২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মা চলে যাচেছন, তাই মন খারাপ'

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের সমুদ্র সৈকত ও নদীর ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বন্দরনগরীর দুর্গোৎসব। তবে বিসর্জন পর্বে অনেকেরই মন ছিলো খারাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 03:33 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের সমুদ্র সৈকত ও নদীর ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বন্দরনগরীর দুর্গোৎসব। তবে বিসর্জন পর্বে অনেকেরই মন ছিলো খারাপ। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, দুর্গতিনাশিনী দেবী মর্ত্যলোক ছেড়ে হিমালয়ের কৈলাস সরোবরে স্বামীর বাড়িতে ফিরে যাচ্ছেন। রোববার দুপুর থেকেই শুরু হয় দেবী দুর্গার বিদায়ের আয়োজন। নগরীর প্রতিটি সড়কে বের হয় ট্রাক শোভাযাত্রা। উৎসবের সমাপ্তিতে ভক্তদের মনে বিষাদের ছায়া থাকলেও আনন্দ প্রকাশে কমতি ছিলো না। এর আগে সকালে বিজয়া দশমীর অঞ্জলি দেওয়ার মাধ্যমে এ বছরের মত শেষ হয় দেবীর আরাধনা। এরপর থেকে চলতে থাকে বিদায়ের প্রস্তুতি। নগরীর মণ্ডপে মণ্ডপে সব বয়সের নারীরা দুর্গাকে তেল-সিঁদুর পরিয়ে দেন। এরপর চোখের জলে বিদায়। পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনে আসা গৃহিনী সোমা বিশ্বাস (২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বছরের মতো মা চলে যাচ্ছেন। তাই একটু মন খারাপ। পরিবারের সবাই মিলে বিসর্জনে এসেছি তাই খুব ভালো লাগছে।" প্রতিবারের মত এবারো পতেঙ্গা সমুদ্র সৈকতে লাখো মানুষের ঢল নামে। দুপুর দুইটা থেকে শুরু হয় বিসর্জন। ঢাক, ঢোল, কাসা, ঘণ্টাসহ নানা বাদ্য বাজিয়ে আর 'জয় দুর্গা মায়ের জয়' ধ্বনি তুলে চলতে থাকে বিসর্জন। চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক নারায়ণ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিপূর্ণভাবে বিসর্জন শেষ হয়েছে। পতেঙ্গা সমুদ্র সৈকতে ১১০টি, কাট্টলী সমুদ্র সৈকতে ৩৫টি ও পাথরঘাটায় কর্ণফুলী নদীর গঙ্গাবাড়ি ঘাটে ১৫ টি প্রতিমা বির্সজন হয়। তিনি জানান, নগরীর বাইরে আনোয়ার পার্কি বিচে ৫০টি প্রতিমা বিসর্জন হয়। এছাড়া বিভিন্ন পুকুর ও দিঘিতে দেবী প্রতিমা বির্সজন দেয় ভক্তরা। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল থেকে রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। সব জায়গায় শান্তিপূর্ণভাবে পূজা শেষ হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএডি/এএনএস/এমআই/২১২৮ ঘ.