২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের রাজনীতি, রাজনীতির ফুটবল

প্রাণে প্রাণ মেলানোর এমনই মোহিনী শক্তি আছে ফুটবলের।

ফুটবলের রাজনীতি, রাজনীতির ফুটবল

আলোকচিত্র:

মোস্তাক শরীফ মোস্তাক শরীফ

Published : 13 Dec 2022, 03:21 PM

Updated : 19 Dec 2022, 06:59 PM

মরুরাজ্য কাতারে বিশ্ব ফুটবলের বহুলকাঙ্ক্ষিত আসরটি শুরু হবার পর থেকেই যেন চাবুকের ঘা খেয়ে জেগে উঠেছে বিশ্ব। পায়ে পায়ে এগিয়ে আসা মহামন্দা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, যুক্তরাষ্ট্র আর চীনের পারস্পরিক চোখ রাঙানি--সবকিছুকে একপাশে সরিয়ে বিশ্ব এখন মশগুল বিশ্বকাপে। যেন হঠাৎ আলোর ঝলকানি লেগে চিত্ত ঝলমল করে উঠেছে সবার। মানুষ কেবল স্রেফ টিভির পর্দায় খেলা উপভোগের মধ্যে আটকে থাকছে না। তর্কাতর্কির গণ্ডি ছাড়িয়ে হাতাহাতি, এমনকি রক্তারক্তিতেও মেতে উঠেছে অনেকে। প্রিয় দলের সমর্থনকে কেন্দ্র করে একাধিক মানুষের নিহত হবার ঘটনা ঘটেছে এই বঙ্গদেশেই।

ফুটবল বা মোটা দাগে বলি, খেলাধুলাকে নিয়ে এমন উন্মাদনা নতুন কিছু নয়। তরুণেরা সামরিক প্রশিক্ষণ বাদ দিয়ে খেলাধুলায় মেতে থাকত, এ কারণে মধ্যযুগের ইংল্যান্ডে সব খেলাই নিষিদ্ধ ছিল দীর্ঘদিন। ১৮৭১ সালে ফ্রান্স ও প্রুশিয়ার যুদ্ধে বিসমার্কের জার্মানির হাতে ফ্রান্সের পরাজয়ের পর আধুনিক অলিম্পিকের জনক ব্যারন পিয়েরে দ্য কুবার্তা ফরাসি তরুণদের খেলাধুলার চর্চা বাড়ানোর তাগিদ দেন। তাঁর যুক্তি ছিল, নিয়মিত খেলাধুলা সামরিক প্রস্তুতির বিকল্প হিসেবে কাজ করবে। ফুটবল ম্যাচের সময় তারস্বরে স্লোগান দেয়া, পতাকা নাড়ানো, প্রতিপক্ষকে দুয়োধ্বনি দেয়া, কখনও কখনও সরাসরি মারামারিতে জড়িয়ে পড়া--এ সবই যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সত্যি সত্যি যুদ্ধে জড়িয়ে পড়ার দৃষ্টান্তও আছে, যে কাণ্ডটি ঘটিয়েছিল প্রতিবেশী দুই দেশ হন্ডুরাস ও এল সালভাদর, ১৯৭০ বিশ্বকাপকে সামনে রেখে। খেলার মাঠে প্রায়ই প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের তিক্ত অতীত ছায়াপাত করে যায়; ২০০৪ সালে যা ঘটেছিল চীন ও জাপানের মধ্যে। সে বছর এশিয়া কাপের ফাইনালে এই দু’ দেশ মুখোমুখি হলে চীনের সমর্থকরা ত্রিশের দশকের জাপানি সেনাবাহিনীর পোশাক পরে আসে। কিছু চিনা দর্শক “তিন লক্ষ” লেখা ব্যানারও দোলান, যা ছিল ১৯৩৭ সালে জাপানি বাহিনীর হাতে নিহত চিনা নাগরিকের সংখ্যা।

সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য অনেক তিক্ততা থিতিয়েও আসে। তখন ফুটবলের যুদ্ধ সীমিত থাকে কেবলই মাঠে, গ্যালারিতেও তার আর ছায়া পড়ে না। এখন ফ্রান্স আর জার্মানির মধ্যে খেলা হলে না মাঠ না গ্যালারি, কোথাও ছায়াপাত করে না অতীতের তিক্ততা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিন যুগ পর ১৯৮২র বিশ্বকাপ সেমিফাইনালে দু দল যখন মুখোমুখি হলো, লড়াই সীমাবদ্ধ থাকল কেবল মাঠেই। খেলা শেষ, যুদ্ধও শেষ। শতবর্ষের তিক্ততা ভুলে এ কারণেই ২০০২ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে পেরেছিল জাপান আর দক্ষিণ কোরিয়া। বিশাল এ ক্রীড়াযজ্ঞের মাধ্যমে দু’ দেশের কূটনৈতিক সম্পর্কও জোরদার হয়েছিল। সে আসরে দক্ষিণ কোরিয়ার সাফল্যে হাততালি দিয়েছিল এমনকি চিরশত্রু উত্তর কোরিয়ার মানুষও। প্রাণে প্রাণ মেলানোর এমনই মোহিনী শক্তি আছে ফুটবলের। ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছিল পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে। দেশটি ২০০৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর জাতীয় ফুটবল দলের সদস্যরা বিবদমান দুই পক্ষের প্রতি আহ্বান জানায় অস্ত্র সমর্পণ করে আলোচনার টেবিলে বসার। হাইতির প্রেসিডেন্ট জাঁ বাট্রান্ড আরিস্টিড ২০০৪ সালে দ্বিতীয়বারের মতো অভ্যুত্থানের শিকার হয়ে ক্ষমতা হারালে ব্রাজিলের সেনাদের নেতৃত্বে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন হয় সেই দেশে। সে সময় ব্রাজিলের জাতীয় ফুটবল দলও নিজ দেশের শান্তিরক্ষীদের সাথে মিলে জাতিসংঘের দূত হিসেবে কাজ করেছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভীষণ তিক্ত সম্পর্কের পরও ১৯৯৮ বিশ্বকাপে দু’ দলের খেলোয়াড়দের পারস্পরিক বন্ধুসুলভ আচরণ সবার নজর কাড়ে। এবারের বিশ্বকাপেও তিক্ততার ছাপ ছিল না দু দলের খেলোয়াড়দের আচরণে। ফিফার সাবেক সভাপতি হোয়াও হাভেলাঞ্জ ইসরায়েলি আর ফিলিস্তিনিদের মধ্যে ফুটবল ম্যাচ আয়োজনের স্বপ্ন দেখেছিলেন। হয়তো ঠিকই একদিন ফুটবল খেলবে দুই দেশ।

Image

আলোকচিত্র:

