২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার চোখ দিয়ে তোমাকে লিখছি

আমার চোখ দিয়ে তোমাকে লিখছি

চিত্রকর্ম

কামালউদ্দিন নীলু কামালউদ্দিন নীলু

Published : 20 Aug 2022, 01:18 PM

Updated : 22 Aug 2022, 09:40 PM

এই যে কাজলি কাজরি কজ্জল বাঁশপাতুরি

শোনা হোক কথা আবারও একবার।

শরীর ভেঙে ভেঙে পড়ছে।

দুটো হাতই অসাড়।

চোখ দুটো নষ্ট।

নষ্ট, ঝাপসা, ঝাপসা,

ঝাপসা চোখ দিয়ে তোমাকে লিখছি,

নষ্ট চোখেই তোমাকে ছুঁয়ে ছুঁয়ে দেখছি।

তোমার আড়া বাঁধুনি শরীর,

কাপড় বোনার মাকু হয়ে,

দূরে, বহু দূরে, বরফের ফোঁটার মতো,

ঝুলে আছে, অলিন্দ নিলয় হয়ে,

জড়াজড়ি করে শুয়ে।

শুয়ে শুয়ে নষ্টামি

ফষ্টি, নষ্টি, ফষ্টি

ফাজলামি

এই আর কি।

তারপর ভেজাভেজি

তারপর...

তারপরও

ছুঁয়ে ছুঁয়ে,

ছুঁয়ে দেখা,

ছোঁয়াছুঁয়ির খেলা।

তোমার হাসি জোড়া সমান,

সমান তোমার ঢেউখেলানো চুল,

বিলি কাটতে কাটতে

সুড়সুড়ি দিতে দিতে

বলতে ইচ্ছে করে,

পারলে এইভাবে তুমি?

বলতে পারলে? পারলে তুমি?

তুমি তুমির, তু... চলে যায়, চলে যায় বহুদূরে,

বকেদের মতো ধবধবে সাদা চাদরের ভাঁজে ভাঁজে।

চলে যায় রুপালি রঙের ঘোড়ার পিঠে চড়ে।

Image

চিত্রকর্ম

ঠক ঠক ঠক ঠক

বন‍্য মাকুরের শব্দ সঙ্গে নিয়ে

সমতলভূমি পার হয়ে-

পাহাড়, সমুদ্র, নদী, জলাশয় পেরিয়ে

খুঁজছি খুঁজছি খোঁজাখুঁজি করছি,

ডাকছি-

কোথায় তুমি...

আমার সাদাটে ধূসর বকপাঁতি,

কত দূর, কত দূরে শুনি?

রুদ্ধস্রোত, স্রোতহীন নিঃস্রোতার মাঝে

শ‍্যাওলার ভেতর দিয়ে

একটি সূঁচের মতো কি জানি কি দেখি-

ওখানে আগুন জ্বলে

আর তাই আমি জল হয়ে গান করি-

শুদ্ধ মধ‍্যম, পঞ্চম, শুদ্ধ ধৈবত,

কোমল গান্ধার হয়ে ।

আকাশের তারারা তীরের ভেতরে সাঁতার কাটে।

অন্ধকার এখনও নদীর ঢেউয়ের ভেতরে

প্রেম প্রেম খেলা করে।

ক্ষয়ে যাওয়া ঝাপসা চোখ তাকে খোঁজে

কিন্তু কোথাও যে সে নেই,

নেই, নেই, কোথাও যে সে নেই।

আমার গান তার শ্রবণ স্পর্শ করতে

বাতাসে বাতাসে খুঁজছে

তারই কন্ঠস্বর।

তারই উজ্জ্বল শরীর।

তারই অসীম চোখ।

ক্ষয়ে যায়, ক্ষয়ে যায়

ভালোবাসা, ক্ষয়ে যায়,

তারপরেও অবিরাম মনে হয়,

হয়তো তাকে ভালোবাসি,

সেও আমাকে ভালোবাসে,

অথবা হয়তো কোনোটাই নয়।

হোক সেটা মিছে কথা,

তবুও তো গল্পটা ভালোলাগার

ভালোবাসাবাসি, এই আর কি।