২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাক্সলির ‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ কিংবা একটি সর্বগ্রাসী রাষ্ট্রপ্রকল্প

‘সোমা’ খেয়ে এই তাৎক্ষণিক তৃপ্তি এবং অবিরাম পলায়নবাদ সমাজকে আলফা শ্রেণির নিয়ন্ত্রণে রাখার মূল চাবিকাঠি।

মাজহার সরকার মাজহার সরকার

Published : 17 Jan 2024, 11:07 PM

Updated : 18 Jan 2024, 06:55 PM

২৫৪০ সাল। ‘ওয়ার্ল্ড স্টেট’ নামে একটি টোটালিটারিয়ান স্টেট বা সর্বগ্রাসী রাষ্ট্র শাসন করছে পুরো পৃথিবী, সেই ভবিষ্যতবাদী বিশ্বে কোন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের স্থান নেই। কয়েকজন ব্যক্তি নিয়ন্ত্রণ করছে সব। শাসনের সুবিধার্থে তারা তৈরি করেছেন সামন্তবাদী সমাজ, মানুষকে ভাগ করে নিয়েছেন ৫টি সামাজিক শ্রেণিতে- আলফা, বিটা, গামা, ডেল্টা ও এপসাইলন।

সমাজের একেবারে ওপর স্তরের নিয়ন্ত্রক হলেন আলফা (শাসক শ্রেণি)- এদের মধ্যে আছেন রাজনীতিবিদ, আমলা, বৈজ্ঞানিক এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বিটাতে (সেবক শ্রেণি) আছেন মধ্যবিত্তরা। আর গামা, ডেল্টা ও এপসাইলনে (শ্রমিক শ্রেণি) আছেন মিল-ফ্যাক্টরিতে খেটে খাওয়া শ্রমিক-মজদুরেরা।

এই বইয়ের মূলে রয়েছে ইউজেনিক্সের ভয়ঙ্কর ধারণা। প্রযুক্তিনির্ভর এই সমাজে এখন মানুষ জন্ম নেয় না, চাহিদা মেটাতে গণউৎপাদন করা হয়। জন্মের মুহূর্ত থেকেই মানুষের মগজ ধোলাই করা হয়। টেস্টটিউবের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী পাঁচ শ্রেণিতে সন্তান উৎপাদন করা হয়, যাকে বলা হয় ‘বোকানভস্কি প্রসেস’। তারপর ছোট্ট শিশুদের নানা পরিচর্যার মাধ্যমে সমাজপ্রভুদের চাহিদা অনুযায়ী নানা ক্যাটাগরিতে একই গড়নে বড় করে তোলা হয় (পডস্ন্যাপ টেকনিক)।

সমাজের একেবারে নিচের শ্রেণির লোকেদের ‘সোমা’ নামে মাদক খাইয়ে নিয়ন্ত্রণে রাখা হয়। এ আনন্দবর্ধক ওধুষের প্রভাবে কেউ কোন দুঃখ-যন্ত্রণা টের পায় না, সবাই হাসিখুশি থাকে। তবে আলফা ও বিটা ‘সোমা’ খেতে বাধ্য নয়, তারা খেতে পারে আবার না-ও পারে। কোথাও দাঙ্গা-হাঙ্গামা হলে পুলিশ এসে ‘সোমা’ বাষ্প ছুড়ে সবাইকে শান্ত করে। কতিপয় কর্তৃত্ববাদী আলফার মনমতো নিয়ন্ত্রিত, স্বকীয়তা হারানো, পরিবারহীন ও আবেগহীন যন্ত্রের মতো বেঁচে থাকে পৃথিবীর বাকি মানুষ।