কেবল বৈশ্বিক বা আঞ্চলিক রাজনীতিই নয়, সমাজে বিরাজমান গোষ্ঠী ও শ্রেণীদ্বন্দ্বও ছায়া ফেলে ফুটবলে। খেলাটির আধুনিক সংস্করণের জন্ম শিল্পবিপ্লব পরবর্তী ইংল্যান্ডে। শিল্প বিপ্লবের পর সামাজিক স্তরবিন্যাসে বড় ধরনের পরিবর্তন ঘটে। খেলাটির নিয়মকানুন যদিও ইংরেজ অভিজাত সমাজের হাতে তৈরি হয়, এর জনপ্রিয়তাকে ছড়িয়ে দেয় সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমিক শ্রেণি। ইউরোপের সবচেয়ে বড় কয়েকটি ফুটবল ক্লাব কারখানার শ্রমিকদের হাতে গড়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ববর্তী সময়ে ফ্যাসিবাদী সরকারগুলো শক্তিশালী ক্রীড়াদল গঠনের মাধ্যমে নিজেদের ক্ষমতার জানান দেয়ার চেষ্টা করে। জার্মানিতে হিটলার আর ইতালিতে মুসোলিনি তাই করেছিল। ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাব মোহনবাগান ১৯১১ সালে ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে দেয়। ভারতীয় কোনো দলের হাতে ইউরোপীয় কোনো দলের সেই প্রথম পরাজয়। ক্রমান্বয়ে বৃটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রতীকে পরিণত হয় মোহনবাগান। ১৯২০ সালের কথা। পূর্ববঙ্গের এক খেলোয়াড়কে দলে নেয়নি মোহনবাগান। এই ক্ষোভ থেকে মোহনবাগানের কয়েকজন কর্মকর্তা ও খেলোয়াড় মিলে তৈরি করেন ইস্ট বেঙ্গল ক্লাব। ভারতভাগের পর পূর্ব থেকে পশ্চিমে পাড়ি জমানো মানুষদের ঠিকানা হয়ে ওঠে এই ক্লাব। একইভাবে স্পেনে রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনার প্রতিদ্বন্দ্বিতার মূলে আছে দুটো ভিন্ন মতাদর্শ। রিয়েল মাদ্রিদ স্পেনীয় জাতীয়তাবাদের প্রতিনিধিত্ব করে, অন্যদিকে বার্সেলোনা করে কাতালান জাতীয়তাবাদের। রিয়াল মাদ্রিদের সঙ্গে স্পেনীয় একনায়ক ফ্রাংকোর সম্পর্ক ছিল গভীর। সে সময় সরকারের বৈমাত্রেয়সুলভ আচরণের শিকার হয় বার্সেলোনা, যা থেকে জন্ম নেয়া ক্লাবটির বিখ্যাত লক্ষ্য হয়ে ওঠে: “Més que un club”, ক্লাবের চেয়ে বেশি কিছু। একইভাবে আয়ারল্যান্ডের রোমান ক্যাথলিকদের সমর্থনপুষ্ট সেল্টিক আর প্রটেস্ট্যান্টদের সমর্থনপুষ্ট গ্লাসগো রেঞ্জার্স-এর মধ্যে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা এখনও চলমান। রেঞ্জার্সের ভক্তরা ব্রিটিশ রাজতন্ত্রের সমর্থক, অন্যদিকে সেল্টিকের ভক্তরা ব্রিটিশবিরোধী; তারা চায় দুই আয়ারল্যান্ডের মিলন। হয়তো এ কারণেই স্বাধীন ক্রোয়েশিয়ার প্রথম রাষ্ট্রপতি ফ্রাঞ্জো তুজম্যান বলেছিলেন, ‘যুদ্ধ যেভাবে একটি জাতির আত্মপরিচয় নির্ধারণ করে, ফুটবলও তাই।’

অতএব রাজনীতিকে ফুটবলের বাইরে বা ফুটবলকে রাজনীতির বাইরে রাখার কোনো প্রচেষ্টাই শেষমেষ সফল হবে না। ২০২০-২১ মৌসুমে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের খেলায় অনেক ক্লাবই যুক্তরাষ্ট্রে চলমান `ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে সমর্থন ব্যক্ত করে। ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা হাঁটু গেড়ে বর্ণবাদের প্রতিবাদ জানান। অনেক দর্শক এতে সমর্থন জানালেও কেউ কেউ দুয়োধ্বনি দেয়।

বামপন্থা এবং শ্রমিক আন্দোলনের সঙ্গে বিখ্যাত ইংলিশ ক্লাব লিভারপুলের সম্পর্ক অতি পুরনো। ক্লাবটির কিংবদন্তী ম্যানেজার উইলিয়াম শ্যাংকলি বলেছিলেন, ‘কিছু লোক আছে যারা বলে ফুটবল হচ্ছে বাঁচা-মরার সমান। একথা শুনলে খুব হতাশ লাগে। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, ফুটবল এর চেয়েও অনেক, অনেক বড় ব্যাপার!’

কথাটা খুব একটা ভুল বলেননি তিনি!

 সূত্র: পাসক্যাল বোনিফেসের ‘দ্য জিওপলিটিক্স অব ফুটবল’।