পটুয়াখালী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর কুয়াকাটায় রোববার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের তিনদিনের রাশ উৎসব।
ভগবান শ্রী কৃষ্ণের রাশ লীলার স্মরণে ইহলোক ও পারলৌকিক শান্তির প্রত্যাশায় পূণ্যার্থীরা এ পূর্ণিমায় পূণ্যস্নান করেন।
কুয়াকাটা রাধা-কৃষ্ণ মন্দিরের পুরোহিত ব্রক্ষ্মচারী শ্রী শ্রী শিশির মহারাজ জানান, সনাতন ধর্মমতে রাধা-কৃষ্ণের লীলা'র পূর্ণিমা রাতে পূজা দিয়ে পূণ্যস্নান করলে আগের সব পাপ মোচন হয়।
মহারাজ আরও জানান, উৎসবের সারারাত কীর্তন, ভগবত পাঠ, ধমীয় আলোচনা ও নাটক শেষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাজার হাজার নারী-পূরুষ সাগরে পূণ্যস্নানে নামেন। এ সময় তারা বিশেষ প্রর্থনা করেন।
মুসলমান, বৌদ্ধ ও খৃস্টান ধর্মাবলম্বীরাও এ মেলায় অংশ নিয়ে থাকেন।
কলেজ শিক্ষক পারভিন হোসেন সিমা জানান, দীর্ঘদিন ধরে রাশ উৎসবে যোগ দিতে আসার ইচ্ছে ছিল তার। এবার বাবার সঙ্গে এসেছেন রাস উৎসবে যোগ দিতে।
কুয়াকাটার আদিবাসী উংচু রাখাইন জানান, রাশ মেলায় রাখাইন সম্প্রদায়ের যুবকরা ফানুষ ওড়ায়। এটি একটি রেওয়াজে পরিণত হয়েছে।
ওশান সিটি লিমিটেড ও গ্রামীণফোন এবারের রাশ উৎসবের স্পন্সর।
ওশান সিটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আলী আজম জানান, সামপ্রদায়িক সমপ্রীতির কারণে তারা এ আয়োজনে অংশীদার হচ্ছেন।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আবদুল মান্নান জানান, মেলায় শৃংখলা রক্ষায় পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনী পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৫ ঘ.
bdnews24