট্রে , চাইনিজ পর্দা, পেয়ালা, পিরিচ-এর প্রতিতুলনায় প্রেমিকার স্মৃতি । কিন্তু "শহরে আজকাল শুনি দুর্ঘটনার কথা, আত্মহত্যা গেছে বেড়ে, সবাই আমরা আজ সভ্যতার সচ্ছল শিকার"। হয়তো "তুমি কাল পথিমধ্যে মারা গেছো, তোমার মৃত্যুর আমি কি তখন নিজেকেই দায়ী করবো নাকি সভ্যতাকে?" হাসান-এর এই একটি থীমের সঙ্গে অন্য এবং কখনো বিপ্রতীপ থীম জোড়া দিয়ে টেনশন তৈরী করবার পারগতা অতুলনীয়।

(৪) নষ্ট ডিমের খোলসের শব্দ – অবক্ষয় এবং উত্তরণের ক্ষীণাভার অসাধারণ গদ্য কবিতা। ৭১ পংক্তি, খুব ছোট নয় কিন্তু সুসংবদ্ধ এবং গ্রথিত বিস্তারের মধ্যে দিয়ে ধীরেধীরে চিত্র-শ্রুতিকল্পে সংবেদনের শীর্ষে উন্নীত। নষ্ট ডিম, সে ভাঙ্গন–পতন-অবক্ষয়ের প্রতিমা – মানুষের, স্বদেশের , স্বকালের । কিন্তু হাসানের মহিমা হচ্ছে – ডিম, ডিমের ভিতরে নিজে; "ঘোলাটে কুসুম – লালা"-য় নিজে; "তবু … নষ্ট ডিমের ভিতর এত স্বাবলম্বী জ্যোতির ধ্রুবতা" হয়ে নিজে; "প্রার্থনার … প্রায়শ্চিত্তে … লোভের আত্মা গলিত বিবেক" ঠুকরে যেন কোন দৈবের "সুধাকন্ঠী কাক" তাঁকে সেখানে – যেখানে "মানুষ আজো দেশকে স্বদেশ বলে, আকাশকে আলোর জমি, বনভূমি যাদের নিকট আজ উদ্যান" – ফেলে দিয়ে যায়, এই মোনাজাত করছেন। এক লাইনে কি কিছু বলা হলো ? এই কবিতা একটি অসাধারণ নির্মাণ ও উন্মোচন – উভয়ই, যেখনে মূল প্রতীক একটিই। কিন্তু অনুষঙ্গের থেকে অনুষঙ্গ ক্রমাগত ভেঙ্গে ভেঙ্গে যায় ও অপরাপর অনুষঙ্গ , চিত্রকল্প গড়ে তোলে। বিলম্বিত লয়ে এ যেন এক আমীরখানী বিস্তার অথবা দালির দিগন্তের পারস্পেক্টিভে বিগলীয়মান বস্তুর রূপান্তর। পুরো কবিতাটির উদ্ধৃতির লোভ সংবরণ করতে হচ্ছে অনেক কষ্টে। তবু শুনুনঃ
সব ক্রান্তি আজকাল কচ্ছপের মতো । হাত পা গুটিয়ে থাকে।
সুবিধায় গলা বের করে।
আমি সেই কচ্ছপের পিঠ থেকে বেরিয়ে এসিছি কবে নষ্ট ডিম।
কাকের মুখে ছুঁড়লেও গ্রহণ করে না।
……………
তবু নষ্ট ডিমের ভিতর এতো স্বাবলম্বী জ্যোতির ধ্রুবতা
আমি চাই কেন?
স্বচ্ছ আঙ্গুরের মতো নীলাভ হৃদয় ?
হে অদৃশ্য বেদনার শুভ্রস্বচ্ছ কাকচক্ষু জল, বলো, বলো, বলো
তুমি কি ধুয়ে দেবে না নষ্ট জীবন?
……………
উপবনে মাংসাশী বন্দুক তার সুস্বাদু প্রোটিন আজ খাতিছে দিনরাত ।
অতএব যেখানে শিল্প নেই, স্বর্গ ভিক্ষু মমতার জ্যোতি নেই
সেখানে তাহলে কারা তুলে নেবে নারী ও নদীর তলদেশ থেকে
মানব ও মৃত্তিকার পেট থেকে
কেরোসিন সোনাদানা হীরা গ্রাফাইট?
……………
তারপর যেখানে আজো দেশকে স্বদেশ বলে
আকাশকে আলোর জমি, বনভূমি যাদের নিকট আজো বিলোল উদ্যান।
……………
থ্যাঁতা ইঁদুরের মতো ঠোঁটে বিঁধে ফেলে দাও হে কাক, সুধাকন্ঠী কাক!
আমরা দুজনে এসো সন্ধি করি
তুমি দাও আমাকে নতুন জন্ম,
আমি দেই তোমাকে নতুন ভাবে কোকিলের কোমল গীতিকা !

অপূর্ব-অসাধারণ চিত্রকল্পের পর চিত্রকল্প অনুষঙ্গের ক্রমিক বিস্তারে শেষ গদ্য-স্তবক ক্ষীনাশার প্রস্তাব করে। লক্ষ্যণীয় যে, হাসান এই কবিতায় জীবনানন্দ এবং সুধীন্দ্রনাথ উভয়কেই ব্যবহার করেছেন পরম কুশলতার সঙ্গে। "আমাদের গলগন্ডে মাংস নয় আমাদেরই অনাচারী দেশ ফলিয়াছে" – স্বকালের অবক্ষয়ে জীবনানন্দর স্মরণ ; কিন্তু আরও স্মরণীয় হচ্ছে সুধীন্দ্রনাথ-এর ব্যবহার কবিতার শেষ চার লাইনেঃ "হে সুধাকন্ঠী কাক! আমরা দু'জনে এসো সন্ধি করি – তুমি দাও আমাকে নতুন জন্ম, আমি দেই তোমাকে নতুন ভাবে কোকিলের কোমল গীতিকা"। উটপাখির সমাপ্তি
অতএব এসো আমরা সন্ধি ক'রে
প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি :
তুমি নিয়ে চল আমাকে লোকোত্তরে,
তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি।
কত দক্ষ হাতে লেপে দিয়েছেন গদ্য কবিতার কাক-এ পাকা জহুরীর মতো সোনা ঝলকে দিয়ে।
আধুনিক কবিতার নতুন শ্রমিককে তো বটেই, বাঙালিকেই এই কবিতা বার বার পড়তে হবে।

