২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পান্না কায়সার : মুক্তিযুদ্ধের সাহিত্যের অগ্রণী কারিগর

নিটোল প্রেমের কথা বলতে গিয়েও তিনি রাজনীতির কথা বলেন, দেশকে ভালবাসার মহিমা প্রচার করেন।

পান্না কায়সার : মুক্তিযুদ্ধের সাহিত্যের অগ্রণী কারিগর

পান্না কায়সার

তপন বাগচী তপন বাগচী

Published : 05 Aug 2023, 01:23 PM

Updated : 05 Aug 2023, 01:23 PM

সাহিত্যিক পান্না কায়সার (১৯৫০-২০২৩) শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী। সেই গৌরবময় পরিচয়ের কারণে নয়, তিনি শহীদুল্লা কায়সারের আদর্শকে ধারণ করে নিজের স্বকীয় সত্তা গড়ে তুলেছিলেন বলে তাঁকে মানুষ সমীহ করতো। আরও অনেক শহিদজায়া আছেন, তাঁদের সকলকেই আমরা শ্রদ্ধা করি। কিন্তু কেউ কেউ এই পরিচয়ের পর্যায় ছাপিয়ে নিজেকে সামনে তুলে ধরেছেন। যেমন বেগম মুশতারী শফি কিংবা শ্যামলী নাসরীন চৌধুরী সামাজিক দায়বদ্ধতার জায়গায় সক্রিয় হওয়ায় নিজেরাও সমাজে সম্মানিত হয়ে আছেন। পান্না কায়সারও ১৯৭১-এ আলবদর বাহিনির হাতে বুদ্ধিজীবী স্বামীকে হারিয়ে দুটি সন্তানকে নিয়ে জীবনসংগ্রাম চালিয়েও একজন শিক্ষাবিদ হিসেবে, সাহিত্যিক হিসেবে, সামাজিক সংগঠনের নেতা হিসেবে এবং জাতীয় সংসদের সদস্য হিসেবে নিজের যোগ্যতাকে প্রমাণ করেছেন।

সরকারি বদরুন্নেসা কলেজের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন তিনি। তাঁর বড় বোন ছিলেন খ্যাতিমান কবি খালেদা এদিব চৌধুরী।  সংগীতশিল্পী তানভীরুল হক প্রবাল ও সুমনা হকের মা তিনি। পান্না কায়সারের আরেক বোনা মায়া চৌধুরী ছিলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দৌজা চৌধুরীর স্ত্রী। বোঝাই যাচ্ছে যে তিনি বিশাল এক রাজনৈতিক সাংস্কৃতি পরিমণ্ডলের মধ্যে যাপন করেছেন। কিন্তু স্বামী, বোন, ভগ্নিপতিদের পরিচয় নিয়ে এগোতে হয়নি তাঁকে। নিজের পরিচয়ই তিনি গড়ে তুলেছিলেন।

স্বামী কমিউনিস্ট পার্টির  সদস্য ছিলেন। সেই সূত্রে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সংস্কৃতি সংসদ, উদীচী শিল্পী গোষ্ঠী এবং কেন্দ্রীয় খেলাঘর আসরের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। পরবর্তী কালে কবি রুবী রহমান, সাংবাদিক বেবী মওদুদ, কবি কাজী রোজীও সংসদ সদস্য হয়েছেন। শিক্ষার্থীজীবনে এঁরাও বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তি পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বলবান করতে এঁরা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছেন।

পান্না কায়সার রাজনীতির কর্মসূচিতে তেমন অংশগ্রহণ না করলেও সংসদে নিয়মিত ছিলেন এবং গঠনমূলক আলোচনায় অংশ নিয়েছেন। তবে যে কাজটি তিনি দায়িত্বের সঙ্গে পালন করেছেন তা হলো শিশুকিশোর সংগঠন ‘কেন্দ্রীয় খেলাঘর আসর’-এর চেয়ারম্যান হয়ে সারাদেশে ঘুরেছেন। খেলাঘর দ্বিধাবিভক্ত হলে তিনি একাংশের দায়িত্ব পালন করেন। তাঁর সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন প্রণয় সাহা। অধ্যাপক নিরঞ্জন অধিকারী সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। মূলত পান্না কায়সারের নেতৃত্বের গুণেই এই অংশই মূলধারা হিসেবে পরিগণিত হয়। বড় দুঃসময়ে তিনি এই দায়িত্ব পালন করতে এগিয়ে আসেন। এই সময় আমি খেলাঘর আসরের জাতীয় পরিষদের সদস্য হিসেবে অনেক সভায় অংশ নিয়েছি। তখন পান্না কায়সারের সান্নিধ্যে আসার সুযোগ পাই। বেশ কিছু কর্মশালা ও সাহিত্য বাসরেও দেখা হয় তাঁর সঙ্গে। ফরিদপুর জেলার সম্মেলনে তাঁর সঙ্গী হয়েছিলাম। একই গাড়িতে যাওয়া-আসার সুবাদে অনেক কথা হয়। তাঁর মতো গুণী মানুষের কাছে ঘেঁষতেই তো ভয় পেতাম। কিন্তু কাজের সুযোগে কাছে গিয়ে দেখি যে অত্যন্ত স্নেহপ্রবণ। তাঁর লেখা ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ (১৯৯১) যখন প্রকাশিত হয়, তখনই অনেকের নজরে আসে। এটি মূলত আত্মজৈবনিক রচনা। অথবা বলা যেতে পারে প্রত্যক্ষদর্শীর বয়ানে আমাদের গৌরবময় ইতিহাসের আখ্যান।

