২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাত

শরীর চিকন কিন্তু ভারীবুকের একজন নায়িকা সখীবৃন্দ নিয়ে বিভিন্ন কায়দায় নেচে চলেছে

ভাত

চিত্রকর্ম:

আতিদ তূর্য আতিদ তূর্য

Published : 22 Dec 2022, 05:44 PM

Updated : 22 Dec 2022, 05:44 PM

পনেরো-বিশ মিনিটের বেশি হলো বসে আছি। যখন এসেছিলাম তখন টাইমটা ঠিক খেয়াল করা হয়নি। আর এখন ইচ্ছে করছে না মোবাইলটা বের করে টাইম দেখতে। বসে আছি তেল চিটচিটে ফুলআঁকা মেরুন রঙের ময়লা চাদরের উপর। কোলবালিশটাকে স্বাভাবিকের চেয়েও বেশ ছোটো দেখাচ্ছে। পাশেই এককান নষ্ট ইয়ারফোন কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে হলুদ ওয়াড় বালিশের পাশে। অফিস না থাকায় আজ বেলা করে ঘুম থেকে ওঠা সম্ভব হয়েছে। ওঠার পর থেকেই মনটা কেন জানি ফুরফুরে লাগছে। তারপর গোসল সেরে বেশকিছু সময় আয়নার সামনে দাঁড়ানো গেলো। জুলফির কাছে কিছু চুল যে পেকে গেছে এটা আজই প্রথম চোখে পড়লো। এরপর প্রিয় চেকশার্টটা গায়ে চাপিয়ে সকাল-দুপুরের মিলিত খাবার শেষ করেই বেরিয়ে পড়েছি। বড়ো রাস্তায় উঠলে অনেকদিন পর এক স্কুলবন্ধুর সাথে দুর্ভাগ্যক্রমে দেখা হয়ে গেলো। স্মৃতির ঝাঁপি খুলবার আগেই হাসপাতালে রোগী দেখতে যাচ্ছি বলে ব্যস্ততার সাথে চলন্ত রিকসায় লাফিয়ে সে যাত্রায় বাঁচা। এখানে আসার আগে গলির দোকান থেকে দশটা বেনসন কিনেছি। অনেকদিন পর এতোগুলো বেনসন একসাথে কিনলাম। এটুকু সময়ের ভেতর পাঁচটা সিগারেট জ্বালানো শেষ। সচরাচর টানা সিগারেট খেতে পারি না। আগরবাতির মতো হাতেই জ্বলে-জ্বলে শেষ হয়ে যাচ্ছে একেকটা। মাঝেমধ্যে একটু ধোঁয়া ভেতরে নিলেও তেমন কোনো ফিল পাচ্ছি না। গলা শুকিয়ে যাচ্ছে, পানি খেতে পারলে হয়তো ভালো লাগতো। পায়ের অদূরেই হলুদ স্যাদলা জমা ফ্রেশের একটা বোতলে তলদেশে পানি আছে দেখা যায় কিন্তু খেতে খুব একটা ভরসা পাচ্ছি না। রুমটাকে একটু বেশিই ছোটো মনে হচ্ছে। একসাথে দুই জন হাত মেলে পাশাপাশি দাঁড়ালে নিশ্চিত দেওয়ালে হাত ঠেকে যাবে। ঘরের এককোনায় একটা ছোটো পানির ট্যাপ। শোয়ার ঘরে পানির ট্যাপের চল আজকাল কোথাও দেখা যায় না বললেই চলে।