(৫) এক ধরণের প্রতিবাদ – " যেখানেই যাই শুধু ক্ষুধার চিৎকার শুধু ক্ষুধার চিৎকার শুধু তোমাদের অনশন! … আর আমার ভাল্লাগে না!" – এটি দুর্ভিক্ষের কবিতা।
তোমাদের ডানে এক ফালতু সহম সম্রাট শুধু ডানে ডানে ডানে আর
তোমাদের বাস্তুহারা বেকার নিকেতন শুধু বামে বামে বামে আর
এর ভিতরে আমি কে?
………
প্রতি মুহূর্তের গোলবারান্দায় গোলচক্করে আমি একা একাই দাঁড়িয়ে থাকি
আর আমার মনে পড়ে যায় ………
কচি আম বাগানের পাশে একজন শিশু কিশোর, হায়রে একজন শিশু কিশোর
শত সহস্র শত সহস্র শত সহস্র শিশু কিশোর, হায়রে শত সহস্র
শিশু আর শত সহস্র কিশোর অনাহারে কাঁদছে ………
একটাই প্রতিবাদ আমার এখন ক'দিন এক টু চুপচাপ তোমরা বসে থাক, দ্যাখো ,
দখিনা দুয়ার খুলে আমি শেষে কাকে খাই, কোন দিকে যাই!
এই হচ্ছে বাস্তব। আবার এই হচ্ছে কল্পনার শক্তি। যে সব শ্লোগান-চর্চিত বাম বা ভাতের কবিতা আগে লেখা হয়েছে, তার সঙ্গে তুলনা করুন!

(৬) আমি শুধু নিঃস্ব হাটুরিয়া – অসাধারণ গদ্য কবিতা। মুদ্রার বিনিময়ে ক্রয় আর হৃদয়ের নিষ্ঠা ও সততার বিনিময়ে ক্রয় – এই দ্বিত্ব ইমেজের পরে ইমেজে প্রস্ফুটিত হতে-হতে মূল্যবোধ হেরে যায় মূল্যহীনতার কাছে। স্বাধীনতা উত্তর অবক্ষয়ের এর চেয়ে পঙ্কিল গাদ-ক্বাথ আর কোন কবি উন্মোচন করেছেন? শুধু তাই নয়, কাপিটালিজমের লোভ-ক্ষমতা-শক্তি –দুর্নীতিরও এক স্পষ্ট দলিল এই ৩৩ লাইনের কবিতা – শুধু হাটকে মার্কেটে পরিবর্তিত করুন।
দাঁতের বদলে দাঁত, নরুণের বদলে নরুণ পাওয়া যেতে পারে,
হত্যার বদলে হত্যা। ক্রূরতার বদলে ক্রূরতা ।
কুকুরের বদলে আরো দাঁতাল কুকুর।
শুয়োরের বদলে আরো শুয়োরের পাল পাওয়া যেতে পারে –
কিন্তু কোকিলের বদলে আজ কোকিল অসম্ভব।
…………
নতুন হাটুরে এসে আজও শুনি কিনে নিয়ে যায়
হরিণের কোমল কস্তুরী নাভি, বাঘছাল, শিল্পের প্রবাল বর্ণ শীতলতা ।
আর সুন্দরীর চাউনিও।
ইচ্ছে হলে উপেনের সর্বশেষ দুইবিঘে জমি।
(৭) পাখি প্রবাহ ও অন্যান্য প্রত্যাশা – কারখানাকরণ, যুদ্ধ ও প্রগতিজনিত প্রকৃতির ক্রম-মৃত্যুর বিরুদ্ধে অসাধারণ প্রতিবাদের কবিতা। পুরো কবিতটিই চিত্রকল্পের পরে চিত্রকল্প, অনুষঙ্গর পর অনুষঙ্গ : আকাশ-সমুদ্র-বৃক্ষর বিনাশ, মানুষের তৈরী মারী, "বন্দুকের নলের ভিতর … সম্পদের শানিত সঞ্চয় ","যুদ্ধ জাহাজ … মিসাইল … কনভয়" দিয়ে অদ্ভূত সুক্ষ্মতায় রচিত। একোলজির কবিতা আর একটি মাত্র, গাছগুলো / ( রাজা যায় রাজা আসে ) লিখেছেন তিনি। কিন্তু এই কবিতাটি মৃত্যুঞ্জয়ী । গোটা কবিতা উদ্ধৃতির লোভ সামলে, অংশ তুলে দিলাম :
ভীষণ অগ্নিচক্রে উইন্ড মিলের মতো ঘোরে কারা
এশিয়ার সূর্যে আজ সীসার ধাতবপাত্রে?
তীব্র কাঁপে কারা আজ জলোচ্ছল ধ্বংসের ধকধক শব্দের গন্ধকে?
নীচে নীল তামার সমুদ্র। গলিত ধাতুর ঢেউয়ে
পা ছড়ানো খোপার ফেনার ফুল্ল কুসুমে মৎস্যকন্যা
তুমিও কি কংকালে পতিত?
………
শুধুই শ্যাওলার শান্ত সবুজ কর্পূর থেকে
সাবমেরিনের লোহা গন্ধ ভেসে আসে
ধক ধক এঞ্জিনের বমি!
………
কাঁদে ম্যানহাটানের ব্রীজ সেতু। কাঁদে মনিপুরে বনভূমি
লোহা ও ব্যথা বন্ধনের ভিক্ষা বৃষ্টি দাও –
………
ধনুকীর ধনু ছোটে বলে ঋষি "মা নিষাদ"
চঞ্চুতে চঞ্চল চুমু পাখি প্রবাহের প্রাণ; মেরো না, মেরো, না!
তবুও সারস এক সমুদ্রের ফেনা ঠোঁটে উড়ে আসে
তৃষিত চঞ্চুর পাত্রে জল ঢেলে দেয় – পৃথিবীতে এই যা প্রত্যাশা।