 তিনি পত্রিকায় প্রচুর কলাম লিখেছেন দেশের পক্ষে, প্রগতির পক্ষে, ধর্মান্ধতার বিপক্ষে। ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনেও তিনি সক্রিয় থেকেছেন। খেলাঘরের ব্যানারে তিনি রাজপথেও সামিল হয়েছেন বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে। তাঁর ‘মুক্তি’ (১৯৯২) উপন্যাসের প্রেক্ষাপট বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। ১৯৬৮ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত এই ভূখণ্ডের  রাজনৈতিক কালপঞ্জি পাওয়া যাবে উপন্যাসের মোড়কে। রাজনৈতিক বাস্তবতাকে উপন্যাসে রূপ দেওয়া খুব সহজ নয়। পান্না কায়সার সেই কাজটি সহজ করেই উপস্থাপন করেছেন। স্বাধীনতার পরে জাতির পিতাকে হত্যা, ক্যু, অপশাসন, সামরিক শাসন.হত্যা, গুম—সবই তো আমাদের চোখের সামনের উজ্জ্বল স্মৃতি। আমরা তো এই সময়েরই জাতক। তাই উপন্যাস পাঠে বুঝতে পারি যে কতটা বিশ্বস্তভাবে উপন্যাসের সেই সময়ের চিত্র এঁকেছেন।

তাঁর প্রতিটি উপন্যাসের কেন্দ্রেই থাকে দেশ। নিটোল প্রেমের কথা বলতে গিয়েও তিনি রাজনীতির কথা বলেন, দেশকে ভালবাসার মহিমা প্রচার করেন।  ‘সূর্যসাক্ষী’ উপন্যাসটির প্রেক্ষাপটও মুক্তিযুদ্ধ। ‘দাঁড়িয়ে আছ গানের ওপারে’ (১৯৯৪) উপন্যাসটি মূলত শহীদুল্লা কায়সারের জীবনভিত্তিক। তাঁর জন্ম, বেড়ে ওঠা, সাংবাদিকতা, রাজনীতি এবং আলবদরদের হাতে নির্মম মৃত্যু—এসবই উঠে এসেছে। ‘আমি ও আমার মুক্তিযুদ্ধ’ উপন্যাসটির নামে মনে হতে পারে এটি পান্না কায়সারের আত্মজীবনী। কিন্তু না, এটি একজন শহিদজায়ার জীবন বটে, কিন্তু সেই শহিদ ছিলেন চিকিৎসক।  তাঁকে ১৯৭১ সালের নভেম্বরে বাসা থেকে তুলে নেওয়া হয় এবং লাশ পাওয়া যায় ফকিরাপুলের ডোবায়। এই উপন্যাস বাস্তব কাহিনি হয়েও কল্পনাকে হার মানায়। কল্পনা আর বাস্তব মিলে এটি এক সফল রাজনৈতিক উপন্যাস হিসেবে পাঠযোগ্য গ্রন্থ হয়ে দাঁড়িয়েছে।

পান্না কায়সারের নীলিমায় নীল (১৯৯২), হৃদয়ে বাংলাদেশ (১৯৯৩), মানুষ (১৯৯৪), অন্য কোনখানে (১৯৯৪), তুমি কি কেবলি ছবি (১৯৯৪), রাসেলের যুদ্ধযাত্রা (১৯৯৪), আমি (১৯৯৪), না পান্না না চুনি (১৯৯৫), অন্য রকম ভালোবাসা (১৯৯৫), সুখ (১৯৯৫) প্রভৃতি গ্রন্থও পাঠকের স্পর্শধন্য হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় জারিত বলে তা নন্দিত হয়েছে। মুক্তিযুদ্ধকে সাহিত্যের সফল উপজীব্য করে তোলার কৃতিত্বের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও লাভ করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল সাহিত্যের ধারার পান্না কায়সার একজন অগ্রণী কারিগর।