বোর্হেস ও রুলফোর কৌতুককর আলাপচারিতা
হ্যাঁ, ঠিকই বলেছেন। তখন দেখা যেত মৃত কেউ জীবিতের ভান করে আশেপাশে ঘোরাফেরা করছে।
দুজনই স্প্যানিশ ভাষার দুই মহান লেখক। একজন আর্হেন্তিনার: হোর্হে লুইস বোর্হেস। বোর্হেস একাধারে কবি, প্রাবন্ধিক, গল্পকার। জন্ম ১৮৯৯ সালে ২৪ আগস্ট। ৫৫ বছর বয়সে তিনি পুরোপুরি অন্ধ হয়ে যান। কিন্তু তারপরও লেখালেখি অব্যাহত ছিল। ১৯৮৬ সালের ১৪ জুন তিনি মৃত্যুবরণ করেন। অন্যজন মেহিকোর হুয়ান রুলফো। জন্ম ১৯১৭ সালে ১৬ মে। রুলফো ১৯৮৬ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন। রুলফো সারা জীবনে একটি মাত্র উপন্যাস লিখেছিলেন যেটির নাম পেদ্রো পারামো। উপন্যাসের প্রেক্ষাপট কোমালা। প্রেদো পারামো এই উপন্যাসের প্রধান চরিত্র। এই তথ্যটুকু জানিয়ে রাখার উদ্দেশ্য হলো তাদের কথোপকথনে এই প্রসঙ্গের উত্থাপন। নিচে তাদের কথোপকথনটি তুলে ধরা হলো। স্প্যানিশ থেকে তাদের সাক্ষাতের এই ছোট্ট বিবরণটি অনুবাদ করেছেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন।
হোর্হে লুইস বোর্হেস ১৯৭৩ সালে মেহিকো সফর করেছিলেন। এসে তিনি তার নিমন্ত্রণকারীদের অনুরোধ করেন তার বন্ধু হুয়ান রুলফোর সাথে দেখা করিয়ে দিতে। রুলফোর সাথে তিনি কথা বলতে চেয়েছিলেন। পরে তারা রুলফোর সাথে প্রাতরাশের প্রস্তাব করেন। “মার্জনা করবেন” , তিনি বললেন, “বিকেলবেলা হলে খুব ভালো হয়। সকালবেলাটা আমাকে একদম মেরে ফেলে। আমার না আছে ঔজ্জ্বল্য না আছে সেই শক্তি যা এই সকালবেলার প্রাপ্য। আজকের বিকেলবেলাটাই আমার জন্য উত্তম। আমি কেবল আমার বন্ধু রুলফোর সাথে কথা বলতে চাই।”
সেই সময়কার সাক্ষ্য অনুযায়ী তাদের কথাবার্তা ছিল মোটামুটি এরকম:
রুলফো: ওস্তাদ, আমি রুলফো। কি যে ভালো লাগছে আপনি এসেছন। আপনি জানেন আপনাকে আমরা কতটা শ্রদ্ধা করি এবং পছন্দ কির।
বোর্হেস: আহা, শেষ পর্যন্ত দেখা হলো, রুলফো! কোনো দেশ আর দেখতে পাই না, কেবল শুনতে পাই। এত অমায়িক ব্যবহার পেয়েছি! আমি ইতিমধ্যে ভুলেই গিয়েছিলাম মহান শিষ্টচারের সত্যিকারের রূপটা। কিন্তু আমাকে বোর্হেস বলে ডাকবেন না, ‘ওস্তাদ’ তো নয়ই, শুধুই হোর্হে লুইস বলুন।
রুলফো: কী অমায়িক আপনি। আপনিও আমাকে তাহলে হুয়ান বলেই ডাকুন।
বোর্হেস: আপনাকে একটা সত্যি কথা বলি। ‘হোর্হে লুইস’-এর পরিবর্তে আমি আপনার তিন রর্ণের এত সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট ‘হুয়ান’ বেশি পছন্দ করি। সংক্ষিপ্ততা সবসময়ই আমার পক্ষপাতগুলোর একটি। রুলফো: না, ঠিক তা নয়। হুয়ান তো যে-কেউই হয়, কিন্তু হোর্হে লুইস কেবল বোর্হেসই হতে পারেন।
বোর্হেস:আপনি সবসময়ই খুব আন্তরিক। বলুন, কেমন ছিলেন শেষের দিনগুলোয়?
রুলফো: আমি? মরে যাচ্ছিলাম, প্রায় মরেই যাচ্ছিল ওদিকটায়।
বোর্হেস: তাহলে দেখছি খুব একটা খারাপ ছিলেন না।
রুলফো: কী রকম?
বোর্হেস: ভাবুন তো, ডন হুয়ান, আমরা যদি অমর হয়ে যেতাম তাহলে কি অস্বস্তিকর ব্যাপারই না হতো।
রুলফো: হ্যাঁ, ঠিকই বলেছেন। তখন দেখা যেত মৃত কেউ জীবিতের ভান করে আশেপাশে ঘোরাফেরা করছে।
বোর্হেস: আপনাকে একটা গোপন কথা বিশ্বাস করে বলেই ফেলি। আমার পিতামহ, জেনারেল, বলা হয় তার নাম ছিল বোর্হেস, কিন্তু তার সত্যিকারের নাম ছিল অন্য কিছু, যেটা এক গোপন বিষয়। আমার ধারণা তার নাম ছিল পেদ্রো পারামো। সেই অর্থে আমি হচ্ছি কোমালা নিয়ে আপনার লেখাটিরই এক পুনর্সংস্করণ।
রুলফো: যাক,এবার তাহলে সত্যি মরে যেতে পারি।