৭. অনভিপ্রেত তুলনাঃ
একবার তুলনা করুন – ১) শামসুর রাহমান-এর "আমার মা" আবুল হাসান-এর "কবির মা"-র সঙ্গে ; ২) সুনীল গঙ্গোপাধ্যায় – এর " আমি কী রকম বেঁচে আছি"-র নিখিলেশের সঙ্গে আবুল হাসান-এর "ফেরার পর অবিনাশের সাথে আমার আলাপ"-এর অবিনাশের সঙ্গে ; ৩) রফিক আজাদ-এর "ভাত দে হারামজাদা"-র ক্ষুধার সঙ্গে আবুল হাসান-এর "এক ধরণের প্রতিবাদ"-এর ক্ষুধার – কবিতার কোন পানীয় তৃষ্ণা-নিবারণকারী, তার জবাব পেয়ে যাবেন।

৮. চিরায়মান ঈর্ষাঃ

Image
border=0

এখানে আমাকে একটু অপ্রিয় কথা বলতে হচ্ছে – বাঙালি কবিসঙ্ঘের আত্মঘাতী ঈর্ষার কথা। ঢাকার কবিতার ইতিহাসে মর্মোদ্ধারী আলোচনা –সমালোচনা নেই, মূল্যায়নের নিক্তি নেই কিন্তু একধরণের সিঁড়ি–তন্ত্র, দল-কোন্দল, শস্তা লাভ-ক্ষতির সাপ-লুডু আছে। পঞ্চাশের প্যান- ইসলামের কবিরা হেরে গেলেন, শামসুর রাহমান উঠে এলেন – নিজস্ব গুণে অবশ্যই, তবু তাঁর পিছনে বাংলাদেশের মুসল্মান সমাজের একটা আকাংখাও ছিল যে আমাদের একজন আধুনিক কবি হোক। জিল্লুর রহমান সিদ্দিকী, রশীদ করিম, আবুল হোসেন , সরওয়ার মুর্শিদ এইসব পুরোধা-ব্যক্তির বলশালী হাওয়া রাহমানের পালে সব সময়ই লেগে ছিলো । আল মাহমুদ-এর নিজস্ব কাব্যগুণ থাকলেও সেকালে অনেক সময় তাঁকে "দ্বিতীয় ভায়োলিন" বাজাতে হয়েছে কারণ তাঁর কবিতায় গ্রামীণ শ্যাওলা-ক্ষুদ-খড়-বিচালি আবার অন্যদিকে কারো-কারো এলিয়ট-পাউন্ড-নাগ রিকতা-র জ্ঞান প্রচন্ড-মার্তণ্ড-সম। ইন্টিগ্রিটি-র অভাব সবদিকেই ছিলো – বিশেষ করে কবিতার ঐতিহ্যকে টিকিয়ে-বাচিয়ে রাখার যে দায়িত্বটুকু তরুণতর কবিদের প্রতি বর্ষীয়ান কবিদের থাকা উচিত। মাহমুদ-ও পরে বখতিয়ারের ঘোড়ায় হাত বুলিয়েছেন, এরশাদ-এর কবিতার নৌকায় উঠে সারিন্দা বাজিয়েছেন। আবার কেউ-কেউ নিরব রাহমান-এর "হ্যাচেট ম্যান" হয়ে তৎপরতা দেখিয়েছেন। সৎ যে কেউই ছিলেন না, তা নয় – আহসান হাবিব-কে স্মরণ করুন।

উপরের কথাগুলোই ব্যাখ্যা করে, কেন শামসুর রাহমান তাঁর লেখা ভূমিকায় আবুল হাসান-এর ব্যাজস্তুতি করে গেছেন। আবু হেনা মোস্তফা কামাল-এর পুনরুক্তি করে , হাসান "মায়া ও মমতা … দুঃখবোধ" –এর কবি তা স্বীকার করেছেন। তবে হাসান-এর জীবন "এলোমেলো" , কবিতা "এলোমেলো", সঙ্গে-সঙ্গে "সীমাবদ্ধ", "ক্রমশ পরিণতির দিকে অগ্রসর"-মান – এই সব ব্যাজোক্তি করেছেন, বলেছেন "তিনি যৌবনের বিষণ্ণতা, নৈঃষঙ্গ এবং দীর্ঘশ্বাসের কবি"।

৯. আবুল হাসানের স্থানঃ
সত্তরের দশকের শেষের দিকে , নিউইয়র্কে , এক কবি-কাম-পন্ডিত আমাকে বলেছিলেন, পৃথক পালঙ্ক গ্রন্থে আবুল হাসান মৌলিক-স্মরণীয় কবিতা লিখেছেন কিন্তু বাংলাদেশের কবি-পুরোহিতরা তাঁর স্থান নিয়ে কোন কথা বলতে নারাজ। বাংলা কবিতায় আবুল হাসান-এর স্থান কোথায়, আমি বলবো – এতোক্ষণ উক্ত যৌক্তিকতার বিচারে।
• হাসান-এর কবিতার আধার জীবন ও অভিজ্ঞতার রক্ত-ঘাম থেকে জন্মানো , কোন তত্ত্ব বা বায়বীয় কল্পনাপ্রসূত নয়।

• হাসান-এর কণ্ঠস্বর একান্ত নিজস্ব, সমসাময়িকদের স্পষ্টত চেয়ে আলাদা। হাসান-এর ভাষা, শব্দ, সিনট্যাক্স, শ্রুতিকল্প, পুনরাবৃত্তির প্যাটার্ন সব ইউনিক; তাঁর বেশ কিছু চিত্রকল্পও, "মতো" ব্যবহার না করে নিজস্ব ও ইউনিক। এসব এজন্য স্বতন্ত্র যে তিনি মানুষ ও স্বজাতির অসহায়তা ও মমত্ববোধের কবিতা রচনা করেছেন এবং এতোটা সংবেদনে যে, সেই হাসানীয় উদ্দেশ্যই তাঁর প্রকরণকে প্রাতিস্বিক করে তুলেছে। যদি কোন তিরিশের কবিকে তিনি ব্যবহার করেছেন, তবে তা আমূল আত্মস্থ করে হাসানত্ত্বে মিশিয়ে-চারিয়ে দিয়েছেন।

