যারা গুম হয়ে যায়
'বেঁচে আছি, বেঁচে থাকি কাল মহাকাল',
বলে এক ক্ষণজীবী ক্ষুধাতুর কৃমির কঙ্কাল
ঢেউ চিরে চিরে
সহিংস সাঁতার কাটে খরস্রোতে,
জলে-ভাসা শবের শরীরে।
দাঁত নেই হাত নেই চোখ নেই মুখ নেই তার,
আছে শুধু দুর্নিবার ক্ষুধা,
তাকে দেখে বজ্রে-ঝড়ে কেঁপে ওঠে জননী বসুধা;
আ-নখর আ-মস্তক লকলকে জিভের কামড়,
ঘাস খায় লাশ খায়, খায় আরো পরমায়ু-ধড়,
অনন্তর আততায়ী নিজেই নিজের,
নিজের খামারে নিজে
অনন্তর বর্গাচাষী মরণ-বীজের …
এ কেমন চাষাবাদ, এ কেমন খেলা?
নিরুত্তর চন্দ্রসূর্য, থেমে যায় বেলা।
এ কেমন লাভ-ক্ষতি, এ কেমন দায়?
নিরুত্তর চন্দ্রসূর্য, বয়ে যায় বেলা।
হায়! সায়হীন দায়হীন, এই দেখাদেখি!
তবে কি ঘুমন্ত আজো
জীবিতের বিবেক সাবেকি?
যারা গুম হয়ে যায়, তারা বিনিদ্র ঘুমায়,
তারা সব সাঁতরায় প্রাণে প্রাণে, নিদ্রাহীনতায়;
বুড়িগঙ্গা পাড়ি দিয়ে মাছের উদরে ঘুরে
তারা সব হয়ে যায় হাঁসেদের ডিম।
জেলেদের জাল বেয়ে গঙ্গা-পদ্মা নদীপথ ঘুরে
তারা কেউ সরপুঁটি, মহা-শোল, রূপালি ইলিশ।
ভোরের নিলামে চড়ে বাজারের পণ্য হয়ে
তারা কেউ ফিরে আসে জনপদে, ঘরে,
দারুচিনি এলাচের চারপাশে তারা কেউ স্বাদু কিশমিশ;
হায়, তখনো কি নগরে-বন্দরে-গঞ্জে,
টান-বাজারের আশেপাশে
ঘাতকেরা ঘোরাফেরা করে, হাতে যার শানানো কীরিচ?
না, পরোয়া করে না তারা এ-সব কিছুর,
তারা আজ কাঁচাবাজারের লালঝুঁটি ঝাঁজালো মরিচ।
প্রাকৃতিক প্রতিশোধে তারা যায় প্রাণ থেকে প্রাণে,
বুদ্ধের শরণ নিয়ে তারা কেউ যায় না নির্বাণে;
ক্ষণ-জীবীদের পাতে লোভনীয় খাদ্য তারা মশলার ঘ্রাণে,
গলনালী পার হয়ে ঢুকে যায় ঘূর্ণিস্রোতে ঘোর পাকাশয়ে,
ফুসফুসে, হৃৎপিণ্ডে, স্নায়ু-শীর্ষৈ, মলদ্বারে, মূত্রাশয়ে …
হন্তারক জীবিতের প্রতিটি ঘাতক কোষে
ক্ষুধার্ত জীবের অণু, মরণের বীজ; রুদ্র রোষে
চেটেপুটে খেতে থাকে জীবিতের নিষিক্ত নির্যাস,–
হায়,
কাল যার সর্বনাশ, প্রতিশোধে আজ তার ঘোর মধুমাস।
যারা গুম হয়ে গেছে,
তারাও কি লাশভূক ক্ষুধাতুর কৃমিকীট বেশে
গেরিলা অ্যাম্বুশ পাতে এই জিন্দা-মুর্দাদের প্রেতপুরী কবন্ধ স্বদেশে?
মৃত আর জীবিতের ন্যায়যুদ্ধে স্বার্থপর জীবিতেরা চিরকাল ভীত,
মৃতের উত্থান দেখে আততায়ী জীবিতেরা চির-পরাজিত।
যেতে যেতে ঘুরে আসে, ঘুরে ঘুরে যায় উড়ে যায়
ঘর ছেড়ে অন্য ঘরে, পথ ছেড়ে অন্য পথে যায়,
উত্তরে দক্ষিণে যায়, দিক থেকে দিগন্তরে যায়,
হারায় না কখনো কোথাও;
যারা গুম হয়ে যায়, তারা কেউ নির্বিকার থাকে না উধাও।
তারা সব আকাশের তারা হয়ে হাসে,
তারা ঘর মন ত্রিভুবন মানুষ ও মাটি ভালোবাসে।
সর্বপ্রাণবাদে বন্দি, অনন্তের সঙ্গে সন্ধি, তুচ্ছ ভয়-ডর,
তাদের বরণ করে লালনের একতারা, ত্রিলোকের আরশিনগর।
০৩-০৫.০৫.২০১৪
