২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলা এবং বিবিধ ভাবনা

যে আনন্দ, উৎসাহ আর প্রাণোচ্ছ্বাস নিয়ে এমনকি বছরদশেক আগেও মানুষ বইমেলায় আসতেন সেই উৎসাহকে গলা টিপে হত্যা করার দায় কার?

বইমেলা এবং বিবিধ ভাবনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছুটির দিন এবং শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল একুশের বইমেলা ছিল শিশুদের জন্য। ছবি: মাহমুদ জামান অভি

মোস্তাক শরীফ মোস্তাক শরীফ

Published : 24 Feb 2024, 10:14 AM

Updated : 24 Feb 2024, 10:13 AM

একুশে বইমেলা, আবেগভরে যেটিকে বলি ‘প্রাণের মেলা’, দেখতে দেখতে তার শেষের শুরু হয়ে গেছে। এ বছর লিপ ইয়ার, তার মানে বাড়তি একটি দিন যোগ হবে মেলার সঙ্গে; কলেবরের বিচারে যেটি বিশ্বের দীর্ঘতম বইমেলা। গোটা একটা মাস মেলার ব্যাপ্তি, এটা শুনে বিদেশিদের অনেকে চোখ ওল্টান। বিশ্বের সবচেয়ে বড় বইমেলা ফ্রাংকফুট মেলার ব্যাপ্তি মাত্র পাঁচদিনের, এবং তারও মধ্যে তিনদিন কেবল প্রকাশক ও ব্যবসায়ীদের জন্য। দুটোমাত্র দিন বরাদ্দ থাকে আমজনতার জন্য। আমার সুযোগ হয়েছে কলকাতা ও আগরতলা বইমেলা দেখার। দৈর্ঘ্যের বিচারে আমাদের মেলার চেয়ে অনেক কম। কে জানে, জৌলুশের বিচারেও হয়ত বা।

এবারের একুশে বইমেলায় অংশগ্রহণ করছে ৬৩৫টি প্রকাশনা প্রতিষ্ঠান। বরাবরের মতোই একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলে বিশাল এই আয়োজন। ধারণা করা হয়েছিল মেলায় এবার বিপুল লোকসমাগম হবে। হয়েছেও তাই। রীতিমতো ‘ঠাঁই নাই ঠাঁই নাই ছোট এ তরী’ অবস্থা। লোকসমাগম অনুযায়ী মেলায় বিক্রিবাট্টা কম। বরাবরই তাই থাকে। অনেক প্রকাশক দুঃখভরে বলেন, মেলায় আসা মানুষদের অর্ধেকও যদি একটি করে বই কিনতেন তাহলে কোনো স্টলেই আর বই থাকত না। এদিকে অনেক বোদ্ধা পাঠকেরই হা-হুতাশ: এত বই, তবু পড়ার মতো বই কোথায়? এ যেন কোলরিজের সেই বৃদ্ধ নাবিকের হতাশ্বাস: “Water, water, everywhere, Nor any drop to drink.”

বইমেলায়, বিশেষ করে লেখকদের আড্ডায় কান পাতলে এ কথাটি বেশ জোরেশোরেই শোনা যায়। এত বই, রীতিমতো বইয়ের পাহাড়, কিন্তু পড়ার মতো বই কোথায়! নামীদামী কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল বাদ দিয়ে দৈবচয়নের ভিত্তিতে যেকোনো স্টলে দু-চারটি বই ওল্টালেই এ কথার সত্যতা মিলবে। ভুল বানান, ত্রুটিপূর্ণ বাক্য, দুর্বল ছাপা, সম্পাদনার বালাই নেই। এ যেন যেমন খুশি তেমন সাজোর মতোই। যেমন খুশি তেমন লিখো। ছাপার জন্য প্রকাশকের অভাব হবে না। মান নিয়ন্ত্রণ বলে যে একটা ব্যাপার আছে, সেটা যেন সবাই বেমালুম ভুলে বসে আছে। বইমেলায় নিয়মিত যাওয়া-আসা আছে এমন কেউ যদি স্মৃতির ভেলায় চেপে বছর-বিশেক পেছনে চলে যান তাহলে ফেলে আসা দিনগুলোর জন্য নিশ্চয়ই হা-পিত্যেশ করবেন। মেলায় বই বেড়েছে, মানুষের আনাগোনা বেড়েছে, জৌলুশ বেড়েছে, কেবল কমে গেছে প্রাণ। ভালো লেখা, ভালো বই যে প্রকাশিত হচ্ছে না তা নয়। মুশকিল হলো, গ্রেশামের আইন মেনে মন্দ বই ভালো বইকে রীতিমতো ঝেঁটিয়ে বিদায় করে দিচ্ছে। ফলে যিনি কেবল ছবি তুলতে আর মজা-মাস্তি করতে মেলায় আসেননি, এসেছেন সত্যিকারের ভালো বই কিনতে, তিনি তাঁর কাঙ্ক্ষিত বই খুঁজে পাচ্ছেন না। বিশাল খড়ের গাদায় সুঁই খোঁজার কঠিন অভিযানে বাধ্য হচ্ছেন রণেভঙ্গ দিতে।