• হাসান শুধু হতাশা-দীর্ঘশ্বাসের কবি নন, তিনি অবক্ষয়-দুর্দশা দেখে আশা–শক্তি-উদ্যমের আনত প্রার্থী , যতোটুকু নিজের জন্য তার চেয়ে বেশী ভাই-বোন–মা–স্বজন–স্বদেশ বাসীর জন্য। তাঁর ক্ষুধা-দুর্ভিক্ষের কবিতা ক্ষুধা জয় করবার, রাজনৈতিক হতাশা-অবক্ষয়ের কবিতা সুদিনের আলো আকাংক্ষার, অসুখের কবিতা বিসর্জনের মধ্যেও শিল্প-সৃজনের কবিতা।

• হাসান-এর কবিতা-ক্যানভাসে ১৯৬৩ থেকে ১৯৭৫, এই কালটুকুর চিত্রণ বিশ্বস্ত। কবিতায় কল্পনা-বাস্তবের মিশোলও তার অনুগত এবং কল্পনা –ইমেজারি এবং শ্রুতি – বাস্তবকেই তীব্র-দীপ্যমান করে তুলেছে। তাঁর রূপায়ন – ফর্মে এবং কনটেন্টে – তাঁর সমকালের দুই পুরোধা কবির অন্তত সমতুল্য, যদিও প্রত্যেকের ফ্রেম আলাদা।

• রিলকে-র কথায় একজন কবি জীবনে মাত্র কয়েকটিই বার-বার পড়ার মতো কবিতা লেখেন। হাসানের রচনায় আমি অন্তত ১৫-র অধিক কবিতা পাই যা আমরা বার-বার পড়বো ।

আবুল হাসান মাত্র ২৯ বছরে মারা যান। তাঁর জীবদ্দশায় ৩ টি কবিতা গ্রন্থ প্রকাশিত হয়েছিলো । অপ্রকাশিত কবিতাগুলো বেছে অন্তত আরো ২ টো বই করে যেতে পারতেন। বিধি সে সময় তাঁকে দ্যায় নি। মূল্যবান কথা হচ্ছে, তিনি পাতা ভরানোর জন্য লিখে কবিতা-কাল-পরিশ্রম অপচয় করেন নি। তাঁর খুব কম কবিতা আছে, যা তিনি না লিখেও পারতেন। বাংলা কবিতা তাঁর কাছে ঋণী, কেননা বাঙালিকে আবুল হাসান-এর কবিতা বার বার পড়তেই হবে।
টিকা পাদদেশ –

১. ব্যক্তিগত সম্পর্ক হাসানের সঙ্গে:
আবুল হাসান-এর সঙ্গে আমার পরিচয় ও সংযোগ ১৯৭১-৭২ সনে। প্রথম দেখা স্টেডিয়ামের তলায় প্রভিন্সিয়াল-এ দুপুরে দলে-বলে লাঞ্চ খেতে গিয়ে। সঙ্গে জাকী সালাউদ্দীন ও অন্যান্যরা ছিলো। তারপরে, সে আমলের পাব্লিক লাইব্রেরির পাশের শরীফ মিয়াঁ আর আফসার-এর ক্যান্টিনে প্রায়ই দুপুরে আড্ডায় দ্যাখা হতো । আলোচনার বিষয় কবিতা এবং অন্যান্য। সে সময় দেওয়ান আরেফিন একটা বড়ো সাইজের পত্রিকা বার করেন যাতে আমি কামরুল হাসান নিয়ে- অনেক ছবিসহ – একটি লেখা লিখেছিলাম। ফেব্রুয়ারি, ১৯৭২-এ জাকী এবং হাসান সম্পাদিত লিটল্‌ম্যাগ – "কাক"- বেরোয় । আমি ঐ সংখ্যায় জয়নুল আবেদীন, কামরুল হাসান, শফিউদ্দীন –এঁদের ছবি সংগ্রহ করে ছেপেছিলাম। "কাক" সংখ্যাটি বহূল প্রশংসিত হয়েছিল। এমন কি জয়নুল আবেদীন তারিফ করে কয়েক কপি বেশি চেয়ে নিয়েছিলেন। এই পত্রিকাটিতে হাসান – সৈয়দ শামসুল হক, আখতারুজ্জামান ইলিয়াস-এর কবিতা সংগ্রহ করেছিলো। এই সব ঘটনার মাধ্যমে হাসানের সঙ্গে আড্ডা, সম্পর্ক । সে আমলে ইলিয়াস তখনও বিখ্যাত হয়ে ওঠেন নি। হাসান আমার কাছে তাঁর ফেরারী গল্পের উল্লেখ ও প্রশংসা করেছিলো। ঐ ফেব্রুয়ারি-তে বাংলা একাডেমি "হে স্বদেশ " নামে ৩-টে বই বার করে – কবিতা, প্রবন্ধ, গল্প। প্রবন্ধের বইতে "বহে নিরন্তর" নামে আমার একটি চিত্র বিষয়ক প্রবন্ধ বেরিয়েছিলো। আবুল হাসান পড়ে প্রশংসা করেছিলো, "ভালো কবিতার মতো"।

স্বাধীনতার পরপরই ওঁ একটি দৈনিক, "গণবাংলা"-তে চাকরি পায়। আমার কাছ থেকে চিত্রারোপিত আধুনিকতা নামের একটি নিবন্ধ নিয়ে ঐ পত্রিকায় ছাপিয়েছিলো।
যখন হাসান-এর "রাজা আসে রাজা যায়" প্রেসে, ও আমাকে প্রুফ থেকে পড়ে শুনিয়েছিলো। এও বলেছিলো যে, আমার কোন মন্তব্য থাকলে জানাতে। একদিন বিকেলে আমরা দু-জন রমনার ভিতরে লেকের পাড়ে কাফেতে বসে চা খাচ্ছিলাম। ওখানে বসে আমাকে জানিয়েছিলো যে, সুনীল তার "মানুষ" কবিতাটির [রাজা আসে রাজা যায়-এর শেষ কবিতা] প্রশংসা করেছে। এই ঘটনা স্বাধীনতার পরপরই। এক আমেরিকান পাশে বসে বিদেশী সিগারেট টানছিলো । হাসান-এর খুব শখ হয়েছিলো ঐ সিগারেট খেতে। কিন্তু সংকোচবশত চাওয়া আর হয় নি। ১৯৭২-র শেষে আমি আমেরিকায় পড়তে চলে আসি। বিদেশ থেকে হাসান-কে লিখেছিলাম নেরুদা সম্বন্ধে উৎসাহ নিয়ে। জানি না সে পেয়েছিল কি না, জবাব পাই নি।