এতো নিচুতে ট্যাপটা লাগানো যে, নিচে না বসলে ওটা ব্যবহার করা যাবে না। দরজার বামপাশেই পুরোনো একটা কাঠের আলনায় ঝুলছে সামান্য কিছু কাপড়। খাটের নিচ থেকে খানিকটা মাথা বের করে আছে একটা আদিকালের কালো ট্রাঙ্ক। ট্রাঙ্কের মুখে ঝুলছে বড়ো একটি তালা। ঠাওর করা যায় এর ভেতরে ব্যক্তিগত মূল্যবান জিনিস গচ্ছিত থাকে। একটু আগেই মধ্যবয়স্ক একজন মহিলা এসে বলে গেলো আরো কিছুক্ষণ অপেক্ষা করতে। সারাদিন নাকি অনেক ব্যস্ততা ছিলো, ভাত খাওয়ার সময়টুকু পর্যন্ত হয়নি। সান্ত্বনা হিসেবে টিভি অন করে হাতে রিমোট গুজে দিয়ে চলে গেলো। অনেকদিন বাদে চৌদ্দ ইঞ্চি টেলিভিশন দেখছি। খুঁজে খুঁজে হিন্দি গান হচ্ছে এমন এক চ্যানেলে গিয়ে থামলাম। শরীর চিকন কিন্তু ভারীবুকের একজন নায়িকা সখীবৃন্দ নিয়ে বিভিন্ন কায়দায় নেচে চলেছে। ক্যামেরাম্যান জুমশটে মণিমুক্তার মতো বুকের খাঁজ বের করে আনছে। রক্তে উষ্ণতা টের পাচ্ছি। হঠাৎ বাইরে থেকে মেয়েলি কণ্ঠের চিৎকার-চেঁচামেচি শুনতে পেলাম। বরাবরই ঝগড়া-ফ্যাসাদ দেখতে ভালো লাগে। গত পরশু অফিস থেকে ফেরার পথে দেখলাম দুটো রিক্সাওয়ালা সমানে একে অন্যের চোখেমুখে কিল-ঘুষি হাকাচ্ছে। আমিও অন্য সবার মতো গোল হয়ে দাঁড়িয়ে মারামারি উপভোগ করতে লেগে গেলাম। কোথা থেকে যেন এক বেরসিক রিক্সাওয়ালা এসে আনন্দটা মাঝপথেই মাটি করে দিলো। দরজার কাছে এগিয়ে গেলাম কৌতুহলে। এক অল্পবয়স্ক গোলগাল মুখের ফর্সা মেয়ে গালিগালাজের তুফান ছুটিয়ে দিচ্ছে রীতিমতো। ওড়না ছাড়া তাকে অনেকটা বোম্বের নায়িকাদের মতোই দেখায়। গালির বিষয়বস্তু ধরতে চেষ্টা করছি কিন্তু পারছি না। তরুণী মেয়েটির গালিবৃষ্টির জবাবে মধ্যবয়স্ক মহিলাটি এবার মাতমের সুরে কণ্ঠ সপ্ত আসমানে চড়িয়ে ফেললো। এমন পরিস্থিতিতে চারপাশে অনেক মেয়ে-মহিলা জড়ো হয়েছে। সবাই উৎসাহী দর্শক, কেউ থামাতে যাচ্ছে না। প্রায় হাতাহাতি হয়ে যাবে এমন অবস্থায় একজন রাশভারী স্বাস্থ্যবতী নারীকে ভিড় ঠেলে সামনে এগিয়ে আসতে দেখা গেলো। এবং কেউ কোনো কিছু বুঝে উঠবার আগেই অল্পবয়স্ক মেয়েটির গাল থেকে প্রচণ্ড শব্দ উৎপন্ন হলো। নিমিষেই সমস্ত কোলাহল থেমে গেলো। শান্ত-স্বাভাবিক ভঙ্গিতে যেন কিছুই হয়নি মেজাজে মেয়েটিকে হেঁটে নিচে নেমে যেতে দেখলাম। মনে হলো নিখুঁত স্ক্রিপ্টে সবাই যে যার অভিনয়টা করে যাচ্ছে। চড়কাণ্ডের পর থেকে এবার একটু ভয়ভয় লাগা শুরু হয়েছে। কয়েকবার মনে হয়েছে বেরিয়ে যাওয়াটাই বোধহয় সবচাইতে ভালো হবে। কিন্তু এদিকে পাদুটো মনে হচ্ছে ঠাণ্ডায় জমে গেছে। এভাবে আনুমানিক এক ঘণ্টার কাছাকাছি অতিবাহিত হওয়ার পর তার আসবার সময় হলো। যার জন্য এতো সময় অপেক্ষা করেছি তাকে দেখেই সঙ্গে সঙ্গে মনে হলো আরো কিছুক্ষণ অপেক্ষা করতে পারলেই বরং ভালো হতো। হার্টবিট ড্রামের মতো বাজছে। মনে হচ্ছে এই শব্দ ওর কানেও পৌঁছে যাবে। ছোটো একটি জানালা দিয়ে সামান্য যে আলো-হাওয়া আসছিলো তড়িত গতিতে সেটি বন্ধ হলো। টিভিটা চলতে থাকলো বোকা মানুষের মতোন। খানিক বাদে ওয়াক টানার বীভৎস শব্দে সম্বিৎ ফিরে পেলাম। সদ্য খাওয়া আলু-ফুলকপির ঝোলে মাখামাখি হয়ে আছে এক আদম।