এই ছবি তোলার কথা বিশেষভাবে বলতে হচ্ছে। বললে অত্যুক্তি হবে না, মোবাইল ফোন নামের এই যন্ত্র সম্ভবত আমাদের ভালোর চেয়ে খারাপই করেছে। বইমেলায় মিনিটকয়েক কাটালেই এই কথাটির মাহাত্ম্য বোঝা যাবে। দর্শনার্থীরা স্টলের পাশে দাঁড়িয়ে হাতে বই তুলে নিচ্ছেন, মিষ্টি একটা হাসি দিচ্ছেন, কোথাও একটা ফ্ল্যাশ ঝলসে উঠছে। তারপর বিক্রয়কর্মীর বিষন্ন দৃষ্টির সামনে এই স্টল ছেড়ে চলে যাচ্ছেন পরবর্তী স্টলের দিকে। আরো সুন্দর একটি ছবি তুলতে। এবারের বইমেলার স্বাতন্ত্র্যচিহ্নিত বৈশিষ্ট্যের মধ্যে ছবি তোলার এই মহোৎসব নিশ্চয়ই উপরের দিকেই থাকবে। বই হয়ে দাঁড়িয়েছে নতুন নতুন ভঙ্গিমায় ছবি তোলার একটি উপলক্ষ মাত্র। অনেক অনুষঙ্গের ভিড়ে আরেকটি অনুষঙ্গ। তাকে ঘিরেই এত বড় আয়োজন। কিন্তু তাকে সত্যিকারভাবে ভালোবাসার, আপন করে নেওয়ার মতো মানুষের বড্ড অভাব। বিশ্বের দীর্ঘতম বইমেলায় বই এভাবেই ক্রমশ অপাংক্তেয় হয়ে উঠছে।

বই যে আর বইমেলায় মনোযোগের কেন্দ্রে নেই তার সবচেয়ে বড় প্রমাণ মানহীন, ভুলে ভরা বইয়ের ছড়াছড়ি। এক বিপুল সংখ্যক মানুষ কী কারণে যেন পণ করেছে, লেখক হয়েই ছাড়বে। এতে দোষের কিছু নেই, কিন্তু তারা যে কেবল বইমেলার লেখক হতে চায়। বছরের বাকি এগারো মাস বই নিয়ে, লেখালেখি নিয়ে, সাহিত্য নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই। লক্ষ্য কেবল এই একটা মাস। গল্প, কবিতা, উপন্যাস, স্মৃতিকথা-কিছু একটা হলেই হলো। বানান, বাক্য গঠন, বিষয়বস্তু - এ সবই গুরুত্বহীন। আসল কথা হলো, লেখক হতে হবে। ফেব্রুয়ারির শুরুতে ফেসবুকে জানান দিতে হবে - আমি আসছি। অমুক স্টলে থাকব। এসে পড়ুন। সংগ্রহ করুন। সংগ্রহ করার পর যে কী হবে সে বিষয়ে লেখকের যেমন মাথাব্যথা নেই, মাথাব্যথা নেই সংগ্রাহকেরও। ধারণা করি, অনুরোধে ঢেঁকি গিলে সংগ্রহ করা এসব পুস্তকের অধিকাংশেরই গন্তব্য হয় উঁইপোকার পেট অথবা ভাঙারির দোকান।

অথচ এমন হওয়ার কথা ছিল না। যে আনন্দ, উৎসাহ আর প্রাণোচ্ছ্বাস নিয়ে এমনকি বছরদশেক আগেও মানুষ বইমেলায় আসতেন সেই উৎসাহকে গলা টিপে হত্যা করার দায় কার? আঙ্গুল অনেক দিকেই তোলা যায়, সেদিকে না যাই। সরল সাদা চোখে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে, প্রকাশক প্রকাশকের কাজ করছেন না, নীতিনির্ধারকরা চোখে ঠুঁলি পরে অন্যদিকে তাকিয়ে আছেন, সাহিত্যবোদ্ধারা ঝিনুক হয়ে নীরবে সয়ে যাচ্ছেন, এদিকে বইমেলাকে ঘিরে আমাদের সব অর্জন বানের জলে ভেসে যেতে বসেছে। সবাই বুঝতে পারছেন, এভাবে চলতে পারে না। তবু ভানু বন্দ্যোপাধ্যায় যেমন ঘরে ঢোকা চোরকে চুপচাপ দেখছিলেন আর ভাবছিলেন, ‘দেখি না ব্যাটা কী করে’, আমরাও বছরের পর বছর কেবল ভেবে যাচ্ছি, দেখি না, অবস্থা আরও কত খারাপ হয়!

মুশকিল হলো, এই ‘দেখি না দেখি না’ করতে করতে এক ধরনের ‘পয়েন্ট অব নো রিটার্নে’র  দিকে চলে যাচ্ছি আমরা। অন্যদেশে যা-ই হোক, আমাদের দেশে বইমেলা কেবল সাধারণ এক বইমেলা নয়। যে কারণেই হোক, বই নিয়ে ভাবনা, পরিকল্পনা, উপলব্ধি সব এখন মেলার এই একটা মাসের মধ্যে এসে ঠেকেছে। সেই মেলাও যদি ক্রমশ তথাকথিত বইমেলা হওয়ার দিকে এগিয়ে যায় তবে হয়তো বই নিয়ে আমাদের সমস্ত ভাবনাচিন্তাও একদিন এক অলীক কল্পনায় রূপ নেবে। আমরা বুঝতে পারছি না, বইমেলাকে ঘিরে বখাটেপনা, মুশতাক-তিশা-সাবরিনা, সেলফি তোলার হিড়িক, বই নামের আবর্জনা প্রকাশ - এগুলো রোগ নয়, রোগের লক্ষণ। বই ও লেখালেখি নিয়ে শুদ্ধ ও সুস্থচিন্তার চর্চা বন্ধ করে দিয়ে, গ্রন্থকে নেহাতই বাজারি পণ্য বানিয়ে, তদবির আর লবিংবাজির জোরে প্রকৃত প্রতিভা বিকাশের পথ বন্ধ করে দিয়ে ক্রমশই উদ্ধারহীন এক অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছি বই ও বইমেলাকে। সহসা সে অন্ধকার কাটবে, এমন সম্ভাবনা দেখি না।