২. আবুল হাসান-এর কবিতার উদ্ধৃতি :

২.১ অবক্ষয়ের মানচিত্র :
১. কী লাভ যুদ্ধ করে? শত্রুতায় কী লাভ বলুন?
আধিপত্যে এত লোভ? পত্রিকা তো কেবলি আপনাদের
ক্ষয়ক্ষতি, ধ্বংস আর বিনাশের সংবাদে ভরপুর …
(জন্ম মৃত্যু জীবনযাপন/ রাজা যায় রাজা আসে)

২. শুধু আমি জানি আমি একটি মানুষ,
আর পৃথিবীতে এখনও আমার মাতৃভাষা ক্ষুধা !
(মাতৃভাষা / রাজা যায় রাজা আসে)

৩. দেখে যাচ্ছি, শুনে যাচ্ছি, একই বৃত্তে পরস্পরকে একিই সঙ্গে এক আসরে
অথচ দ্যাখো আমরা কেউ চিনি না কাউকে ব্যাক্তিগত পষাক পরলে!
(ব্যাক্তিগত পষাক পরলে / রাজা যায় রাজা আসে)

৪. দালান উঠছে তাও রাজনীতি, দালান ভাঙ্গছে তাও রাজনীতি,
দেবদারু কেটে নিচ্ছে নরোম কুঠার তাও রাজনীতি,
গোলাপ ফুঠছে তাও রাজনীতি, গোলাপ ঝরছে তাও রাজনীতি,
…
আমি পকেটে দুর্ভিক্ষ নিয়ে একা একা অভাবের রক্তের রাস্তায় ঘুরছি
জীবনের অস্তিত্বে ক্ষুধায় মরছি – রাজনীতি, তাও রাজনীতি
(অসভ্য দর্শন / রাজা যায় রাজা আসে)

৫. কেন এত রক্তপাত হবে? গুপ্তহত্যা হবে?
কেন জীবনের দ্রব্যমূল্য বাড়বে এত শনৈ শনৈ
কেন ফুরাবে এমন আমাদের পকেটে সিগ্রেট,
খাদ্য, রূপালী আত্মার ঘ্রাণ রমণী ও টাকা?
একটা কিছু মারাত্মক ঘটেছে কোথাও
(একটা কিছু মারাত্মক / রাজা যায় রাজা আসে)

৬. অধঃপতনের ধুম সবদিকে, সভ্যতার সেয়ানা গুন্ডার মতো
মতবাদ, রাজনীতি, শিল্পকলা শ্বাস ফেলছে এদিকে ওদিকে ,
শহরের সব দিকে সাজানো রয়েছে শুধু শাণিত দুর্দিন, বন্যা অবরোধ
আহত বাতাস!
(দূরযাত্রা / রাজা যায় রাজা আসে)

৭. বল অগ্নি, বল হে পাবক, বল হোমযজ্ঞাগ্নির উষ্ণ জ্যোতি শিখা
মৃত্যু , হিমস্তব্ধতা নগরের এই সব উচ্চাসীন স্কাইস্ক্রেপার
এই জাতিসংঘ , শ্রমিক লীগের নায়কেরা, সভাপতি, সভাসদ
এই সামাজিক জীব,
এই অধিনায়কেরা কী চায়? কেবলি শান্তি! কেবলি কনিষ্ঠ তরবারী?
কেবলি করুণ প্রেম?
কেবলি নারীর নষ্ট শরীরের ঘ্রাণ?
(শিকড়ে টান পড়তেই/ রাজা যায় রাজা আসে)

৮. বৃক্ষ রেখে কেন কাঁদো ? বীজ রেখে কেন কাঁদো ? কেন তুমি কাঁদো?
নাকি এক অদেখা শিকড় যার শিকড়ত্ত নেই তাকে দেখে তুমি ভীত আজ?
(কালো কৃষকের গান/ যে তুমি হরণ করো )

৯. আমি দেখেছি তো মানুষ কেবলি তারা ভুল মানুষ, ভুল মানুষ,
ভুল মানুষ!
আমি দেখেছি তো শিল্প কেবলি তার ভুল শিল্প, ভুল শিল্প, ভুল শিল্প!
আমি দেখেছি নির্মাণ কেবলি তো অবৈধ নির্মাণ , শুধু অবৈধ নির্মাণ !
…
…… বুঝেছি হত্যার শিল্প, চিনেছি সমিতি!
আমি দেখেছি গোলাপভুক সিংহেরও কারসাজি!
(পাতকী সংলাপ/ যে তুমি হরণ করো )

১০. ধুলো কি দগ্ধ কয়লা? ধুলো কি বারুদ?
রাস্তায় বেরুলে শুধু ধুলোর কাহিনী ওড়ে
ধুলোর কাহিনী ওড়ে!
(ধুলো/ যে তুমি হরণ করো )

১১. দক্ষিণে দারুণ যুদ্ধ পেরেকে বিদ্ধ হচ্ছে নর-নারী আগুন! আগুন!
সামনে পুড়ছে সব – পদ্মফুল। বেশ্যালয়, ঘোলা মদ্যশালা!
(ভুবন ডাঙ্গায় যাবো/ যে তুমি হরণ করো )

১২. ন দীর পারের কিশোরী তার নাভির নীচের নির্জনতা,
লুট করে নিক নয়টি কিশোর রাত্রিবেলা
আমার কিছু যায় আসে না,
…………
আমরা এখন এ অর প্রতি বাণ ছুঁড়ি আর হো হো হাসির মধ্যে নামাই
আর মানুষের উগ্র ক্ষতি।
(নির্বিকার মানুষ/ যে তুমি হরণ করো )

