ভিক্টর হুগোর ‘এক বন্দির শেষ দিন’
বইটি রচিত হয়েছিল ১৮২৯ সালে, অর্থাৎ আজ থেকে ১৯৪ বছর আগে। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশেই মৃত্যুদণ্ড নিষিদ্ধ হয়ে গেছে। ভয়ংকরতম অপরাধেও এখন আর মৃত্যুদণ্ড দেয়া হয় না।
বিখ্যাত ফরাসি কথাসাহিত্যিক ভিক্টর হুগো তার হান্সব্যাক অব নটর ডাম এবং লা মিজারেবল উপন্যাস দুটির জন্য বিশ্বব্যাপী পরিচিত। বাংলাভাষী পাঠকদের কাছেও তার জনপ্রিয়তার মূল ভিত্তি এই দুটো উপন্যাস। যদিও তার অন্যান্য উপন্যাস এবং কিছু কিছু কবিতা অনূদিত হয়েছে। যদিও The last day of the condemned man বা ‘এক বন্দির শেষ দিন’ উপন্যাসটির বাংলা একটি অনুবাদ আছে অনুবাদক স্বপন চট্টোপাধ্যায়ের, তবে আমার পাঠের ভিত্তি ছিল Arabella Ward কর্তৃক ফরাসি থেকে অনূদিত ইংরেজি সংস্করণটি।
গত এপ্রিলে রুশ লেখক দস্তয়েভস্কির The meek one বইটি যখন পড়েছিলাম, সেখানেই আমি এই বইটির উল্লেখ দেখতে পাই।
এই বইটি মূলত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জীবনের শেষ ছয় সপ্তাহের দিনলিপি। সেই ছয় সপ্তাহ ফাঁসির আদেশ ঘোষণা থেকে শুরু করে ফাঁসি কার্যকর করা পর্যন্ত অতিবাহিত। বইটির যে বিষয়গুলো আমাকে চরম মানসিক আন্দোলনের সম্মুখীন করেছে, সেগুলো এইরূপ:
প্রথমেই বলতে হবে লেখকের অনবদ্য বর্ণনাভঙ্গি যেটি হতে পারে একজন ব্যক্তির মানসিক অবস্থা অথবা চারপাশের পরিবেশ অথবা সার্বিক পরিস্থিতির বয়ান। শব্দচয়ন, উপমার অনবদ্য ব্যবহার এবং ডার্ক হিউমারের মাধ্যমে প্রচণ্ড আতঙ্কজনক এবং শ্বাসরুদ্ধকর কোন পরিস্থিতিকেও পাঠকের কাছে সুখপাঠ্য হিসাবে উপস্থাপন করা - চমৎকার এই মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন হুগো তাঁর লেখনীতে।একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জীবনের প্রতি যে প্রবল আকাঙ্ক্ষা এবং একটি ছোট্ট মুহূর্ত হলেও নির্ধারিত সময়ের বেশি বেঁচে থাকা--এই চরম আকুতি এত নির্মমভাবে তাঁর কলমে প্রকাশ পেয়েছে, যা মানবজীবনের এক অনন্য জীবনদর্শন রূপে প্রতীয়মান হতে পারে। যখন আর কিছুক্ষণের মধ্যেই তাঁর জীবনাবসান ঘটবে এমন কিছু মানুষের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে, যারা তাকে ব্যক্তিগত ভাবে চেনেও না বা যাদের সাথে তার কোন শত্রুতাও নেই বরং যারা তার কষ্টে প্রচণ্ডভাবে ভারাক্রান্ত হচ্ছে, সেই করুণ ট্র্যাজেডি সত্যিই প্রশ্ন করতে বাধ্য করে আসলেই সমাজে প্রচলিত মানবসৃষ্ট আইন কানুন কতটুকু যৌক্তিক।