ঘটনার শুরু সেন্ট্রাল লন্ডনে, একটি হ্যাচারিতে। হ্যাচারির অধ্যক্ষ আলফা শ্রেণির টমাস একদল শিক্ষার্থীকে হ্যাচারি ঘুরিয়ে দেখাচ্ছিলেন, সঙ্গে ছিলেন আলফা সহকারী হেনরি ফস্টার ও হ্যাচারি গবেষক লেনিনা ক্রাউন। সেখানে ‘বোকানভস্কি প্রসেস’ ও ‘পডস্ন্যাপ টেকনিক’ সম্পর্কে জানেন শিক্ষার্থীরা। শিশু-সংগ্রহশালায় তারা দেখতে পান ডেলটা শ্রেণির কিছু শিশুকে, যাদের বই ও ফুল ঘৃণা করতে শেখানো হয়। এই প্রক্রিয়া তাদের শান্ত ও অনুগত দাসে পরিণত করে। তারপর জানানো হয় ‘হিপনোপ্যাডিয়া’ পদ্ধতি সম্পর্কে, যেখানে নির্দিষ্ট একটি কক্ষে শিশুরা কেবলই ঘুমায়। আর তাদের কানের কাছে একটি কণ্ঠ ফিসফিস করে আলফাদের বানানো নীতিগুলো আওড়াতে থাকে। এছাড়া কিছু নেংটো শিশুকে দেখা যায় ‘সেন্ট্রোফিউগল বাম্বল পাপি’ নামে খেলায় মগ্ন।

একসময় সেখানে ‘ওয়ার্ল্ড স্টেটের’ অন্যতম প্রভাবশালী আলফা কালেক্টর মোস্তফা মন্ড আসেন। তিনি ‘স্যাভেজ রিজার্ভেশন’ নিয়ে তার সন্তুষ্টির কথা জানান। কারো কোন দুঃখ-কষ্ট নেই, কারণ এখানে মানুষের তিনটি প্রবৃত্তি নষ্ট করে দেওয়া হয়েছে- আবেগ (ইমোশন), বাসনা (ডিজায়ার) ও সম্পর্ক (রিলেশনশিপ)। উপন্যাসের নারী চরিত্র লেলিনা ক্রাউনের যৌন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়। আবার বারনার্ড মার্কস একজন আলফা শ্রেণির নাগরিক হলেও উচ্চতায় খাটো বলে হীনমন্যতায় ভোগে। অন্যদিকে হেলমহোপস ওয়াটসন কবি হতে চান, কিন্তু রাষ্ট্রে আবেগ নিষিদ্ধ বলে সে কবিতা লিখতে পারে না।

ইংরেজ লেখক ও দার্শনিক অ্যালডাস লিওনার্ড হাক্সলি (১৮৯৪-১৯৬৩) তার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দূরদর্শী বুদ্ধিজীবীদের একজন হিসেবে পরিচিত। তার ডিস্টোপিয়ান উপন্যাস ‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ উপন্যাসের সময় ধরা হয়েছে ‘এএফ ৬৩২’ (আফটার ফোর্ড)। অর্থাৎ এটি ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তা দেখিয়েছে। হেনরি ফোর্ড  ১৯০৮ সালে ‘টি মডেল কার’ আবিষ্কার করেন, তার পরের ৬৩২ বছর হিসাব করলে ২৫৪০ সালের পৃথিবীতেই পৌঁছাই আমরা।

‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ উপন্যাসটি হাক্সলি লিখেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে ১৯৩১ সালে, প্রকাশিত হয় ১৯৩২ সালে। তারপর এ বই নিয়ে নানা জিজ্ঞাসার জবাব দিতে লিখেন তার ‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড রিভিজিটেড’ (১৯৫৮) এবং তার শেষ উপন্যাস ‘আইল্যান্ড’ (১৯৬২)। ১৯৯৯ সালে ‘মডার্ন লাইব্রেরি’ বিংশ শতাব্দীর ইংরেজি ভাষার ‘১০০ সেরা উপন্যাসের’ তালিকায় ‘ব্রেভ নিউ ওয়ার্ল্ডকে’ পঞ্চম স্থান দেয়। এছাড়া বিবিসির ‘দ্য বিগ রিড’ জরিপে ৮৭তম স্থান পায় উপন্যাসটি।