১৩. এমনও সময় আসে
বন্দুকের নল শুধু নয়, মানুষেরও বুক বড় বেদনায়
বেজে ওঠে ব্যথার বারুদে –
আর তাতে হাওয়া লাগে …
আর তাতে জ্বলে যায় …
ভস্মীভূত হয় সব রাজ্যপাট, সিঙ্ঘাসন, ভুল নৃপতির মুন্ডু
(বন্দুকের নল শুধু নয় / যে তুমি হরণ করো )

১৪. আমার নাভিতে রক্ত – আমি জানতাম আমি ঠিকই জানতাম
আমি মানুষের এই রোষ থামাতে পারবো না, উন্মত্ততা থামাতে
পারবো না!
দুর্ভিক্ষ ও রাষ্ট্রবিপ্লব আমি থামাতে পারবো না
চালের আড়ত থেকে অভিনব চাল চুরি থামাতে পারবো না,
রিলিফের কাপড়ে আমি মানুষের অধঃপতন ঢাকতে পারবো না!
(কুরুক্ষেত্রে আলাপ / যে তুমি হরণ করো )

১৫. মাঝে মাঝে গলিত শুয়োর গন্ধ, ইঁদুরের বালখিল্য ভাড়াটে উৎপাত
অসুস্থতা, অসুস্থতা, আর ক্ষত সারা দেশ জুড়ে হাহাকার
ধান বুনলে ধান হয় না, বীজ থেকে পুনরায় পল্লবিত হয় না পারুল
(নচিকেতা/ পৃথক পালঙ্ক )

১৬. শস্যগুচ্ছমানুষের মিলিত উদ্যানে এত
উতরোল আকাংক্ষাতন্তু ,
লোভের ঘৃণার বলি, রক্তদাগ
যৌবনসঙ্গম যুদ্ধ উত্তেজনা,
রাত্রি আর দিন!
(মেধা দূরে ছিল বুঝতে পারিনি/ পৃথক পালঙ্ক )

১৭. ফিরতে ফিরতে ফিরে তাকাবো
কোথায় অধঃপতন স্রোতে ? গলাকাটা লাশ বিপ্লবীদের বুকের ক্ষতে
ফিরে তাকাবো? স্বেচ্ছাচারের তর বারীতে ফিরে তাকাবো ?
(অন্য অবলোকন/ পৃথক পালঙ্ক )

১৮. শুধু এই নষ্ট জমি, তোমাতে তোলে না ধর্ম ,
শস্যক্ষেত, বৃক্ষ ভূমি, মাটি ও মৃত্তিকা আজ
মরিতেছে, অবক্ষয়ে ঘুণ ধরিতেছে।
(এই সব মর্মজ্ঞান / পৃথক পালঙ্ক )

১৮. কৃতিত্বে ধরেছে কীট , পরিস্থিতি পিঠ বাঁকা করে আজ নতমুখ ,
এখন তোমাকে ওরা ছুঁয়ে দ্যায় শাবলের ধারালো বর্শায়;
এখন তোমাকে দেখে ঠাট মারে মূক বুদ্ধি,
অক্ষম চীৎকার , মৃত্যু, প্রতিবাধীন জয়ধ্বনি ঃ
(অপেক্ষা / পৃথক পালঙ্ক )

১৯. পাতাকুড়োনীর মেয়ে তুমি কী কুড়োচ্ছ ? মানুষ, আমি মানুষ কুড়োই।
আহত সব নিহত সব মানুষ কারা বাক্স খুলে ঝরায় তাদের রাস্তাঘাটে।
পঙ্গু – তবু পুণ্যেভরা পুষ্পঃ তাদের কুড়োই আমি – দুঃখ কুড়োই!

আর কিছু না? বটেই – আরো আছে অনেক রং বেরং –এর ঝরাপাতা,
আমার ঝাঁপি উল্টে পড়ে মন্বন্তরের মৃত্যুবীজে ,
লক্ষ্যবিহীন লাল খনিজে!
(ধরিত্রী/ পৃথক পালঙ্ক )

২০. পোড়া দেশ! দৈবে পুড়ে যায়! দৈবে আর মেলেনা মেধায়;
বেলা যায়; চাষী বলদের হালে চষেনা মৃত্তিকাঃ ঋণী হয় কেউ।
কেউ শতাব্দীর গোপন গুহায় বসে লোহার শাবলে শান দেয়!
(বেদনার বংশধর/ পৃথক পালঙ্ক )

২১. যুদ্ধের যাত্রায় সাজে মহাকাল,
ওলটপালট করে কত না শহর
সভ্যতার বুক থেকে খসে যায়
কত না নহর, তরু, জলপাই, অভ্র, অবসর!

দেশে দেশে নিমখুন, গুমখুন, কত
ভূতে পাওয়া ভ্রূঘাতক, পাতক, বদমাশ ,
হাঁস ফেলে ঘরে তোলে লাশ!
(চাকা/ পৃথক পালঙ্ক )

২২. বৃদ্ধের মৃত্যুর পাশে খালি অক্সিজেন নল, খালি সেলাইন!
মৃত্যুর প্রখর প্রাণে সে জানে না,
কত কোটি বঙ্গদেশ অভাবে ও অবক্ষয়ে তারই মতো মরছে অহরহ
(মৃত্যু, হাসপাতালে হীরক জয়ন্তী/ পৃথক পালঙ্ক )

২.২ অবক্ষয়ের মধ্যেও জয় -সিসৃক্ষার সাধনা :
১. আমারও বক্ষে একটি গর্ত প্রয়োজন।
যার ফোকরের মধ্যে চালিয়ে চক্ষু
খোলা দরোজার মতন মা মণি আমারই
সেই দূর থেকে দেখবেন, আমি দিনরাত
রেঁদা তুরপুন চালাচ্ছি কত তক্তায় –
(নিঃসন্দেহে গন্তব্য/ রাজা আসে রাজা যায় )

২. যাবি তো থামিস কেন? কোথাও থামার নেই, আর
ঐ তো নৌকা যায়, মাটির কলস যায়, ফুলদানি যায়!
(রূপ সনাতন/ রাজা আসে রাজা যায় )