তারুণ্যের আলোয় উদ্ভাসিত এই যুবক অজানা এক অপরাধে (পুরো রচনায় বিভিন্ন ঘটনা এবং ঘাত প্রতিঘাতের বর্ণনার মাঝেও লেখক সবসময়ই গোপন রেখেছেন উল্লেখিত অভিযুক্ত আসামির বিরুদ্ধে উত্থিত হওয়া অপরাধটি ঠিক কী। এবং ব্যাপারটি চমৎকার কারণ এই কাহিনী তো কোন নির্দিষ্ট মানুষের কাহিনী নয়, যুগে যুগে যতো মানুষের জীবনে এই ভয়ানক খড়গ নেমে এসেছে, তারা সকলেই এই অন্ধকারাচ্ছন্ন মানসিক ভ্রমণ করতে বাধ্য হয়েছেন। কিন্তু অপরাধ উল্লেখ করে দিলে সেটি একজন নির্দিষ্ট ব্যক্তিকেই নির্দেশ করতো এবং কাহিনী তার সার্বজনীন গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলত) জীবনের সায়াহ্নক্ষণে উপস্থিত হয়েছে, তখন পৃথিবীতে তাঁর সবচেয়ে প্রিয় এবং মহার্ঘ্য বস্তু - তার ছোট্ট মেয়েটিকেও যখন পর হয়ে যেতে দেখে নিজের উপরে নেমে আসা এই দুর্যোগের কারণে, সেই অশ্রুসজল মুহূর্তে জীবনের এবং সমাজের অসারতা যেন প্রবলভাবে পীড়িত করে পাঠককে। এমনকি, একজন ব্যক্তি মানুষের কোন অপরাধের কারণে (আপাতদৃষ্টিতে পাপ,পূণ্য বা অপরাধের যে সংজ্ঞা সমাজে প্রচলিত রয়েছে সেটি কতটুকু পরিমাণে গ্রাহ্য এবং সামগ্রিকভাবে কতখানি মঙ্গল সাধন করেছে তা তো এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন নিয়ে সর্বদাই দন্ডায়মান..) তার পরিবার এবং পারিপার্শ্বিক সমাজের ওপর ঘৃণা এবং বিদ্বেষের এক করুণ বাস্তবতা নেমে আসে যা প্রকৃতপক্ষেই বেদনাবিধুর এবং পরিহাসের।
বইয়ে উল্লেখিত আসামীর এই পৃথিবীর বুকে তার এক বছরব্যাপী একমাত্র আশ্রয়স্থল--চার দেয়ালঘেরা এই কারাগারের ঘর যার মধ্যে তার সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড, সমগ্র অস্তিত্ব এসে আটকা পড়ে গেছে। একদিন প্রদীপের আলোয় সেই কারাগারের ঘরের দেয়ালের গায়ে আঁচড় হয়ে ফুটে ওঠা কিছু পূর্বসূরীর নাম (যারাও ঠিক তার মত করেই তাদের ফাঁসির আগে এই জেলের ঘরেই জীবনের শেষ কিছুদিন কাটিয়েছেন) সে যখন পড়তে পারে, তাদের অপরাধের প্রবল ভয়াবহতা স্মরণ করে তার অনুভূতিগুলো এক প্রচ্ছন্ন পাথরের গায়ে এসে আঘাত পায়। সে আঘাত তাকে এটা ভাবতে বাধ্য করে যে যাদেরকে ঘৃণ্য এক জীব মনে করে এসেছে তাদের কৃত অপরাধের ভয়াবহতা স্মরণ করে, তারাও মৃত্যুর আগে ঠিক এভাবেই মনুষ্যত্বের ক্ষুদ্রতার কাছে নতজানু হয়েছেন। এই দৃশ্যের মধ্য দিয়ে সমাজে চলমান অপরাধীর প্রতি যে ঘৃণা এবং বিদ্বেষপূর্ণ প্রপাগান্ডা, তাকেই যেন কুঠারাঘাত করে বিবেককে জাগ্রত করার শৈল্পিক প্রয়াস সাধিত হয়।
প্রত্যেক আসামির ফাঁসির আগে একজন যাজক কর্তৃক তাকে তার “পাপ” এবং উক্ত কাজের জন্য ইহকাল এবং পরকালে যে প্রতিকূল বাস্তবতার সম্মুখীন হতে হবে সে বিষয়ে সচেতন করে তোলার এবং “প্রার্থনা” ইত্যাদি কার্য সম্পাদন করে তাকে মৃত্যুর উপযোগী করে তোলার যে প্রচেষ্টা চলে, সে সম্পর্কে লেখকের বর্ণনা-প্রক্রিয়া অত্যন্ত মর্মস্পর্শী। একজন বেতনভুক্ত কর্মচারী হিসাবে প্রতিদিন অসংখ্য “অপরাধীর” মৃত্যুর দিকে ধাবিত হওয়াকে প্রত্যক্ষ করে তাদেরকে পরলোক সম্বন্ধে সাবধান ও প্রস্তুত করে তোলার কর্মযজ্ঞে একজন যাজক প্রকৃতই কি অভিযুক্তের প্রবল মানসিক পীড়নকে চুল পরিমাণ বিচ্যুতও করতে পারেন? বাহ্যিকভাবে যাজক যতোই চেষ্টা করুন অপরাধীকে মানসিকভাবে প্রবোধ দেওয়ার এবং তার অন্তিম সংকটে পাশে থাকার, তবুও একজন মানুষকে মৃত্যুদন্ড দিয়ে তাকে অনভিপ্রেত এই মৃত্যুর জন্য সান্ত্বনা দেওয়া এবং প্রস্তুত করে তোলার প্রক্রিয়া অত্যন্ত পরিহাসের এক বিষয়।
