ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন আশা, সম্ভাবনা প্রাণের উচ্ছ্বাস নিয়ে এসেছে নতুন বছর বঙ্গাব্দ ১৪১৫। বছরের প্রথম দিনটিকে বরণ করে নিতে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী মেলা আর মঙ্গল শোভাযাত্রার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম কার্যালয় জানায়, প্রাণের টানে, নতুনের আবাহনে বর্ষ বরণের উৎসবে সকাল থেকে মেতে ওঠে চট্টগ্রামবাসী। চালসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ার কষ্ট নিয়েও ধনী-গরিব সবাই নতুন দিনের প্রত্যাশায় নতুন বছরকে বরণ করেছে।
সকাল থেকে নগরীর ডিসি হিল চত্বরে সম্মিলিত পহেলা বৈশাখের অনুষ্ঠানমালাকে ঘিরে এর আশে পাশের এলাকায় মানুষের ঢল নামে। বর্ণিল সাজে, নানা রঙের শাড়ি পাঞ্জাবি পড়ে আসা তরুণ-তরুণীদের ভিড় ডিসি হিল এলাকায় বর্ণিল আবহ তৈরি হয়। র্যাব-পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা মেনে নিয়ে লোকজন সুশৃঙ্খলভাবে দীর্ঘ লাইনে দাঁিড়য়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। কড়া রোদ উপেক্ষা করে শত শত নারী পুরুষের দীর্ঘ সারি নগরীর মোমিন রোড এবং অপরদিকে তুলসী ধাম পর্যন্ত দীর্ঘ হয়।
ডিসি হিলে বেড়াতে আসা চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী শামা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এমন দিনে ঘরে বসে থাকার কোন মানে হয় না। ছোট বেলা থেকেই ডিসি হিলে বর্ষবরণ উৎসবে আসতাম। আগে বাবার সঙ্গে আসতাম। এখন এসেছি বন্ধুদের সঙ্গে। এখানে এসে স্কুল কলেজের অনেক পুরনো বন্ধুদের সঙ্গেও দেখা হচ্ছে।"
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রসূন তালুকদার জানান, "মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে হিমশিম খেলেও উৎসবকে বরণ করতে যে কখনো ভোলে না ডিসি হিলে মানুষের ঢল তারই প্রমাণ।"
তিনি জানান, প্রতি বছর নববর্ষকে সামনে রেখে নতুন পাঞ্জাবি বা ফতুয়া কিনলেও এবার নিতে পারেননি। প্রতি মাসের খরচের হিসাব অনেক দীর্ঘ হচ্ছে। এ কারণেই এই কৃচ্ছ্বতা বলে তিনি উল্লেখ করেন।
ভোর ছয়টায় ডিসি হিলে আবৃত্তি ও যন্ত্র সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বর্ষ বরণ। এর পরপরই দলীয় সংগীত, আবৃত্তি ও দলীয় নৃত্য পরিবেশন করে নজরুল সংগীত শিল্পী সংস্থা, বোধন আবৃত্তি পরিষদ, স্কুল অব ফাইন আর্টস, কিডস কালচারাল ইন্সটিটিউট, স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স এবং জুম এসথেটিক কাউন্সিল। এছাড়া চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীরা একক সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।
এদিকে চট্টগ্রাম প্রেসক্লাবে নববর্ষ উপলক্ষে সকাল সাড়ে দশটায় সাংবাদিকদের সন্তানদের জন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দীন চৌধুরী এর উদ্বোধন করেন। এছাড়াও পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার বিকেলে বাওয়া স্কুল মাঠে কবি মোহাম্মদ রফিকের নববর্ষ আবাহনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষ বিদায় ও বরণ সম্মিলনের অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে চট্টগ্রামের চার গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী শাহীন সামাদ, অদিতি মহসীন, রাহাত আরা গীতি ও বাউল সুনীল কর্মকার।
এছাড়া পহেলা বৈশাখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। নববর্ষকে ঘিরে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন শপিং মল, বই ও খাবারের দোকানে দেওয়া হয়েছে বিশেষ ছাড়।
সিলেট প্রতিনিধি জানান, সোমবার ভোর সাড়ে ৬টায় 'আনন্দলোক' এর বর্ষবরণ অনুষ্ঠানের মাধ্যমে সিলেটে পহেলা বৈশাখের কর্মসূচি শুরু হয়। ভোরে নগরীর মীরের ময়দানে শ্রীহট্ট সংস্কৃতি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদক পাওয়া কবি দিলওয়ার।
সিলেট সিটি কর্পোরেশন বর্ষবরণ উপলক্ষে সোমবার শোভাযাত্রা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা আয়োজন করেছে। সকাল সাড়ে ১০টায় নগর ভবন থেকে শোভাযাত্রা বের হয়ে শহীদ মিনার, চৌহাট্টাসহ বিভিন্ন সড়ক ঘুরে নগরভবনে গিয়ে শেষ হয়। উদীচী শিল্পীগোষ্ঠীও নববর্ষ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে। তাদের কর্মসূচির মধ্যে আছে- সকাল ১০টায় শোভাযাত্রা, বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় গীতিআলেখ্য 'ইতিহাস কথা কও'। মিরাবাজারের সিলেট মডেল হাইস্কুলে অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী সুহাসিনী দাশ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে। সিলেট এমসি কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগও অনুষ্ঠান করেছে।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট বর্ষবরণ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে সকাল ১০টায়। একইস্থানে বিকেল ৩টা থেকে আয়োজন করা হয়েছে আবৃত্তি, নৃত্য, নাটক, সঙ্গীতানুষ্ঠান ও বাউলগানের। চারণ সাংস্কৃতিক কেন্দ্র সকাল ৮টা থেকে নগরীর ভোলানন্দ নৈশ বিদ্যালয় মাঠে বৈশাখী উৎসবের আয়োজন করেছে।
সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় ভোর ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়া উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ পুরোন আদালত প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাগেরহাটবাসী নতুন বছরকে বরণ করে নিয়েছে। সোমবার সকালে হাজার হাজার মানুষ বাগেরহাট স্টেডিয়ামে মিলিত হয়ে বাদ্য যন্ত্র বাজিয়ে ও গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য পালকি, দই ওয়ালা, পল্লীবধূসহ নানা ঢংয়ে সেজে শোভাযাত্রার সৌন্দর্য বৃদ্ধি করে। শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল হাতি। ছোট ছোট শিশু ও স্কুলের ছেলে মেয়েরা নানা রং বেরং এর নুতন পোষাক পরে স
bdnews24