৩. সমস্যায় শূন্যতায় এ শহর যদি ফের
শত্রু কবলিত হয়, – হলে হোক – মহামারী বাড়ুক পাঁজরে আর
মাংশের ভিতরে তার অন্ধকার আগ্রাসী আভায়
ঝরে যায় যদি সব, পুড়ে যায় যদি প্রেম, থোকা থোকা
আমাদের সে উদ্ধত অভিজ্ঞান, ধন্য সব আশা কুহকিনী,
আমি তবু পরোয়া করিনা আমি যে শহরে যাব,

সে তো শিল্প, সে তো 'সারাদিন' – পুনর্বার বাংলাভাষার
সে তো ভোর , রঙ্গীন জলের আয়না, মধ্যরাত, সোনালি সুদিন!
(দূরযাত্রা/ রাজা আসে রাজা যায় )

৪. দুঃখের এক ইঞ্চি জমিও আমি অনাবাদী রাখবো না আর আমার ভিতর!
………
ও জল, ও বৃক্ষ , ও রক্তপাত, রাজনীতি ও নিভৃতি
পুনর্বার আমাকে হোমার করো, সুনীতিমূলক এক থরোথরো দুঃখের
জমিন আমি চাষ করি এ দেশের অকর্ষিত অমা!
(কালো কৃষকের গান/ যে তুমি হরণ করো )

৫. শরীর জুড়ে শীতল জলের শস্যগন্ধ, শস্যযূথী, শস্যকুসুম!
শস্যমাখা কলস তাতে লিখেই ফেলি শস্যকন্ঠ , শস্যবৃক্ষ , শস্যদিঘী, শস্যদৃশ্য!
…………
লিখতে লিখতে তাকাই ফিরে মাটির দিকে, মাটি মাটি মাড়াই মাটি
সাধ্যমতন যেমন পারি মাটিতে যাই শস্যপর্ব, শস্যমুগ্ধ শস্যমানুষ!
(শস্য পর্ব/ যে তুমি হরণ করো)

৬. মারী ও বন্যায় যার মৃত্যু হয় হোক! আমি মরি নাই – শোনো
লেবুর কুঞ্জের শস্যে সংগৃহীত লেবুর আত্মার জিভে জিভ রেখে
শিশু যে আস্বাদ আর নারী যে গভীর স্বাদ
সংগোপন শিহরণে পায় – আমি তাই।
………
সেখানে সং গুপ্ত এক নদীর নির্মল ব্রীজে
বিশুদ্ধির বিরল উত্থানের মধ্যে আমি আছি
………
যুগে যুগে প্রেমিকের চোখের কস্তুরী দৃষ্টি
প্রেমিকার নত মুখে যন্ত্রণা,
আমি মরি না, মরি না কেউ কোনদিন কোন অস্ত্রে
আমার আত্মাকে দীর্ণ করতে পারবে না।
(নচিকেতা/ পৃথক পালঙ্ক )

৭. ভিত্তিভূমিঃ আমাকে শেখাও শিল্প, অভ্যুত্থান নীলিমা সঞ্চারী!
মিস্ত্রির নৈপুণ্যে গড়া হে গভীর সারস শুভ্রতাঃ
আমাকে শেখাও শির উঁচু উঁচু দালান শহর কৃতি সভ্যতা বিদ্যুতবিভা,
আমাকে শেখাও!
দেরী হয়ে গেছে বৃক্ষঃ পায়ে ধরি বলো
আমার ক্ষয়িষ্ণু জমি কোন মহাদেশে গেলে
ফিরে পাবে সুরেলা সবুজ?
(মেধা দূরে ছিল বুঝতে পারিনি/ পৃথক পালঙ্ক )

৮. সূর্যখোলা বীজের ধনুক
দিগন্তে দূর হাওয়ার অপারঃ উড়ে আসা উড়ন্ত বীজ – কাপাস তুলো
স্বপ্ন গুলো এলাজ করো , সর্বসৃষ্টি দ্যূতির মূলেঃ ফিরে তাকাবো!
(অন্য অবলোকন/ পৃথক পালঙ্ক )

৯. আর সে যদি কিছু নয়, শুধু মারী, শুধু মহামারী!
ভালোবাসা দিতে গিয়ে দেয় শুধু ভুরুর অনল –
তোমরা কেউই আঘাত করো না তাকে, আহত করো না।
যদি সে কেবলি বিষ –ক্ষতি নেই- আমি তাকে বানাবো অমৃত!
(কল্যাণ মাধুরী/ পৃথক পালঙ্ক )

১০. ঝিনুক নীরবে সহো
ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও
ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও!
(ঝিনুক নীরবে সহো / পৃথক পালঙ্ক )

১১. অসুখ আমার অমৃতের একগুচ্ছ অহংকার!
আত্মার অন্ধকারে লুকিয়ে থাকা ক্ষুধিত জানোয়ারের
রোমশ বলশালী দুটি সূর্যসমান রক্তচক্ষু!
(অসুখ/ পৃথক পালঙ্ক )

১২. তৈরী থেকো হে মাধুরী মৃত্তিকা সবাই
সজল কুয়াশা কিছু শাদা রোদ , শুশ্রুষা, কুসুম
প্রেমিক যা ভালোবাসে প্রেমিকার উদার চুম্বন,
………।
সমুদ্র, পাহাড়, ঊষা, প্রকৃতির পিলসুজ, তামাঃ
আনবো অভিধানে তুলে বৈদেশিক ক্ষমা ও সুষুমা!
………
আমি চোখে ক্লান্তি ধুয়ে ধ্যান করি
ফিরে পাবো সাবিত্রী সংসার!
(রোগ শয্যায় বিদেশ থেকে/ পৃথক পালঙ্ক )

১৩. যতদূর থাকো ফের দেখা হবে! কেননা মানুষ
যদিও বিরহকামী, কিন্তু তার মিলনই মৌলিক।
মিলে যায় – পৃথিবী আকাশ আলো একদিন মেলে!
(এপিটাফ/ পৃথক পালঙ্ক )

১৬. ভাই আমার বোন আমার আত্মা চলো যাই
ঘর বাঁধি
মানুষে জন্মাই
মৈত্রী ,
মমতার হাওয়া
(আত্মা চলো যাই/ পৃথক পালঙ্ক )