মৃত্যুদণ্ড গ্রহণের আগ মুহূর্তে যখন আসামি দেখে যে তার অন্তিম আশ্রয়স্থল “জেল”-এর ঘরটিও পূরণ হয়ে যায় পরবর্তী উত্তরসূরীর আগমনে এবং সেই ব্যক্তি তার অপরাধের গল্প বর্ণনা করে আসামির কাছে, সে বর্ণনা আমাদের পদে পদে স্মরণ করিয়ে দেয় যে একজন অপরাধী যখন অপরাধ করে, প্রচলিত সমাজব্যবস্থা এবং পারিপার্শ্বিক পরিবেশ তাকে কতটা বাধ্য করে তোলে এবং মানসিকতার এক নিচুতম স্তরে তার মনুষ্যত্বকে উপনীত করে। সে তখন এমনি এক মানসিক অবস্থায় পর্যবসিত হয় যে জীবনের এই পর্যায়ে এসেও “ফাঁসি” গ্রহণ করতে যাওয়া পূর্বসুরী আসামির পরনের পোশাকটিও পরোক্ষভাবে শক্তি প্রদর্শন করে হরণ করে নেয় শুধুমাত্র জেলের মধ্যে শেষ দিনগুলোতে “তামাক” যোগান এর উদ্দেশ্যে..
যে কারণগুলো একজন মানুষকে অপরাধী হয়ে উঠতে বাধ্য করে এবং তাকে এই সালংকরা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা অপরূপ রূপ রস গন্ধের চমৎকার জগৎ থেকে বিচ্ছিন্ন করে এক তিমিরাচ্ছন্ন পরিমণ্ডলে নিক্ষিপ্ত করে, সেই কারণসমূহ এবং পরিস্থিতিকে বিনাশ না করে একজন “মানুষ” কে এভাবে তার জীবনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া কোনোভাবেই একটি সুস্থ সমাজের কার্যক্রম হতে পারে না এবং এই অন্যায্য বিচার ব্যবস্থার দিকে অত্যন্ত সুনিপুণভাবে অঙ্গুলি নির্দেশ করার প্রামাণ্য এক দলিল এই উপন্যাস।
বইটি রচিত হয়েছিল ১৮২৯ সালে, অর্থাৎ আজ থেকে ১৯৪ বছর আগে। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশেই মৃত্যুদণ্ড নিষিদ্ধ হয়ে গেছে। ভয়ংকরতম অপরাধেও এখন আর মৃত্যুদণ্ড কার্যকর হয় না। আমি নিজেও মৃত্যুদণ্ডের বিপক্ষে। তবে শুধুমাত্র যদি আমাদের দেশের প্রেক্ষাপট বিচার করি, কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে (যেমন যুদ্ধাপরাধ এর বিচার) যে ফাঁসি কার্যকর করা হয়েছে, সেই ক্ষেত্রেও কি আমি আমার নীতির পক্ষে অটল (অর্থাৎ মৃত্যুদণ্ডের বিপক্ষে থাকার যে নীতি) থাকতে পারব? কখনোই না। কিছু কিছু অপরাধের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে হয়তো মৃত্যুদণ্ড অতটা অন্যায্য বলে প্রতীয়মান হয় না। মনুষ্যত্ব এমনই এক জিনিস, যা কখনোই কোন ধ্রুবসত্যকে ধারণ করে বিকশিত হয় না, প্রতিটি পরিস্থিতি এবং মানবিকতাবোধ তাকে সতত পরিবর্তনশীল করে রাখে..
ভিক্টর হুগো এমনই এক কথাসাহিত্যিক যিনি মানবজাতি, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার মূল ত্রুটিগুলো অসামান্য শৈল্পিক দক্ষতায় পাঠকের মাঝে উপস্থাপন করেছেন।