হাক্সলির ‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ ও জর্জ অরওয়েলের ‘নাইনটিন এইটি ফোর’ উপন্যাসের একটি পার্থক্য হলো হাক্সলির উপন্যাসটিতে মানুষকে নিয়ন্ত্রণ করা হয় আনন্দ দিয়ে, আর অরওয়েলের উপন্যাসে মানুষকে নিয়ন্ত্রণ করা হয় দুঃখ দিয়ে। তবে দুই জায়গাতেই যেটা উপস্থিত সেটা হলো জনগণের ওপর শাসকের নজরদারি। ‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ প্রথম প্রকাশের পর হাক্সলির ভবিষ্যৎ-প্রকৃতি দেখে অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন, খুব কম সংখ্যকই এর দার্শনিক প্রভাব বুঝতে পেরেছিলেন। বিশ্বের অনেক স্কুল ও পাঠাগারে উপন্যাসটি নিষিদ্ধ ছিল। তবে এখন আধুনিক সময়কে বুঝতে ও উত্তর-উপনিবেশের তত্ত্বতালাশে এ উপন্যাসটি যেন একটি খোলা জানালা।

কতিপয়তন্ত্র ও তাদের শাসন জারি রাখতে প্রযুক্তির যথেচ্ছ ব্যবহার দিয়ে সমাজ নিয়ন্ত্রণের বর্তমান পরিণতি হাক্সলি ৯২ বছর আগেই দেখতে পেয়েছিলেন। এমন একটি সমাজের ভবিষ্যদ্‌বাণী তিনি করেছেন যেখানে ব্যক্তির অস্তিত্বকে দমন, যে কোন মূল্যে আনন্দ উদযাপন এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তথ্যের হেরফের করা হয়। চারপাশে তাকিয়ে দেখি, সামাজিক সুস্থ সংযুক্তি ছেড়ে মানুষেরা কীভাবে আলফা শ্রেণির সঙ্গে সম্পর্ক রাখাকেই নিরাপদ মনে করছে।  

আমাদের হাতে এখন এমন স্মার্ট ডিভাইস বা গেজেট রয়েছে যা আগে থেকেই আমাদের চাহিদা বুঝে ফেলে। অ্যালগরিদম আমাদের আচরণ-অভিব্যক্তির আভাস দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের অনুভূতিকে প্রভাবিত করে আলফার শাসনকেই দীর্ঘায়িত করে। জীবনের উপর ব্যক্তির নিয়ন্ত্রণ কমে যায়। আমাদের চিন্তাভাবনা ও মতামত এমন রূপ পায় যে আমরাই চিনতে ব্যর্থ হই। প্রযুক্তি হয়ে ওঠে অনির্বাচিত নির্ভরতা। আর তা আমাদের নিয়ে যাচ্ছে ভবিষ্যতের বৈজ্ঞানিক একনায়কতন্ত্রের দিকে, যেখানে আছে কেবল বর্ণবাদ (রেসিজম) ও নারীবিদ্বেষ (মিসোজিনি)।

সামাজিক যোগাযোগ মাধ্যমের সব ধরনের উপযোগিতা মেনে নিয়েই বলা হয়, সেখানে মাপসই হতে গিয়ে ব্যক্তি তার অনন্য পরিচয় হারিয়ে ফেলছে। সেখানে সে তার জীবনের এমন এক সংস্করণ উপস্থাপন করছে যা মানুষের মৌলিক প্রবণতার চেয়ে জনপ্রিয়তার মাপে সম্পাদিত। হাক্সলির উপন্যাসে মানুষকে যে কোন মূল্যে আনন্দের সন্ধান করতে এবং ব্যর্থতা এড়াতে বলা হচ্ছে। এটি ‘হেডোনিস্টিক ইউটিলিটারিজম’ কৃত্রিম সুখ তৈরি করে এবং প্রকৃত আনন্দ এবং ব্যক্তির বিকাশকে বাধা দেয়। ‘সোমা’ খেয়ে এই তাৎক্ষণিক তৃপ্তি এবং অবিরাম পলায়নবাদ সমাজকে আলফা শ্রেণির নিয়ন্ত্রণে রাখার মূল চাবিকাঠি।

