২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

তসলিমা নাসরিনের ‘কবিতা’

আমি ভালোবাসাও লিখি। খুব গোপনে লিখি।

তসলিমা নাসরিন তসলিমা নাসরিন

Published : 22 Dec 2023, 10:40 PM

Updated : 22 Dec 2023, 10:51 PM

আমি কবিতা লিখি না, আমি  জীবন লিখি কাগজে।  

কবিতা লিখি না,  

পাহাড়ের  চুড়োয় দাঁড়ালে যে হাওয়া এসে শরীরে ধাক্কা খায়, সেটি লিখি।  

গভীর রাত্তিরে সমুদ্রের খুব কাছে  বসে থেকে যে হুহু শব্দ শুনি জলের কান্নার, সেটি লিখি।  

নদীর নিকটে  গিয়ে  মাছের, মাছরাঙাদের, মানুষের কোলাহল লিখি।  

আমি কবি নই, এক  পিপাসার্ত পথিক মাত্র।  

পৃথিবী ভ্রমণ করে করে ঘৃণার হিশ হিশ  লিখি,  

যুদ্ধ লিখি,  

লাশের স্তূপ থেকে   দুর্গন্ধ বেরোয়, সেটি লিখি।  

আমি ভালোবাসাও লিখি।  

খুব গোপনে লিখি।  

খুনোখুনিতে লোকেরা ব্যস্ত হয়ে গেলে লিখি।   

লিখে রাখি।  

কলম দোয়াত কিছু না পেলে আঙুলের রক্ত দিয়ে লিখি। তবু লিখি।  

যতদিন পথ আছে, পথের কাঁটাগুলো লিখে যাবো।  

দুঃখ কষ্ট লিখে যাবো,  

হাহাকার লিখে যাবো।  

মানুষের  ঈর্ষা আর ক্রোধের আওয়াজ  লিখে যাবো।  

অরণ্য পোড়ার আগুন লিখে যাবো।  

চড়ুইয়ের, চিতার, আর চিত্রল হরিণের উর্ধশ্বাস ছুটোছুটি লিখে যাবো।   

 সব খেলা শেষ হলে,  

সকলে ঘুমিয়ে গেলে,  

ভালোবাসা লিখে যাবো।