ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাড়ম্বরে বুধবার পালিত হচ্ছে বিদ্যাদেবী সরস্বতীর পূজা।
হিন্দু ধর্মমতে, সফেদ রাজহাঁসের পিঠে চেপে জ্ঞানের আলো ছড়াতে এক বছর পরপর পৃথিবীতে আসেন বাণী (বিদ্যা) দেবী সরস্বতী।
মঙ্গলবার মাঝরাতে প্রতিমা স্থাপনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
বুধবার সকালে ছিল অঞ্জলি, পূজা অর্চনা আর সন্ধ্যায় আরতি।
প্রতিবছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বিদ্যার জন্য বাণী দেবীর আরাধনা করে সনাতন বা হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। পূজা উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
শিক্ষার্থী ছাড়াও সব বয়সের মানুষই এতে কমবেশি অংশ নিয়ে থাকেন।
প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সাড়ম্বরে পালিত হচ্ছে সরস্বতী পূজা। জগন্নাথ হলের ছাত্ররা বিভাগভিত্তিক পূজামণ্ডপ স্থাপন করেছেন। বিদ্যাদেবীর অর্চনার পাশপাশি দিনভর বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
জগন্নাথ হল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রী হল, ইডেন কলেজ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুেেলাতে বিদ্যা দেবীর পূজা হচ্ছে। এছাড়া প্রতিবারের মতো ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।
বাংলাদেশ সচিবালয় পূজা উদ্যাপন ও কল্যাণ পরিষদের উদ্যোগে সচিবালয়ের পাশে মুক্তাঙ্গনে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী এ পূজার।
বুধবারের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৮টায় বাণী অর্চনা (পূজা শুরু), সকাল ৯টায় পুষ্পাঞ্জলি, সকাল ১১টায় প্রসাদ বিতরণ ও সন্ধ্যা সাড়ে ৬টায় আরতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জিএনএ/১৫৫০ ঘ.
bdnews24