১৭. বোরোক্ষেতে ঝরাজল, আদিজল, জিউলীজল, শস্যজল বলো শান্তি হোক
আঙ্গুলে দুঃখের ক্ষত কুষ্ঠমাখা ভিখারিনী – তবু গাড়ী টানে,
জীবিকা এমন জয়ী, রোগ শোক দুঃখ জরা কুষ্ঠকেও কান ধরে আনে
বসায় কর্মের কুবলয়ে ।
তার ছায়া পড়ে পিঠে যে মানুষ সুস্থ তার ক্রমানতি ক্ষয়ে!
বেঁচে থাকে তবু বরাভয়
আমার ছায়ার চক্ষু চষাক্ষেতে চেতন চিরায়ু চাষী বলে ওঠে 'হয়'
(বলো তারে শান্তি শান্তি / পৃথক পালঙ্ক )

১৮. আমাকে দাখিল করতে হবে কিছু কোমল গল্পের নক্শা
মানুষের ইতিহাস, অগ্রগতি, গোলাপের শিল্প দলিলঃ
………
আমাকে গ্রহণ করতে হবে সব মানুষের উত্থান পতন,
জয় পরাজয় বোধ, পিছু ফেরা সামনে তাকানো –
আমার অনলে আজ জাগো তবে হে জীবন, জয়শ্রী জীবন!
(জলসত্তা/ পৃথক পালঙ্ক )

*** [ অগ্রন্থিত প্রচুর চমৎকার কবিতা আছে একই ধারায় । স্থান সংকুলানের জন্য উদ্ধৃতি আর বাড়ালাম না ]

২.৩ মৃত্যুচিন্তার কবিতা :
১. তবু অনাহারে মারীতে মৃত্যুতে আমি মরবোনা, না মরবোনা!
আঙুল উচ্চে তুলে ধরে উষ্ণ স্রোতের ভিতর
আমার অনুপস্থিতি ডুবিয়ে বলছি :
জাপানের চেরীফুলের দোহাই :
দুর্দৈবের দেশে যেন আমার ম্রিত্যু নিবারণ হয়।
………
পাকা আতাফলের মতমরে গেছি সবুজ রঙ এর মতো বিকেল বেলার বিলোল আলোয় !
টাকার মতো মরে গেছি টাকশালের নকল ছাঁচে , কালবাজারীর কালো তেলোয় !
তেমন মরবোনা আর, অসুখকে চাই সুখের অমরাবতী!
(অসুখ/ পৃথক পালঙ্ক )

২. যেখানে প্রশান্তি নেই মানুষের লক্কখত গাথা ,
সেখানে মৃত্যু শুধু ম্রিতের ঘুমের অন্ধকার,
গ্রীনরোডের পুষ্পিত শাড়ির মতো
মনে হয় না প্রিথিবিকে তাই আর,
ইসলামপুরের পুষ্পস্তবকের মতো
পৃথিবীর নারীর হৃদয়!
তাই বলি তোমাদের একমাত্র মৃত্যুই সুন্দর
চাদের মতন আত্মা আমার মেলে দিতে পারি
আজ অনন্ত মৃত্যু সম্ভাষণে !
(বন্ধুকে মনে রাখার মতো / অগ্রন্থিত)

৩. পাতাকুড়নীর মেয়ে তুমি কী কুড়োচ্ছ? মানুষ, আমি মানুষ কুড়োই!
আহত সব নিহত মানুষ কারা বাক্স খুলে ঝরায় তাদের রাস্তাঘাটে!
পঙ্গু – তবু পুণ্যেভরা পুষ্প ঃ তাদের কুড়োই আমি –
(ধরিত্রী/ পৃথক পালঙ্ক )

২.৪ কবিতার শিল্প :
মার্কিনী কবির মতো নয়! শব্দকে বরং হতে হবে
সন্ন্যাসী ভিক্ষুক পোড়া ভিয়েত্নাম! বোমা অগ্নি, আহত আঘাত
রাজ্যচূত দূরাচারী সিঙ্ঘাসন। বিদীরণ গুল্মের ঢেউ পোড়াদেহে
বুকে ভরা অথর্বতা, পঙ্গু সাধীনতা। পাগলা মেহের আলী। সব ঝুট হ্যায়।

মর্মর স্বচ্ছ কোন যুবতীর পায়ের মতো নয় জলে অথবা।
বরং মৃত্তিকা ফোটা অপর দাদীর সেই জরাতুর কুঞ্চিত ভবন
পাচীঁর অঙ্গের কুষ্ঠ ভিখারিনী থালার তীব্র ধাতু কলঙ্কের ঘৃণা ।

স্পেনী কবির মতো নয়, কতদূর ঘোড়সওয়ার
করডোভা নগরী জেনে কাজ নেই। তার চেয়ে ঋত্বিকের
তিতাসের আলুর ভিতরে জল, মৃত সভ্যতার জল, মাছের
জালের জল খুঁড়ে তুলতে হবে শব্দকে। এবং দেখাতে হবে
একটি বেদের শিশু সবুঝ অবুঝ হিল্লোলে ধাঙ্কখেতে নাচতে
নাচতে ভেঁপুর বাজনায় যেন হাস্যমুখী স্বর্গ হয়ে যায়।

এদেশের জলে কত সাপুড়িয়া বেদে সম্প্রদায় আদিবাসীদের মতো
লুপ্তপ্রায় আজ "নেই অরণ্যের", "নেই লোকশিল্পের" ক্ষতে উপেক্ষিত
সিঙ্গা ফুঁকে রক্ত তুলে দাঁতে লোক সাফ করে দিনগুজরান।
অথচ জিপসী নয়, উজ্জ্বল অঙ্গাবরণ পরে ঘাঘরা সেই জাত।
আবারও শব্দ আছে। রাত্রি নিশিথের দৃশ্য ক্ষতস্থানে উগ্রদেহী মাংসাশী কুসুম!
হার্‌লেমের নিগ্রো নারী ন তুমি! এদেশের পারু কিংবা শ্যামা
চিরায়ু শিল্পের মতো তবু হতে যদি তোমরা একগুচ্ছ নিস্তব্ধ উপমা!
(কবিতা/ অগ্রন্থিত )

Image
Flag Counter