নগদ আনন্দের সন্ধান এবং তাৎক্ষণিকভাবে অস্বস্তি দূর করার প্রবণতা আমাদের আধুনিক জীবনের অনুষঙ্গ হয়ে ওঠেছে। আমরা ঝটপট তৃপ্তির সংস্কৃতিতে বাস করছি, যেখানে সস্তা বিনোদন আর ভুয়া সংবাদের অবাধ উৎস আমাদের আঙুল থেকে মাত্র একটি ক্লিক দূরে, আমরা ক্রমশ সমাজ-বাস্তবতা থেকে দূরে হারিয়ে যাই। অভিজ্ঞতার সম্পূর্ণ পরিসরকে আলিঙ্গন করার ক্ষমতা হারাই। অনবরত সুখ তৈরি করি, তবু আনন্দে বেড়ে উঠতে পারি না।

উপন্যাসটিতে টুকে রাখার মতো কয়েকটি বাক্য- ‘শব্দ হতে পারে এক্স-রের মতো, যদি আপনি তার সঠিকভাবে ব্যবহার করেন। তখন সেগুলো যেকোনো কিছু ভেদ করে যাবে। যদি আপনি পড়েন, তাতে বিদ্ধ হবেন।’, ‘কেউ যদি অন্যদের চেয়ে আলাদা হয়, তাহলে সে নিঃসঙ্গ হতে বাধ্য।’, ‘কিন্তু আমি আরাম চাই না। আমি ঈশ্বর চাই, কবিতা চাই, সত্যিকার বিপদ চাই, মুক্তি চাই, কল্যাণ চাই। আমি পাপ চাই।’, ‘মানুষ বিশ্বাস করে কারণ তাকে বিশ্বাস করতে বাধ্য করা হয়।’ এবং ‘ব্যক্তির স্থিতি ছাড়া সামাজিক স্থিতিশীলতা অসম্ভব।’ ইত্যাদি। একসময় মনে হতো, ভবিষ্যৎ হবে জর্জ অরওয়েলের ‘নাইনটিন এইটি ফোর’ উপন্যাসের মতো, যেখানে কর্তৃত্ববাদী সরকার সব গণমাধ্যমে হস্তক্ষেপ করে জনগণকে সত্য সংবাদ জানা থেকে দূরে রাখবে। এখন মনে হয়, ভবিষ্যৎ (কিংবা বর্তমান) বরং ‘ব্রেভ নিউ ওয়ার্ল্ডের’ মতো, এমন একটি সময় যেখানে লোকেরা নিজেরাই মিথ্যার ভেতর আনন্দে মেতে থাকে, সরকার আর সংবাদ উৎসগুলোকে অবরুদ্ধ করার প্রয়োজন মনে করে না।

‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর মাধ্যমে বর্তমান সমাজকে বুঝতে পারা হতাশার কারণ নয়, বরং অগণন মানবস্রোতের প্রতি সচেতনতা ও কর্মের আহ্বান। হাক্সলি যেমন উপন্যাসের নামটা নিয়েছিলেন উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য টেমপেস্ট’ থেকে- ‘হাউ বিউটিয়াস দ্য ম্যানকাইন্ড ইজ! ও ব্রেভ নিউ ওয়ার্ল্ড, দেট হ্যাজ সাচ পিপল ইন ইট।’ বইটি ডিস্টোপিয়ান দৃষ্টিভঙ্গি হতে পারে, তবে এটি রাষ্ট্র এবং সামনে থাকা সম্ভাব্য ক্ষতি সম্পর্কে অমূল্য অন্তর্দৃষ্টি ফেলে। নতুন বিশ্বের জন্য এ বই সতর্কবার্তা ও পথিকৃৎ, উভয়ই।

তথ্যসূত্র

১. ব্রেভ নিউ ওয়ার্ল্ড, অ্যালডাস হাক্সলি, ভূমিকা: মার্গারেট অ্যাটউড ও ডেভিড ব্র্যাডশো,  ভিনটেজ ক্লাসিক বুকস

২. এভরিবডি ইজ হ্যাপি নাউ, মার্গারেট অ্যাটউড, দ্য গার্ডিয়ান, ১৭ নভেম্বর, ২০০৭