ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রায়হানের বয়স ছয় বছর। বাবা, মা এবং দাদী নূরজাহান বেগমের সঙ্গে থাকে বগুড়ায়। সে সেরিব্রাল পলজিতে আক্রান্ত। দাদী নূরজাহান বেগম স্থানীয় একটি বেসরকারি সংস্থার সহায়তায় পাঁচ দিনের একটি ফিজিওথেরাপির কোর্স করেছেন। এখন তিনি নিজেই নাতিকে থেরাপি দিতে পারেন। থেরাপি দেওয়ার সময় রায়হানের সঙ্গে তার নানারকম ভাব বিনিময় হয়।
রায়হানের মতো ১৪জন প্রতিবন্ধীর নানা অন্তরঙ্গতা আর সক্ষমতার গল্প ল্যান্সের ভেতর দিয়ে দেখেছেন আলোকচিত্রী সুমন আহমেদ। 'এবিলিটি এন্ড ইনক্লুসন' শিরোনামে এরকম ৪৫টি আলোকচিত্র নিয়ে ধানমণ্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে বুধবার শুরু হয়েছে এক প্রদর্শনী।
আলোকচিত্রগুলো সম্পর্কে সুমন আহমেদ বলেন, "অসাধারণ যে মানুষগুলোর খুব কাছে আমি যেতে পেরেছিলাম তাদের না বলা কথা আর অভিজ্ঞতা আমি এ ছবিগুলোর মাধ্যমে বলার চেষ্টা করেছি। আমার আশা এসব আলোকচিত্র দর্শকদের চিন্তা চেতনায় এমন একটি পরিবর্তন নিয়ে আসবে যেখানে সীমাবদ্ধতার বদলে অসীম সম্ভাবনা এবং মানুষের মধ্যে বিদ্যমান বিচ্ছিন্নতার বদলে একত্রকরনের সংলাপের সূত্রপাত ঘটাবে।"
সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন হল এমন এক দিনে যে দিনটি বাক-শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী লেখক, প্রভাষক ও মানবাধিকার কর্মী হেলেন কেলারের ১২৭ তম জন্মদিন। প্রদর্শনীর উদ্বোধন করেন সমাজকল্যান মন্ত্রনালয়ের সচিব এম এ হাই হাওলাদার।
তিনি বলেন, "প্রতিবন্ধীরা কখনো বোঝা নয়। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। তাদের সাধারণ মানুষের মতোই গুরুত্ব দিতে হবে। তাদের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা আরো বাড়াতে হবে।"
সিডিডির নির্বাহী পরিচালক এএইচএম নোমান খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা ও সফলতার এ ধরনের উজ্জ্বল উপস্থাপন প্রতিবন্ধীদের প্রতি মনমানসিকতার পরিবর্তনে সাধারণ মানুষকে উৎসাহিত করবে এবং বাধামুক্ত ও একীভূত সমাজ গঠনে সহায়তা করবে।
আলোকচিত্রগুলোতে যাদের নিয়ে গল্প, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তারা ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার ডগলাস ফসকেট, ইউরোপীয় কমিশনের অস্থায়ী প্রধান চার্লস হুইটলি, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম এবং হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ব্লানডিন লে বরজোয়াস।
দৃষ্টি প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য প্রতিটি আলোকচিত্রের শিরোনাম ব্রেইল পদ্ধতিতে লেখা হয়েছে।
প্রদর্শনীটি চলবে সাত জুলাই পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে রোববার থেকে শুক্রবার বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমএইচবি/ ০১২৫ ঘ.
bdnews24