নজরুল জয়ন্তীতে নানা অনুষ্ঠান
নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকাসহ সারাদেশে।
মূল অনুষ্ঠান হবে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতিমিলনায়তনে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করবেন। নজরুল স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপক রফিকুল ইসলাম।
কেন্দ্রীয় গণগ্রন্থাগারে নজরুল ইনস্টিটিউট আয়োজন করেছে তিন সপ্তাহব্যাপী নজরুল বইমেলার। সেখানে শতকরা ৫০ ভাগ কমিশনে নজরুলের বই বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
নজরুল একাডেমীর চারদিনব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিন শুক্রবার বিকাল ৫টায় মগবাজারে একাডেমী ভবনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বিকেল ৫টায় কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা, সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।
গ্রন্থাগার মিলনায়তনে সন্ধ্যা সাতটায় সংবৃতা ‘বাজুক বীণা অগ্নিবীণা’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।
সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তেজগাঁয়ে নজরুল মেলার আয়োজন করেছে চ্যানেল আই।
স্বাধীনতা সংসদ বিকাল ৩টায় তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজন করেছে আলোচনা সভা, সঙ্গীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে কল্যাণপুরে।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করেছে।
ময়মনসিংহ ও ত্রিশালে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা।
বাংলা একাডেমী দিনটি উপলক্ষে রোববার বেলা ১১টায় একাডেমীর সেমিনার কক্ষে ‘নজরুল সাহিত্যে লোকজ উপাদান’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
